হাইভোল্টেজ ম্যাচে ভারত নাকি পাকিস্তান এগিয়ে, যা বললেন এই স্পিনার

টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে আগামী রোববার। শ্রীলঙ্কাতে এদিন সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে লড়বে ভারত-পাকিস্তান। মাঠে নামার আগে অবশ্য দলটির স্পিনার বরুণ চক্রবর্তী আশাবাদী জয়ের ব্যাপারে।
এ প্রসঙ্গে বরুণ বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে নামলে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। আপনাকে বিশ্বাস করতেই হবে— আপনিই বিশ্বের সেরা দল। সেই বিশ্বাস নিয়েই খেলতে নামলে বড় মঞ্চে, বড় মুহূর্তে সেরাটা দেওয়া যায়।’
তিনি বলে গেলেন, ‘আমাদের স্পিন আক্রমণ খুবই শক্তিশালী, আর আমি মনে করি এই জায়গাতেই আমরা তাদের চেয়ে এগিয়ে। তারা টানা এই কন্ডিশনে খেলেছে, তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার দিক থেকে কিছুটা সুবিধা পেতেই পারে। তবে দল হিসেবে আমরা তাদের বিপক্ষে বরাবরই ভালো করেছি এবং এবারও আমরা দারুণভাবে প্রস্তুত।’
পরে নিজের বোলিং নিয়ে বরুণ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছন্দ খুঁজে নেওয়ার জন্য আলাদা করে কোনো সময় বা সুযোগ থাকে না। প্রথম বল থেকেই ছন্দে থাকতে হয়। অনেক দিন ধরেই আমি এ বিষয়টি নিয়ে কাজ করছি, কারণ আমি চাই না আমার প্রথম বলটি সহজ হয়ে যাক। বল এক থেকেই আমাকে সঠিক লাইন-লেন্থে থাকতে হবে।’
তিনি আরও যোগ করেন, ‘ব্যাটারদের প্রতিক্রিয়া জানানোর সময় কমিয়ে দিতে ভ্যারিয়েশনগুলো আরও দ্রুত করার ওপরেও কাজ করেছি। একই সঙ্গে ওভারস্পিন নিয়েও কাজ করেছি। ওভারস্পিন ঠিকভাবে বের হলে উইকেট থেকে বাড়তি গতি পাওয়া যায়, আর বল পিচে পড়ে দ্রুত স্কিড করে যায়।’
এসএইচ/এফএইচএম