আচরণবিধি লঙ্ঘন করায় ওয়ার্ড বিএনপির সভাপতিকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝাঐল ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মমিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
উপজেলা প্রশাসন আচরণবিধি ভঙ্গের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, নির্বাচন আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭ (গ) অনুযায়ী তার বিরুদ্ধে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯ টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণার শেষ সময় ছিল।
নাজমুল হাসান/আরকে