১৬ মাসে ১১৩ মাজারে হামলা, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
গুমের শিকার ব্যক্তিদের মুখে নির্যাতনের ভয়ংকর বর্ণনা
গুম কোনো একক দলীয় রাজনৈতিক বিষয় নয়, তা উল্লেখ করে উদাহরণ হিসেবে গুমের শিকার তিনজন ব্যক্তির নির্যাতনের বর্ণনা তুলে ধরা হয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে। কমিশন বলেছে, ছাত্র–জনতার অভ্যুত্থ্যানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এটা সবাইকে আক্রান্ত করেছে।
যুগান্তর
ভোটারদের মন জয়ে ইশতেহার
রাষ্ট্রকাঠামো মেরামতে ইতঃপূর্বে ঘোষিত ৩১ দফাসহ জনকল্যাণমুখী ইস্যুকে প্রাধান্য দিয়ে নির্বাচনি ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। নতুন ভাবনার মধ্যে ৫ আগস্টের গণ-অভ্যুত্থানপরবর্তী তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বিবেচনায় রেখে অগ্রসর হচ্ছে দলটি। দেশ গড়ার পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বিবিসি বাংলা
গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে?
জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে 'হ্যাঁ' ভোট দিতে জোরেশোরে প্রচারণা চালাতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সাথে গণভোটের ভোটগ্রহণও করা হবে।
প্রধান উপদেষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেইজে গণভোটের 'হ্যাঁ'- তে সিল দিন এ রকম একটি ফটোকার্ড শেয়ার করার পাশাপাশি ভিডিও চিত্রেও জনগণকে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানিয়ে বক্তব্য তুলে ধরা হয়েছে।
বণিক বার্তা
দাম সহনীয় না হলে রেস্তোরাঁ বন্ধের পরিকল্পনা, বিপাকে পড়ার শঙ্কায় ৩০ লাখ কর্মী
দেশে হোটেল ও রেস্তোরাঁর সংখ্যা ৪ লাখ ৩৬ হাজারের মতো। এর মধ্যে রেস্তোরাঁ রয়েছে ৬০ হাজারের অধিক, যার ৮০ শতাংশই এলপিজির ওপর নির্ভর করে ব্যবসা পরিচালনা করছে। তাই সাম্প্রতিক দেশব্যাপী এলপি গ্যাসের সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে এ খাতটি। গ্যাসের দাম সহনীয় পর্যায়ে না এলে রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন মালিকরা। আর সেটি হলে বিপাকে পড়বেন এ খাতে কর্মরত ৩০ লাখ কর্মী।
সমকাল
১৬ মাসে ১১৩ মাজারে হামলা, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে
ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গত ১৬ মাসে সারাদেশে অন্তত ১১৩টি মাজার ও এ সম্পর্কিত স্থাপনায় হামলা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান রাসা সেন্টার এ তথ্য জানিয়েছে। আরেক গবেষণা প্রতিষ্ঠান মাকাম ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা গেছে, এ দুই বিভাগের জেলাগুলোতে ১৬ মাসে অন্তত ৬৪টি মাজার, দরগাহ ও খানকায় হামলার ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে ঢাকা বিভাগের মাজার ও এ সম্পর্কিত স্থাপনায়। এ বিভাগের ৯ জেলায় ৩৭টি স্থাপনায় হামলা হয়েছে। এরপর রয়েছে চট্টগ্রাম। এ বিভাগের পাঁচ জেলায় ২৭টিতে হামলা-ভাঙচুর হয়েছে।
বণিক বার্তা
এনবিআরের শুল্ক কমানোর সিদ্ধান্ত কাজে আসবে কি
সাধারণ মানুষের নিত্য অনুষঙ্গ হয়ে ওঠা মোবাইল হ্যান্ডসেটের দাম নাগালের মধ্যে রাখতে আমদানীকৃত ফোনের ওপর শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে মোবাইল ফোন আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। অন্যদিকে স্থানীয় পর্যায়ে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর উপকরণ আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ শতাংশে।
প্রথম আলো
১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের ভিডিওগুলোর এখন কী হবে
শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে একটি প্রকল্পের অধীন নেওয়া প্রায় ১৫ হাজার বীর মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার বাতিল করে দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
সিদ্ধান্ত হয়েছে, এ কাজে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হবে না। সাক্ষাৎকারের এই ভিডিওগুলোও সংরক্ষণ করা হবে না।
বণিক বার্তা
দাম সহনীয় না হলে রেস্তোরাঁ বন্ধের পরিকল্পনা, বিপাকে পড়ার শঙ্কায় ৩০ লাখ কর্মী
দেশে সদ্য বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় এক মাস থেকে ১৭ বছর বয়সী ১ হাজার ৮ শিশু প্রাণ হারিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংগঠনটি নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সমকাল
শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট
ভোট শুরুর আগেই পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একটি বাসায় কয়েক ব্যক্তির কাছে অনেক ব্যালট পেপার দেখা গেছে। এ বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনে গিয়ে উদ্বেগ জানিয়ে এসেছে বিএনপি। দলটির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়েও আপত্তি জানানো হয়েছে।
বণিক বার্তা
নির্ভরতা কমানোর ডাক দিয়ে ভারত থেকে আমদানি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন ২০২৪ সালের ৫ আগস্ট। অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৮ তারিখ। সেপ্টেম্বরে ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ভারতে তার (শেখ হাসিনা) অবস্থানের কারণে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না।’ এরপর বিভিন্ন সময় সরকারসংশ্লিষ্ট অনেকেই বিভিন্ন ক্ষেত্রে ভারতনির্ভরতা কমিয়ে আনার কথা বলেন।
সমকাল
২৪ দিনেও সরকারের কেউ খোঁজ নেয়নি
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া সাংস্কৃতিক উপকরণ, নথিপত্রসহ ক্ষয়ক্ষতির চিত্র জনসমক্ষে প্রদর্শন করা হয়েছে গতকাল মঙ্গলবার। রাজধানীর তোপখানা সড়কে উদীচী কার্যালয়ের সামনে এই আয়োজনে সংগঠনটির ৫৭ বছরের কার্যক্রমের ইতিহাস তুলে ধরা হয়।
আগুনে পুড়ে যাওয়া বাদ্যযন্ত্র, নাটকের কস্টিউম, মঞ্চ সজ্জার প্রপস, ব্যানার, পোস্টার, বই, আলোকচিত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র দেখে দর্শনার্থীদের অনেকে বিমর্ষ হয়ে পড়েন। এসব উপকরণ উদীচীর দীর্ঘ সাংস্কৃতিক আন্দোলন, গণসংগীত, নাটক ও প্রগতিশীল চর্চার সাক্ষ্য বহন করে।
বণিক বার্তা
সরকারি আমানতে সরকারের সঙ্গে ব্যবসা করে রেকর্ড মুনাফা সোনালী ব্যাংকের
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বড় অংশের বেতন-ভাতা পরিশোধসহ সরকারের বিভিন্ন আর্থিক কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে। সরকারি বেশির ভাগ উন্নয়ন প্রকল্পের অর্থ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিলের বড় অংশও এ ব্যাংকে জমা থাকে। আবার সরকারি উদ্যোগে সিংহভাগ পণ্য আমদানিতেও থাকে মধ্যস্থতার ভূমিকায়। সরকারের এসব অর্থ ব্যবহারের মাধ্যমে মূলত সরকারের সঙ্গেই ব্যবসা করছে সোনালী ব্যাংক।
বিবিসি বাংলা
বগুড়াকে নিজেদের আদি দুর্গ দাবি জামায়াতের, ব্যালটে জবাব দিতে চায় বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও দেশের বিভিন্ন এলাকায় ভোটের আমেজ লক্ষ্য করা গেছে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত উত্তরের জেলা বগুড়ায় অনেকটা স্বস্তিতে আছে বিএনপি। তবে, জেলার সাতটি আসনের মধ্যে দুই থেকে তিনটি আসনে বিএনপির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে জামায়াতে ইসলামী।
