হঠাৎ শ্রীলঙ্কার ‘ডাই-হার্ড ফ্যান’ বাংলাদেশিরা, স্টোরি দিলো লঙ্কান বোর্ড

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচে না থেকেও আছে বাংলাদেশ। কারণ টাইগারদের সুপার ফোরে যাওয়া বা টুর্নামেন্ট থেকে বিদায় হওয়া দুটোই নির্ভর করছে এই ম্যাচের ওপর। বাংলাদেশের সুপার ফোরে ওঠার ক্ষেত্রে সবচেয়ে সহজ সমীকরণ শ্রীলঙ্কার জয়। আর তাই আচমকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়ে গেছেন শ্রীলঙ্কার ‘ডাই-হার্ড ফ্যান।’
বিজ্ঞাপন
এশিয়া কাপের সুপার ফোরে ওঠার জন্য নিজেদের কাজটা যথাসম্ভব সম্পন্ন করেছে টাইগাররা। লিটন দাসদের চোখ এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। অভিন্ন অবস্থা বাংলাদেশের সমর্থকদেরও। ক্রিকেটে এমনিতে মাঠের লড়াইয়ে নতুন রাইভালরির জন্ম দিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুই দলের লড়াইকে ডাকা হয় ‘নাগিন ডার্বি’ নামে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই দলের সমর্থকদের মাঝে কথার লড়াই নিয়মিত ঘটনা। তবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের আগে সেই পরিস্থিতি সাময়িকভাবে হলেও পাল্টে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের অনেকে প্রকাশ্যে শ্রীলঙ্কাকে সমর্থন জানাচ্ছেন। এমনকি বড় একটি অংশ সরব হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজেও। সেখানে তারা প্রচুর লাইক কমেন্ট করছেন।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজে শেষ কিছু পোস্টের প্রায় সবগুলোতেই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। এমনকি সেটা এতটাই যে একটি পোস্টের কমেন্টের স্ক্রিনশট নিজেদের ‘স্টোরি’তে দিয়েছে তারা। যেখানে কমেন্ট করা সকলেই বাংলাদেশি। সবার মন্তব্য অনেকটা একই ঘরানার- শ্রীলঙ্কাকে ভালো খেলার আহ্বান।
বিজ্ঞাপন
গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। শ্রীলঙ্কারও ৪। তবে নেট রান রেট টাইগারদের চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে কোনোরকমে জেতার পর লঙ্কানদের কাছে বড় হার এতে প্রভাব ফেলেছে। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রান রেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনও ম্যাচ হারেনি, বাকি আছে আফগানদের বিপক্ষে লড়াই।
শ্রীলঙ্কার নেট রান রেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রান রেট +২.১৫০। বাংলাদেশের জন্য যে নেট রান রেট চিন্তার কারণ, সেটাই স্বস্তি দিচ্ছে আফগানদের। তবে তাদের সামনে পথটা সহজ নয়, সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে তাদের জিততেই হবে।

আফগানরা ন্যুনতম ব্যবধানে জিতলেই বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন শেষ হয়ে যাবে। যে কারণে আজকের (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যকার ম্যাচে নিশ্চিতভাবেই হাসারাঙ্গা-মেন্ডিসদের জয় চাইবে বাংলাদেশ। আবার শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে তাদেরও বিপদ আছে। এক্ষেত্রে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।
বিজ্ঞাপন
সুপার ফোরের সমীকরণ
বাংলাদেশের ক্ষেত্রে— শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। হারলে ব্যবধান হতে হবে অন্তত ৭১ রান কিংবা ৫৩ বল বাকি। তাহলে বাংলাদেশ ও আফগানরা পরের পর্বে যাবে।
শ্রীলঙ্কার ক্ষেত্রে— ৭১ রান (পরে ব্যাট করলে) কিংবা ৫৩ বলের (আগে ব্যাট করলে) কম ব্যবধানে হারলে সমস্যা নেই। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠবে।
আফগানিস্তানের ক্ষেত্রে— জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও নেট রান রেটের কারণে বাদ যাবে বাংলাদেশ।
এএল