ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতীয় ক্রিকেটারকে আইপিএলে খেলাবে না বেঙ্গালুরু

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিগায়ে দেখা যাবে না গত আসরের অন্যতম সেরা তারকা জশ দয়ালকে। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মো বোব্যাট। মূলত আইনি জটিলতা এবং ব্যক্তিগত সমস্যার কারণেই তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিজ্ঞাপন
জনমনে জশ দয়ালকে নিয়ে নানা গুঞ্জন থাকলেও তাকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি। মো বোব্যাট বলেন, ‘জশ বর্তমানে একটি ব্যক্তিগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তার পাশে আছি, আর সেজন্যই রিটেনশন তালিকায় তাকে রাখা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে দলের সাথে তার যোগ দেওয়াটা ফ্র্যাঞ্চাইজি বা তার জন্য মঙ্গলজনক হবে না।’
যেহেতু তিনি এখনও চুক্তিবদ্ধ, তাই আরসিবি তার পরিবর্তে এখনই কোনো বিকল্প খেলোয়াড় নিতে পারছে না।
মূলত এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ পাঁচ বছর শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ উঠেছে জশ দয়ালের বিরুদ্ধে। এই মামলায় এলাহাবাদ হাইকোর্ট তার গ্রেপ্তারের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। জয়পুরের পকসো আদালত গত ডিসেম্বরে তার আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। অভিযোগ রয়েছে, ২০২৫ আইপিএল চলাকালীন একটি হোটেলেও এই ধরনের ঘটনা ঘটেছিল।
বিজ্ঞাপন
২০২৫ সালে আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যশ দয়ালের বড় ভূমিকা ছিল। পুরো আসরে তিনি ১৩টি উইকেট নিয়েছিলেন। তার অনুপস্থিতিতে এখন জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া এবং নুয়ান থুসারাদের ওপর বাড়তি দায়িত্ব চাপবে।
এমএমএম/