ক্রু ও লোকোমোটিভ সংকটে মাসে বন্ধ থাকছে প্রায় ৬০০ ট্রেন

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ইরান যুদ্ধ চায় না, তবে সম্পূর্ণ প্রস্তুত: ট্রাম্পের হুমকির জবাবে আরাগচি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া ইরান সরকার বলেছে, তারা ‘যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’। আজ শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা বলেন।
আব্বাস আরাগচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি মূলত ‘সন্ত্রাসীদের’ উসকে দিচ্ছে। তাঁর মতে, বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি করতে তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
বণিক বার্তা
ক্রু ও লোকোমোটিভ সংকটে মাসে বন্ধ থাকছে প্রায় ৬০০ ট্রেন
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে প্রতিদিন দেড় শতাধিক ট্রেন চলাচলের সূচি। তবে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, জনবল সংকট ও যান্ত্রিক অচলাবস্থার ফলে তৈরি হয়েছে ভয়াবহ সংকট। প্রয়োজনীয় সংখ্যক লোকোমোটিভ ও ট্রেন ক্রু (চালক, সহকারী চালক ও গার্ড) না থাকায় প্রতি মাসে গড়ে প্রায় ৬০০টি ট্রেন বাতিল বা আংশিক চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে যাত্রীসেবার পাশাপাশি রাজস্ব আয়েও বড় ধাক্কা খাচ্ছে রেলওয়ে।
প্রথম আলো
ভোটের নিরাপত্তায় রাজধানীতে থাকবে ২৫ হাজার পুলিশ
ঢাকা মহানগর এলাকার ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবেন ২৫ হাজার পুলিশ সদস্য। ঢাকার চারটি স্থানে ‘কট্রোল রুম’ বসিয়ে ভোটকেন্দ্রের নিরাপত্তা নজরদারি করা হবে। গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকবেন তিনজন পুলিশ সদস্য। সাধারণ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন দুজন পুলিশ সদস্য। পাশাপাশি একটি ভেন্যুতে একাধিক কেন্দ্র থাকলে সেখানে মোতায়েন থাকবেন পাঁচজন পুলিশ সদস্য। ভোটকেন্দ্রের নিরাপত্তায় থাকা প্রত্যেক পুলিশ সদস্যের সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকবে।
সমকাল
বিতর্কিত ৩ নির্বাচন আয়োজনে জড়িত প্রশাসন-পুলিশ-ইসি
আওয়ামী লীগকে ‘দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে’ বিতর্কিত তিন সংসদ নির্বাচন আয়োজনে প্রশাসন, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার একটি অংশ জড়িত বলে তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন’ এই প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, ভোট ডাকাতি যেন আর কখনও না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
প্রথম আলো
সুন্দরবনে হরিণ শিকারে পাতা হচ্ছে চার ধরনের ফাঁদ, বাঘের নতুন বিপদ
সুন্দরবনের ভেতরে হরিণ ধরতে চোরা শিকারিদের পাতা ফাঁদ বাঘের জন্য নতুন বিপদ হিসেবে আবির্ভূত হয়েছে। ৪ জানুয়ারি হরিণের ফাঁদে আটকে পড়া আহত একটি বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। এর আগে ২০১২ সালে এ রকম ফাঁদে আটকে পা হারিয়েছিল একটি বাঘ। ২০১৪ সালে ফাঁদ ছিঁড়ে বের হয়ে আসা আরেকটি বাঘ পরে মারা গিয়েছিল।
আজকের পত্রিকা
নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা, মাঠপর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে। সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ।
বিবিসি বাংলা
ইরানের সাথে ব্যবসা করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে যুক্ত দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপ ইরানে তিন সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আরো বাড়তি মাত্রা যোগ করবে।
এই শুল্ক "তাৎক্ষণিকভাবে কার্যকর" হবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানের সাথে 'ব্যবসা' বলতে কী বোঝানো হয়েছে, এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।
সমকাল
সাধারণ শিক্ষার্থীর নামে শিক্ষক হেনস্তাকারীরা শিবির-সম্পৃক্ত
‘আপনি নিজ যোগ্যতায় বসেননি, আপনাকে আমরা বসিয়েছি, আপনি আমাদের কথা শুনতে বাধ্য।’ ২০২৫ সালের ৪ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে তাঁর কক্ষে বসে এভাবেই শাসানো হয়। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর আরও কয়েকজন শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন। সর্বশেষ এক শিক্ষককে ধাওয়া করে ধরে নিয়ে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন চাকসু প্রতিনিধিরা। একের পর এক এসব ন্যক্কারজনক ঘটনা ঘটলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। এতে আতঙ্ক বিরাজ করছে শিক্ষকদের মাঝে।
ইত্তেফাক
নির্বাচনে জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পোস্টাল ব্যালট
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়-পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন পোস্টাল ব্যালটের নিবন্ধনকারী ভোটাররা। নানাভাবে রাজনৈতিক দলগুলো প্রবাসী ভোটারদের কাছে দ্বারস্থ হচ্ছেন। কেননা ইতিমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন।
সমকাল
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি বাড়াতে চায় সরকার
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। সেই আমদানি আরও বাড়ানোর পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, ট্রানজিট সুবিধা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি (পিটিএ) চূড়ান্ত করাসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আজ মঙ্গলবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হচ্ছে বাংলাদেশ ও নেপালের অষ্টম বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক। দুই দিনব্যাপী এ বৈঠক শেষ হবে আগামীকাল বুধবার। বাণিজ্য মন্ত্রণালয় ও বিদ্যুৎ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
যুগান্তর
প্রশাসনের হাতেই সর্বনাশ
আওয়ামী লীগকে ক্ষমতায় বহাল রাখতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের (তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সিদ্ধান্তে অভিনব পরিকল্পনায় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হয়েছিল। ওইসব নির্বাচন আয়োজনের সঙ্গী ছিল তৎকালীন তিন নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ এবং সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাংশ। তবে ওই সময়কার নির্বাচনব্যবস্থাকে ইসির কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। ওই সময় কমিশনের পরিবর্তে প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি। অর্থাৎ তিনটি নির্বাচনে সর্বনাশ হয়েছিল প্রশাসনের হাতেই। গত তিনটি নির্বাচনের অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
আজকের পত্রিকা
এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে।
কালের কণ্ঠ
বড় পতনে রপ্তানি খাত
রাজনৈতিক উত্তেজনা, ভোটের ডামাডোল, মব সন্ত্রাস আর নানা ইস্যুর আড়ালে নীরবে ডুবছে অর্থনীতির প্রাণ হিসেবে পরিচিত দেশের রপ্তানি খাত। পাঁচ মাস ধরে টানা এই খাতের আয় কমছে। কার্যাদেশ অন্য বছরের একই সময়ের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আগামী জুন মাস পর্যন্ত এই খাতের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কম বলে মনে করছেন তাঁরা।
বণিক বার্তা
অস্তিত্ব টেকানোর নামে ক্ষত বাড়াচ্ছে জনতা ব্যাংক
