বিজ্ঞাপন

‘সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক- কিন্তু ক্রিকেট বন্ধ না হোক’

অ+
অ-
‘সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক- কিন্তু ক্রিকেট বন্ধ না হোক’

প্রতিবছর ক্রিকেটারদের উপার্জনের বড় একটি অংশ আসে ঢাকা লিগ থেকে। তবে এবারের লিগ যথাসময়ে হচ্ছে না, আদৌ হবে কি না- সেটা নিয়েও আছে সংশয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে হতাশা প্রকাশ করছেন ক্রিকেটাররা। মূলত ঢাকার ক্রীড়া সংগঠক এবং বোর্ডের সঙ্গে সবশেষ নির্বাচন নিয়ে দ্বন্দ্ব।

বিজ্ঞাপন

এমন অবস্থার মধ্য দিয়েই এবার ঢাকা লিগ আয়োজনের পথে হাঁটতে চাচ্ছে বিসিবি। যে কারণে আগামী ৮ এপ্রিল ঢাকার সকল ক্লাবকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে সিসিডিএম। আজ শুক্রবার বিসিবি পরিচালক মোকছেদুল কামাল বাবু জানালেন লিগ আয়োজনের কথা।

বাবু বলেন, ‘বিসিবি তো চাচ্ছে যে প্রিমিয়ার লিগসহ সমস্ত লিগগুলোই হোক। আমরা কিন্তু চেষ্টাও করেছি প্রত্যেকটা ক্লাবের সাথে বসার জন্য এবং আমি আবারও বলব যে, ক্লাবগুলোকেও আমার দিক থেকে আহ্বান জানাব। সমালোচনা চলুক, প্রতিযোগিতা চলুক- কিন্তু ক্রিকেট বন্ধ না হোক।’

‘বিসিবির ওপরে, বোর্ডের ওপরে তাদের কোনো অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতেই পারে। কিন্তু সেটা খেলা বন্ধ করে না। খেলা চালু অবস্থাতেই কিন্তু সে অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি। চাইলে অনেক কিছুই হতে পারে। আমি আশাবাদী যে, আগের চাইতে এখন বোধহয় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে।’

বিজ্ঞাপন

বাবু আরো বলেন, ‘আমি আসলে যেটা খুব মনে প্রাণে চাই যে, প্রত্যেকটা ক্লাবই এখানে অংশগ্রহণ করুক। কারণ ক্লাবগুলো তো ক্রিকেটের বিরুদ্ধে না। আপনি যদি খেলতে না আসেন, তাহলে তো আসলে জোর নিয়ে আসা যায় না। আমার কাছে মনে হয় যে, এই প্রত্যেকটা লিগের ক্ষেত্রে বিসিবি খুবই আন্তরিক এবং এই লিগগুলো হোক সেটা আমরা চাই।’

এসএইচ/এমএমএম