জেলার সাতটি আসনের মধ্যে বগুড়ার সদর আসন থেকে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন। ওই আসনসহ সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী।
প্রথম আলো
ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসির অনুরোধেও অনড় বিসিবি
আইসিসির অনুরোধ সত্ত্বেও টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাশঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। আজ দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কালের কণ্ঠ
এক বছরে হামলায় আহত ৬০১ পুলিশ
দেশে ২০২৫ সালে পৃথক হামলার ঘটনায় ৬০১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। সেই হিসাবে প্রতি মাসে আহত হন ৫০ জন। প্রতিদিন একজনের (১.৭) বেশি হামলার শিকার হয়েছেন। মাঠ পর্যায়ে অপরাধ নিয়ন্ত্রণ, হত্যা মামলার আসামি গ্রেপ্তার, সামাজিক ও রাজনৈতিক বিরোধের পাশাপাশি চলমান ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে উচ্ছৃঙ্খল জনতার দলবদ্ধ হামলায় আহত হয়েছেন তাঁরা।
ইত্তেফাক
যৌথ বাহিনীর হেফাজতে বিএনপি নেতার মৃত্যু
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু (৫০) মারা গেছেন। আটকের পর নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকের পর অসুস্থ হয়ে শামসুজ্জামান ডাবলু মারা গেছেন বলে দাবি করা হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
কালের কণ্ঠ
গ্রাহকের স্বার্থ বিকিয়ে অপচয়ের ভবন বানাচ্ছে সিটি ব্যাংক
বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ বেশি দামে জমি কিনে সিটি ব্যাংকের সুউচ্চ ভবন বানানোর সিদ্ধান্তে বিপুল অপচয় ও দুর্নীতির গুঞ্জন উঠেছে। বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছে যে দ্বিগুণ বেশি দামে জমি কেনার কারণে ব্যাংকটির পুঁজিবাজারের বিনিয়োগকারী ও আমানতকারীদের স্বার্থ বিবেচনা করা হয়নি; বরং গ্রাহকের আমানত থেকে খরচ করার কারণে আমানতের ঝুঁকি বাড়বে। ব্যাংকের পরিচালন ব্যয় বাড়বে। এতে ব্যাংকের মুনাফার অংশ কমে যাবে।
দেশ রূপান্তর
ইশতেহারের অপেক্ষায় তরুণরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো তরুণ ভোটারদের পছন্দের দল হওয়ার জন্য পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের মন জয় করতে নানা পর্যালোচনা-গবেষণা অব্যাহত রেখেছে নির্বাচনী লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলো। সোয়া চার কোটি তরুণ ভোটারও তাকিয়ে আছেন রাজনৈতিক দলগুলোর ইশতেহারের দিকে। ইশতেহার দেখে তরুণ ভোটাররা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে। রাজনৈতিক দলগুলোর পুরনো ধ্যান-ধারণার আশ্বাস আর গ্রহণ করবে না তরুণ সমাজ।
কালের কণ্ঠ
সংকট উত্তরণে সবচেয়ে বড় প্রয়োজন সুষ্ঠু নির্বাচন
বাংলাদেশের চলমান রাজনৈতিক ও শাসন সংকট উত্তরণে সবচেয়ে বড় প্রয়োজন একটি সুষ্ঠু, কার্যকর ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। নির্বাচন সুষ্ঠু হলেও তা অর্থবহ না হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না এবং দেশ আবার পুরনো ধারাবাহিকতার গড্ডলিকাপ্রবাহে ফিরে যেতে পারে।
ডয়চে ভেলে
অন্তর্বর্তী সরকারের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে নিহত ৪৫
আর ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর পরবর্তী প্রায় চার মাসে নিহত হয়েছেন ১২ জন৷
আর সোমবার দিবাগত রাত ১২টার পর সেনা হেফাজতে থাকা অবস্থায় মারা যান চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু৷ ফলে সবমিলিয়ে অন্তর্বর্তী সরকারের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪৫ জন৷