ধানের শীষ ও দাঁড়িপাল্লা ছাড়া পর্যাপ্ত পোলিং এজেন্ট নেই অন্য প্রার্থীদের

সারাদেশসহ চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের কার্যক্রম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ৫১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এতে ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে তিনটি আসনেই ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীদের ছাড়া অন্যদের পর্যাপ্ত পোলিং এজেন্ট চোখে পড়েনি।
সরেজমিনে বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করে ও খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি ও জামায়াতের প্রার্থীদের এজেন্টরা কেন্দ্রে উপস্থিত থাকলেও ছোট দলগুলোর প্রার্থীদের পর্যাপ্ত পরিমাণে প্রতিনিধি খুঁজে পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের চকআলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে প্রতিটি প্রার্থীর ছয়জন করে পোলিং এজেন্ট থাকার কথা। সেই হিসেবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার ৬ জন পোলিং এজেন্ট আছে। আর একজন মাত্র পোলিং এজেন্ট আছে ট্রাক মার্কার। বাকি তারা ও হাতপাখা মার্কা প্রতীকের কোনো পোলিং এজেন্ট নেই এই কেন্দ্রে। এছাড়া একই আসনের বারঘরিয়া, জামাদারপাড়া, ঝিলিম ইউনিয়ন ও পৌর এলাকার আঙ্গারিয়াপাড়াসহ আরও বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেও একই চিত্র দেখা যায়।
এছাড়া খোঁজ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-১ ও ২ আসনেও একই চিত্রে বিষয়ে জানা গেছে।
অন্যদিকে, প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক দুর্বলতা বা পর্যাপ্ত জনবল না থাকায় তারা সব কেন্দ্রে পর্যাপ্ত এজেন্ট নিয়োগ করতে পারেননি।
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম বলেন, সাংগঠনিক দুর্বলতার কারণে পর্যাপ্ত পোলিং এজেন্ট দেওয়া সম্ভব হয়নি।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কোনো প্রার্থীর এজেন্ট উপস্থিত না থাকলে ভোটগ্রহণ প্রক্রিয়া আইন অনুযায়ী থেমে থাকে না, তবে প্রতিটি প্রার্থীর নিজ উদ্যোগে এজেন্ট নিশ্চিত করা নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক করে তোলে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ জানান, নির্বাচন কমিশন থেকে সব প্রার্থীর এজেন্ট নিশ্চিত করার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রত্যেক প্রার্থীকে তাদের পোলিং এজেন্ট নিয়োগের জন্য বারবার অনুরোধ জানিয়েছি। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, এজেন্ট নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট প্রার্থীর। যদি কোনো প্রার্থী সাংগঠনিক দুর্বলতা বা অন্য কোনো কারণে এজেন্ট না পাঠান, তবে সেখানে আমাদের করার কিছু নেই।
তিনি আরও বলেন, উৎসব মুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ চলছে। কোন আশঙ্ক্ষা নেই। আশা করি, ভালোভাবে ফলাফল প্রকাশ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব শেষ করতে পারব।
আশিক আলী/এসএইচএ