যেকোনো ব্যাংকের আয়ের প্রধান উৎস বিতরণকৃত ঋণের বিপরীতে আদায়কৃত সুদ। এ আয় দিয়েই ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ অন্যান্য ব্যয় মেটানো হয়। কিন্তু জনতা ব্যাংকের ক্ষেত্রে বিতরণকৃত ঋণ সম্পদ না হয়ে গলার ফাঁসে পরিণত হয়েছে। রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকের ৭০ শতাংশেরও বেশি ঋণ এখন খেলাপি। সদ্য শেষ হওয়া ২০২৫ সালে সুদ খাতে ৪ হাজার কোটি টাকারও বেশি লোকসান গুনেছে ব্যাংকটি। ফলে বছর শেষে জনতা ব্যাংকের পরিচালন লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯৮ কোটি টাকায়।
কালবেলা
নাফ নদে মাইন বিস্ফোরণে উড়ে গেল বাংলাদেশি জেলের পা
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে পা উড়ে গেছে মো. হানিফ (২৭) নামে এক যুবকের। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সীমান্তের হোয়াইক্যং এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হানিফ হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল গ্রামের ফজল করিমের ছেলে। এলাকার বাসিন্দারা জানান, সীমান্তের নাফ নদ-সংলগ্ন এলাকায় চিংড়ি ঘেরে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হন হানিফ। তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় চট্টগ্রামে। মাইন বিস্ফোরণের এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাফ নদে মাছ ধরাও বন্ধ রয়েছে।
কালের কণ্ঠ
১০ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি
দেশের আনাচে-কানাচে অবৈধ সিগারেটের রমরমা ব্যবসা চলছে। টং দোকান ছাড়িয়ে ফেরিওয়ালার কাছেও এসব সিগারেট পাওয়া যায়। ঘরে বসে সিগারেট পেতে আগ্রহীদের জন্য রয়েছে অনলাইনে অর্ডার দেওয়ার সুবিধাও। অনলাইনে ক্রমেই বাড়ছে সিগারেট বিক্রি।
প্রথম আলো
বিশ্বকাপ নিয়ে আইসিসির ‘থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ আসলে কী, কারা দেয় এই রিপোর্ট
ধানমন্ডি থেকে আপনি যাবেন মতিঝিলের এক অফিসে; কিন্তু আপনি বুঝতে পারছেন না যাওয়াটা ঠিক হবে কি না। শুনেছেন, মতিঝিলে কী একটা নিয়ে মারামারি হচ্ছে। সকালের বৃষ্টিতে জমা পানিও নাকি তখনো সরেনি শাপলা চত্বরের আশপাশ থেকে। রাস্তায় তীব্র যানজট।
ডয়চে ভেলে
ভোটের আগে সংখ্যালঘু হত্যা, সাম্প্রদায়িক বলতে চায় না সরকার
তবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, প্রতিটি নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুরা যেভাবে আক্রান্ত হন, এবারও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে৷ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রতি নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়৷ এবারও ব্যতিক্রম হচ্ছে না৷ ইতিমধ্যে আক্রমণ শুরু হয়ে গেছে৷ এখন এই পরিস্থিতিতে আমরা নির্ভয়ে, নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবো কিনা তা নিয়ে শঙ্কিত৷ সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে তাতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি৷ ফলে হামলাকারীরা এই সময়টাকে বেছে নিয়েছে৷ আমরা বারবার বলার পরও আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনো ভূমিকা রাখতে দেখা যাচ্ছে না৷ আমরা মনে করছি, পরিকল্পিতভাবে এই হামলাগুলো হচ্ছে৷’’
প্রথম আলো
জাপান গার্ডেন সিটিতে বিষ দিয়ে কুকুর-বিড়ালগুলোকে তাহলে মারল কে
২০২৪ সালের ২২ নভেম্বর রাত ৯টা; ঢাকার জাপান গার্ডেন সিটির বাসিন্দারা তাঁদের আঙিনায় হঠাৎ কয়েকটি কুকুর ও একটি বিড়ালকে যন্ত্রণায় দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখেন। রক্তবমি করতে করতে মানুষের চোখের সামনেই মারা যায় প্রাণীগুলো। খবর পেয়ে পুলিশ গিয়ে তিনটি কুকুর ও একটি বিড়ালের মৃতদেহ উদ্ধার করে আনে। ধারণা করা হচ্ছিল, বিষ প্রয়োগে প্রাণীগুলোকে হত্যা করা হয়। ময়নাতদন্তে বিষ প্রয়োগের আলামতও মেলে।