চট্টগ্রামে আ. লীগ কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী কায়েদে আজম বাচ্চুকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের লালদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কায়েদে আজম বাচ্চু লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কর্মী। লোহাগাড়া থানায় তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, নগরের কোতোয়ালী থানার লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের পরিকল্পনার খবর জানা যায়। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কায়েদে আজম বাচ্চুকে দলীয় কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, কায়েদে আজমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে।
এমআর/জেডএস