বিজ্ঞাপন

খেলার মাঠ থেকে বাড়ি ফেরা হলো না আরিফুলের

অ+
অ-
খেলার মাঠ থেকে বাড়ি ফেরা হলো না আরিফুলের

ঝিনাইদহে প্রাইভেটকারের ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার ছোট ভাই। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ভুটিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের ভুটিয়ারগাতি এলাকার আমিরুল মুন্সীর ৭ বছর বয়সী ছেলে আরিফুল এবং তার ৫ বছর বয়সী ছোট ভাই আবির ঝিনাইদহ বাস টার্মিনাল বাইপাস সড়কের পাশে খেলছিল। একপর্যায়ে তারা জাগরণী অফিসের সামনে দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় টার্মিনাল থেকে বাইপাসগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে আরিফুল মারা যায়। আহত আবির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় জানান, দুই শিশু একসঙ্গে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্রাট হোসেন/এসএইচএ