রাজবাড়ী জেলা শহরের বড়পুল এলাকায় বসুন্ধরা সিনেমা হলের জমি সংলগ্ন সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের দখলে থাকা জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের কর্মকর্তারা সেখানে সাইনবোর্ড স্থাপন করে জমিটি নিজেদের দখলে নেয়।
জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ নম্বর দাগে ৬ শতাংশ ৫৪ লিংক এবং ১৫৬৬ নম্বর দাগে ৫ শতাংশ ১২ লিংকসহ মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে বেদখলে ছিল। অভিযোগ রয়েছে, সাবেক রেলমন্ত্রী, রাজবাড়ী-২ আসনের এমপি ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম রেলমন্ত্রী দায়িত্ব পালনকালে ওই জমি সংলগ্ন কিছু জমি ক্রয় করে জেলা পরিষদের জমিও বাউন্ডারি দেয়াল নির্মাণের মাধ্যমে দখলে নেন।
রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, জমিটি বেদখল অবস্থায় ছিল। জেলা পরিষদ সেটি উদ্ধার করে সাইনবোর্ডের মাধ্যমে দখলে নিয়েছে। তিনি আরও জানান, জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষ্যে উদ্ধারকৃত জমিতে দ্রুত একটি মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে স্থানীয় হরিতলা মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট স্বপন কুমার সোম জানান, বসুন্ধরা সিনেমা হল কর্তৃপক্ষ পূর্বে জেলা পরিষদের জমি লিজ নিয়ে ব্যবহার করত। পরবর্তীতে ওই জমি সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম ক্রয় করে জেলা পরিষদের জমিসহ একত্রে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দখলে রাখেন। তবে জেলা পরিষদ তাদের জমি পুনরুদ্ধার করেছে, যা একটি ইতিবাচক উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর সরকারি সম্পত্তি উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ
