ঢাকা পোস্ট শিখিয়েছে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার গুরুত্ব

পাঁচ বছর পূর্ণ করে ষষ্ঠ বছরে পদার্পণ করলো দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে ফিরে তাকালে মনে পড়ে যায় অসংখ্য স্মৃতি, সংগ্রাম আর গর্বের মুহূর্ত। উদ্বোধনী যাত্রা থেকে শুরু করে প্রায় আড়াই বছর ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক হিসেবে ঢাকা পোস্টের সঙ্গে পথচলার সুযোগ হয়েছিল আমার। সেই সময়টুকু শুধু পেশাগত দায়িত্ব নয়, বরং এক আবেগঘন অধ্যায় হয়ে আছে জীবনের পাতায়।
শুরুর দিনগুলো ছিল ভীষণ চ্যালেঞ্জিং। নতুন একটি অনলাইন সংবাদমাধ্যম, নিজেকে প্রতিষ্ঠা করার লড়াই, পাঠকের আস্থা অর্জনের চেষ্টা, দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশনের চাপ—সব মিলিয়ে প্রতিটি দিন ছিল পরীক্ষার। তবুও ভেতরে ছিল এক অদম্য বিশ্বাস, আমরা পারব। সংবাদ মানেই দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই মাঠে নেমেছি প্রতিটি অ্যাসাইনমেন্টে। যারপরনাই আমাকে দেশসেরা প্রতিবেদকের স্বীকৃতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
ময়মনসিংহ অঞ্চলের নানা সমস্যা-সংকট ও সম্ভাবনা, রাজনৈতিক অঙ্গন, স্থানীয় নির্বাচন, উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক অসঙ্গতি, মানবিক গল্প—কত শত সংবাদ যে পাঠকের সামনে তুলে ধরেছি! কখনও গভীর রাতে দুর্ঘটনার খবর সংগ্রহে ছুটে যাওয়া, কখনও প্রখর রোদে সংবাদ কভার করা, আবার কখনও বৃষ্টিভেজা গ্রামে গিয়ে অসহায় মানুষের কথা শোনা—এসব অভিজ্ঞতা আমাকে আরও মানবিক করেছে, করেছে আরও দায়বদ্ধ।
বিশেষ করে বিভিন্ন নির্বাচন ঘিরে টানা কাজের অভিজ্ঞতা ছিল এক অন্যরকম অধ্যায়। নির্ঘুম রাত, লাইভ আপডেট, দ্রুত তথ্য যাচাই—সব মিলিয়ে সংবাদকর্মীর প্রকৃত পরীক্ষাই যেন ছিল সেটি। সেই সময় উপলব্ধি করেছি, একটি অনলাইন পোর্টালের শক্তি কতটা বিস্তৃত হতে পারে। মুহূর্তেই খবর পৌঁছে যায় হাজারো পাঠকের কাছে, এই দায়িত্ব যেমন বড়, তেমনি গর্বেরও।
ঢাকা পোস্টের সঙ্গে কাজ করতে গিয়ে পেয়েছি সহকর্মীদের অসাধারণ সহযোগিতা। সারাদেশ বিভাগের নির্দেশনা, নিউজরুমের টিমওয়ার্ক, ভিডিও বিভাগের দ্রুত সাপোর্ট—সব মিলিয়ে একটি সমন্বিত প্রচেষ্টার ফলেই প্রতিটি সংবাদ হয়ে উঠেছে পূর্ণাঙ্গ। এই প্রতিষ্ঠান আমাকে শিখিয়েছে পেশাদারিত্ব, সময়নিষ্ঠা এবং নিরপেক্ষতার গুরুত্ব।
সবচেয়ে বড় কথা, পাঠকের ভালোবাসাই ছিল আমাদের অনুপ্রেরণা। একটি প্রতিবেদন প্রকাশের পর যখন ইতিবাচক সাড়া মিলেছে, কিংবা কোনো অনুসন্ধানী সংবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে, তখন মনে হয়েছে আমাদের শ্রম সার্থক। সংবাদমাধ্যম কেবল তথ্য দেয় না, সমাজের আয়না হয়ে ওঠে। কখনও পরিবর্তনের সোপানও তৈরি করে।
আজ প্রিয় প্রতিষ্ঠানের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই প্রান্তে দাঁড়িয়ে গভীর কৃতজ্ঞতা জানাই ঢাকা পোস্ট পরিবারকে। আমার সাংবাদিকতা জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়ের সঙ্গী এই প্রতিষ্ঠান। গর্বের সঙ্গে বলতে পারি, উদ্বোধনী যাত্রার একজন সহযাত্রী ছিলাম আমি।
ঢাকা পোস্টের আগামী পথচলা হোক আরও শক্তিশালী, আরও নির্ভীক এবং আরও মানবিক। সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ ও মানুষের কথা বলুক আরও বহু বছর—এই প্রত্যাশাই রইলো।
এএমকে