প্রায় ৩ কোটি বই এখনো পৌঁছায়নি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
প্রায় ৩ কোটি বই এখনো পৌঁছায়নি
রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত ইস্কাটন গার্ডেন উচ্চবিদ্যালয়। নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রথম দিন ১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে গিয়ে জানা গিয়েছিল, সপ্তম ও অষ্টম শ্রেণির কোনো পাঠ্যবই সেদিন আসেনি। শিক্ষাবর্ষ শুরুর ১১তম দিনে গতকাল রোববার বিদ্যালয়টিতে গিয়ে জানা গেল, সপ্তম শ্রেণির বাংলার দুটি বিষয়ে (প্রথম ও দ্বিতীয় পত্র—সপ্তবর্ণা ও আনন্দপাঠ) বই এসেছে। আর অষ্টম শ্রেণির এসেছে পাঁচ বিষয়ের বই। বাকি বই এখনো আসেনি। অবশ্য বিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক স্তরের সব শ্রেণির সব বই এবং ষষ্ঠ ও নবম শ্রেণির (হিসাববিজ্ঞান বাদে) সব বই পেয়েছে।
বিবিসি বাংলা
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভোটাররা
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নানা ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা। দেশের বিগত তিনটি জাতীয় নির্বাচন অনেকটা একতরফাভাবে হওয়ার পর এবারের নির্বাচন ও এর ফলাফল নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহলও দেখা যাচ্ছে।
নির্বাচনের আগে বিভিন্ন সংস্থা কিংবা রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে ভোটের মাঠের অবস্থা বোঝার জন্য অনেক ধরনের জরিপও পরিচালিত হচ্ছে।
কালের কণ্ঠ
৩০ হাজার কোটি টাকা কমছে উন্নয়ন বাজেট
দুই লাখ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদন পেতে যাচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল এডিপির আকার ছিল দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। এবার সর্বোচ্চ কাটছাঁট করা হয়েছে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে। এ ছাড়া শিক্ষা, পরিবহন, ধর্ম ও কৃষিতেও বড় কাটছাঁট করা হয়েছে।
কালবেলা
ভোটে বাধা মনে করলেই গ্রেপ্তার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র এক মাস বাকি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে এরই মধ্যে নড়েচড়ে বসেছে প্রশাসন। ভোটের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ততই নতুন কৌশলে হাঁটছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার অভিযানেও আসছে পরিবর্তন। এখন থেকে ধরে ধরে শুধু ‘ডেভিলদের’ (কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন) গ্রেপ্তার নয়, আসন্ন নির্বাচনে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা করতে পারে—এমন মনে হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের কৌশল নেওয়া হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে এ তথ্য মিলেছে।
কালের কণ্ঠ
সুষ্ঠু ভোটে এখনো অনেক চ্যালেঞ্জ
আর এক মাস পরেই ১২ ফেব্রুয়ারি বহু প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১০ দিন পরেই শুরু হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই নির্বাচন নিয়ে এখনো গুজব ছড়িয়ে সন্দেহ-সংশয় সৃষ্টির অপচেষ্টা হলেও নির্বাচন ঠেকানোর মতো প্রতিকূল তেমন কোনো পরিস্থিতি নেই। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫১টি দল অংশ নিচ্ছে।
সমকাল
অর্থনীতির প্রধান ঝুঁকি বিনিয়োগ-মন্দা
দেশের অর্থনীতি বর্তমানে বহুমাত্রিক ঝুঁকির মুখে রয়েছে। এসব ঝুঁকির মধ্যে সবচেয়ে বড় ও তাৎক্ষণিক ঝুঁকি হিসেবে বিনিয়োগ মন্দাকে চিহ্নিত করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, উচ্চ সুদহার, রাজনৈতিক অনিশ্চয়তা এবং নীতিগত অস্পষ্টতার কারণে দেশি ও বিদেশি বিনিয়োগ থমকে আছে। এ অবস্থায় নির্বাচন-পরবর্তী নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি।
কালের কণ্ঠ
ব্যাংকে ফিরল ৪২৭৪ কোটি টাকা
দীর্ঘদিন আতঙ্কে ব্যাংক থেকে তুলে নেওয়া টাকা আবার ফিরছে ব্যাংকিং ব্যবস্থায়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মানুষের হাতে থাকা নগদ টাকা কমেছে প্রায় চার হাজার ২৭৪ কোটি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ছিল দুই লাখ ৭৪ হাজার ৭২৪ কোটি, যা অক্টোবরে নেমে এসেছে দুই লাখ ৭০ হাজার ৪৪৯ কোটিতে। একই সময় ছাপানো টাকা বা রিজার্ভ মানিও কমেছে প্রায় সাত হাজার ৩০৯ কোটি টাকা।
আজকের পত্রিকা
প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। তবে মোট সংখ্যায় এই বয়সসীমার প্রার্থী আবার বেশি ইসলামী আন্দোলন বাংলাদেশের। সংখ্যার হিসাবে এরপর ক্রমান্বয়ে রয়েছে তরুণ নেতৃত্বাধীন দল গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। প্রার্থীদের একটি বড় অংশ বয়সে তরুণ হওয়ায় এবারের নির্বাচনে তারুণ্যের শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা।
বণিক বার্তা
দেশে বন্ধ হয়েছে ৮৮ লাখের বেশি সিম
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা দিতে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বাতিল করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে দেশের ৮৮ লাখেরও বেশি সিমকার্ড বন্ধ হয়েছে। আরো এক লাখ সিম মামলাসংক্রান্ত কারণে আটকে রয়েছে। এর প্রভাব পড়েছে মোবাইল ব্যবহারকারী ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে। কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে গ্রাহক। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিমের সংখ্যা পাঁচটিতে নামিয়ে আনা হলে এ খাতে আরো নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজকের পত্রিকা
‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট
রাজধানীর বায়ুদূষণরোধে সরকার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে উপজেলাটিতে সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুতের কার্যক্রম পরিচালনা বন্ধ ঘোষণা করেছে।
তবে সাভারে অনেক ইটভাটার মালিক এই আদেশ অমান্য করে ভাটার কার্যক্রম পরিচালনা করছেন। অনেকে আবার অভিযান ঠেকাতে আদালতের অনুমতি নিয়ে ইট পোড়াচ্ছে।
বণিক বার্তা
বিডায় দেশী-বিদেশী বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে ৫৮ শতাংশ
অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে-বিদেশে বিভিন্ন সেমিনার ও সামিট আয়োজনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ দেখা গেছে। এসব আয়োজনে বিনিয়োগকারীদের ভালো সাড়া পাওয়ার কথাও প্রচার করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। যদিও বাস্তবে এসবের প্রতিফলন দেখা যাচ্ছে না। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে দেশের বেসরকারি খাতে ৬৬ হাজার ৫৭ কোটি টাকার দেশী-বিদেশী বিনিয়োগ প্রস্তাব বিডায় নিবন্ধিত হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৫৮ শতাংশ কম। এ সময়ে প্রস্তাবিত প্রকল্পের সংখ্যাও কমেছে। বিশ্লেষকেরা বলছেন, রাতারাতি পরিস্থিতি বদলানোর উচ্চাশা না দেখিয়ে, নিজেদের ঢোল না পিটিয়ে বরং বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতাগুলো সমাধানে কাজ করাটা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হওয়া উচিত ছিল।
আজকের পত্রিকা
রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে। এর ফলে প্রতিদিন প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হয়ে কলেজে যাতায়াত করছেন। অতীতে এখানে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে।
বণিক বার্তা
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে সমন্বয়ের তাগিদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজকের পত্রিকা
বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা
কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
ইত্তেফাক
নির্বাচনের পর তিন কাজে মনোযোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস, মার্চে জাপান সফর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পর বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি কী করবেন—এ নিয়ে জনমনে নানা প্রশ্নের মধ্যেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
আজকের পত্রিকা
নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি
জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা। এসব প্রার্থীকে বিদ্রোহী বিবেচনা করে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কৌশল নিয়েছে দল। এই নীতিতে বিদ্রোহীদের নির্বাচন থেকে সরাতে আলোচনায় সমঝোতা ও সাংগঠনিক ব্যবস্থা দুই-ই চালু রাখা হয়েছে।
সমকাল
১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর
রাজধানীর কারওয়ান বাজার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে। বিদেশে পলাতক এক শীর্ষ সন্ত্রাসীর কাছ থেকে আসে হত্যার সংকেত। ১৫ লাখ টাকার চুক্তিতে হত্যা মিশনের দায়িত্ব নেন ওই সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগী মো. বিল্লাল। তার মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিল্লালসহ হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
যুগান্তর
গ্যাস না থাকলেও আইপিপি জরিমানার শর্তে
দেশে গেল ১০ বছর ধরে গ্যাসের উৎপাদন ও সরবরাহ সংকট প্রকট। এরপরও আওয়ামী লীগ আমলে ছয়টি কোম্পানিকে গ্যাসভিত্তিক বৃহৎ বেসরকারি বিদ্যুৎকেন্দ্র (আইপিপি) স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গ্যাস সরবরাহ করতে ব্যর্থ হলে রাষ্ট্রায়ত্ত গ্যাস বিতরণ কোম্পানিকে উলটো জরিমানার শর্ত রেখে এসব প্রতিষ্ঠানের সঙ্গে গ্যাস ক্রয় চুক্তি (জিপিএ) করা হয়েছে। তিতাসের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে একটি কোম্পানি থেকে জরিমানা আদায়ের জন্য তিতাসকে চিঠি দিয়েছে।
কালবেলা
নিয়োগ থেকে দৃষ্টি সরাতেই পরিকল্পিত শিক্ষক হেনস্তা?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বশেষ সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে শতাধিক নিয়োগের অনুমোদন দেওয়া হয়। সিন্ডিকেট সভার পরদিন এ নিয়োগ নিয়ে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়। নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন শিক্ষার্থীরা। একই দিন আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানকে টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন চাকসুর কয়েকজন নেতা। এর আগে তিনি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করলেও সিন্ডিকেট বিশাল নিয়োগের পরদিনই তাকে হেনস্তার পর টেনেহিঁচড়ে নেওয়ার পেছনে নিয়োগ থেকে সবার দৃষ্টি অন্যদিকে ফেরানোর পরিকল্পিত চেষ্টা কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এদিকে চবির সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে হেনস্তার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
বিবিসি বাংলা
ইরানের এবারের বিক্ষোভ কেন নজিরবিহীন
ইরানের সরকার বিরোধী আন্দোলন একটি নতুন পর্যায়ে পৌঁছেছে যা ইসলামি প্রজাতন্ত্রটির ৪৭ বছরের ইতিহাসে আগে কখনো হয়নি বলে মনে করছেন বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা।
দেশজুড়ে শহরগুলোতে মানুষ রাস্তায় নেমে আসার পর ইরানি কর্তৃপক্ষ দমন পীড়ন চালালে বিক্ষোভকারীদের সহযোগিতায় দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।