জশ হ্যাজলউডের ওভার শেষ করেছিলেন তিনটি চার ও এক ছক্কায়, পরের ওভারে স্ট্রাইকে গিয়ে ভুবনেশ্বর কুমারকে দুটি ছক্কায় স্বাগত জানিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। একের পর এক সাহসী ইনিংসে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। এই মুহূর্তে তিনি চলতি আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক। আগের ম্যাচে জাসপ্রিত বুমরাহ’র তিন বলে দুটি ছক্কা হাঁকিয়ে বেশ শোরগোল ফেলেছিলেন। এবার রাজস্থান রয়্যালসকে জেতানোর ম্যাচে খেললেন ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস।
বিজ্ঞাপন
গতকাল (শুক্রবার) রাতে গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় রাজস্থান। আগে ব্যাট করতে নেমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোহলি-পাতিদাররা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান তোলে। অধিনায়ক পাতিদার ৪০ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৩, বিরাট কোহলি ১৬ বলে ৭টি চারে ৩২, ভেঙ্কটেশ আইয়ার ২৯ ও রোমারিও শেফার্ড ২২ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। সেই লক্ষ্য তাড়ায় ২ ওভার এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে রাজস্থান।
লক্ষ্য তাড়ায় নেমে বেশ ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল দ্রুত ফিরলেও, সূর্যবংশী-ধ্রুব জুরেল দলকে পেছনে ফিরতে দেননি। দুজনের জুটিতে আসে ১০৮ রান। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে রাজস্থান পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৯৭ রান তোলে। যা আইপিএলে তাদের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগেই ১৫ বলে ফিফটি পূর্ণ করেন সূর্যবংশী, চলতি আসরে তার করা দুটি ফিফটি এসেছে ১৫ বলে। একমাত্র ব্যাটার হিসেবে এত কম বলে দুটি হাফসেঞ্চুরি করলেন এই কিশোর, এ ছাড়া এটি ভারতীয় ব্যাটার হিসেবে যৌথভাবে আইপিএলের তৃতীয় দ্রুততম ফিফটি। জয়সওয়াল ১৩ এবং লোকেশ রাহুল ১৪ বলে ফিফটির রেকর্ড গড়েন।
— IndianPremierLeague (@IPL) April 10, 2026
বিজ্ঞাপন
আইপিএলে ২০ বলের কম খেলে তিনটি হাফসেঞ্চুরি আছে সূর্যবংশীর, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। সমান ৩টি হাফসেঞ্চুরি আছে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ট্রাভিস হেডের। তবে ২০ বলের কম ডেলিভারিতে ৪টি করে হাফসেঞ্চুরি করেন নিকোলাস পুরান ও অভিষেক শর্মা। মাত্র ৩৭ বলে ১০৮ রানের জুটি গড়ার পথে ১৭.৫১ গড়ে রান তুলেছেন সূর্যবংশী-জুরেল। যা ১০০–এর বেশি রানের জুটি গড়া ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। দলের জয়ের পথ অনেকটাই সহজ করে দিয়ে ফেরেন সূর্যবংশী। ২৬ বলে ৭৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৭ ছক্কায়।
এ ছাড়া জুরেল ৪৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮১ রানে অপরাজিত ছিলেন। সূর্যবংশী আউট হওয়ার পরপর রিয়ান পরাগ ও শিমরন হেটমায়ার ফেরায় রানের গতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও জয় পেতে অসুবিধা হয়নি রাজস্থানের। আসরে চার ম্যাচের সবকটিতে জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। ৩ ম্যাচের একটি হারের পর বেঙ্গালুরুর অবস্থান তিনে।
বিজ্ঞাপন
এদিকে, আইপিএলের চলতি আসরে সূর্যবংশী চার ম্যাচে যথাক্রমে ৫২, ৩১, ৩৯ ও ৭৮ রান করেছেন। ২৬৬ স্ট্রাইকরেট এবং ৫০ গড়ে ৪ ইনিংস শেষে তার রান ২০০। মজার বিষয় হচ্ছে– দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও তারই দল রাজস্থানের। সমান ইনিংস খেলে জয়সওয়াল ১৮৩ এবং জুরেল ১৭৬ রান করেছেন। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায়ও শীর্ষে রাজস্থানের রবি বিষ্ণয় (৪ ম্যাচে ৯ উইকেট)।
এএইচএস
