পর্তুগালে ‘বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগাল’এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ‘বাংলাদেশি ফ্যামিলিস ইন পর্তুগাল’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী নারী উদ্যোক্তা মাইন বিথীর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবটি প্রবাসীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিটি নেতা রানা তাসলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদসহ আরও অনেকে।
দিনব্যাপী এই আয়োজনে শিশুদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম। পাশাপাশি নারী ও পুরুষদের জন্য পৃথকভাবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করে। প্রতিটি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শামসুল হক, কাজী মইনুর ও গৌতম গুহসহ আমন্ত্রিত শিল্পীদের সুরেলা সংগীত পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। তাদের দরাজ কণ্ঠের গানে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
বিজ্ঞাপন
এই আয়োজন সফল করতে বিশেষ সহযোগিতা করেন বনি, রাফি, ফখরুল ও রেশমাসহ প্রবাসী কমিউনিটির একঝাঁক স্বেচ্ছাসেবী।
প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন আন্তরিক আয়োজনের মাধ্যমে একত্রিত হতে পেরে উপস্থিত সবাই সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
এমএন