বিজ্ঞাপন

ট্রলার থেকে ৬ হাজার ২০০ লিটার তেল জব্দ

অ+
অ-
ট্রলার থেকে ৬ হাজার ২০০ লিটার তেল জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলারের ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় সংশ্লিষ্ট ফিলিং স্টেশন মালিককে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরের দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলারে অভিযান চালিয়ে মোট ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে রয়েছে ৩ হাজার ২০০ লিটার ডিজেল এবং ৩ হাজার লিটার পেট্রোল।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদীক জানান, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল সংগ্রহ করে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশে রওনা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলারটি আটক করা হয় এবং সেখান থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও সরবরাহ বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে এ ঘটনায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের কোনো প্রতিনিধি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

এসএম আলমাস/এসএইচএ   

বিজ্ঞাপন