পুলিশও নজরদারিতে

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
শেষ সময়ে যেনতেন শিক্ষা আইনের চেষ্টা
প্রায় দেড় বছর পর অন্তর্বর্তী সরকার মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে হঠাৎ করেই শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। মাধ্যমিক শিক্ষা সর্বজনীন করার জোর দাবি থাকলেও, প্রস্তাবিত আইনের খসড়ায় প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণিতেই সীমাবদ্ধ রেখে বাধ্যতামূলক করার কথা হয়েছে। এটি মূলত ১৯৯০ সালের বিদ্যমান আইনেরই পুনরাবৃত্তি, যা শিক্ষাব্যবস্থা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করবে।
বণিক বার্তা
দৃষ্টান্ত স্থাপন করেছে শ্রীলংকা কোন পথে বাংলাদেশ
গণ-অভ্যুত্থান-পরবর্তী শ্রীলংকা ছিল রাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক ক্ষত ও আস্থাহীনতার এক কঠিন পর্বে দাঁড়িয়ে থাকা দেশ। ২০২২ সালের ‘আরাগালায়া’ আন্দোলনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচন ছিল দেশটির জন্য অগ্নিপরীক্ষা। অর্থনৈতিক বিপর্যয়, সামাজিক ক্ষোভ ও পুরনো রাজনৈতিক অভিজাতদের প্রতি অনাস্থার মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রীলংকার নির্বাচন কমিশন গণ-অভ্যুত্থান-পরবর্তী গণতন্ত্রে ফেরার পরীক্ষায় দারুণভাবে সফল হয়েছে।
কালবেলা
৩০ লাখ পৃষ্ঠাজুড়ে পশুত্বের প্রমাণ!
যুক্তরাষ্ট্রের ধনকুবের যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইন-সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। যা উন্মোচন করার পর বিশ্বজুড়ে রীতিমতো হইচই পড়ে যায়। গত শুক্রবার বিচার বিভাগের প্রকাশ করা ৩০ লাখের বেশি পৃষ্ঠা পর্যালোচনায় দেখা গেছে, ২০০৮ সালে যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও এপস্টেইনের সঙ্গে বহু হলিউড তারকা, রাজনীতিক ও প্রভাবশালী ব্যবসায়ীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। নথিতে যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক, প্রিন্স অ্যান্ড্রু, বিল ক্লিনটন, রিচার্ড ব্র্যানসন, হাওয়ার্ড লুটনিকসহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তি। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী রাজনীতিক, রাজপুত্র, রাজকন্যার নামও রয়েছে এ কেলেঙ্গারিতে।
দেশ রূপান্তর
পুলিশও নজরদারিতে
দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। সরকার এবং নির্বাচন কমিশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢেলে সাজানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করতে পুলিশের অনুসন্ধান কাজ অব্যাহত থাকলেও তালিকা প্রায় চূড়ান্ত করে আনা হয়েছে। মোট কেন্দ্রের ৬৫ ভাগের মতোই ঝুঁকিপূর্ণ বলে পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে। তা ছাড়া দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নিয়েও পুলিশ আছে বিশাল দুশ্চিন্তায়। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ।
কালের কণ্ঠ
১৭ মাসে মাজারে ৯৭ হামলা, নিহত ৩ আহত ৪৬৮
সারা দেশে গত ১৭ মাসে মাজারে ৯৭টি হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয় ৪৬৮ ব্যক্তি। নিহত হয় অন্তত তিনজন। গতকাল সোমবার বিকেলে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সেন্টার ফর সুফি হেরিটেজের সমন্বয়ক মোহাম্মদ আবু সাঈদ।
সমকাল
ক্যান্সার হাসপাতালে ৪১% রোগী হয়রানির শিকার
দেশে ক্যান্সার চিকিৎসার প্রধান কেন্দ্র জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল (এনআইসিআরএইচ) বহু রোগীর জন্য ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে। সাম্প্রতিক এক সরকারি মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, চিকিৎসা নিতে গিয়ে ৪১ দশমিক ৩৫ শতাংশ রোগী হয়রানির শিকার হচ্ছেন। অ্যাম্বুলেন্স সেবা নিতে গিয়ে ৫৪ শতাংশ রোগী কর্মচারীদের দুর্ব্যবহারের অভিযোগ করেছেন। তীব্র ওষুধ সংকট, দীর্ঘদিন ধরে অচল থাকা অনেক মূল্যবান যন্ত্রপাতি এবং জনবল ঘাটতির কারণে হাসপাতালটির সেবার মান প্রশ্নবিদ্ধ।
বিবিসি বাংলা
নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভিডিও, কী করছে ইসি?
আসছে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনী প্রচারণায় এবার চোখে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যাপক ব্যবহার। এআই দিয়ে নির্মিত এসব কন্টেন্টে রাজনৈতিক দলগুলোর পক্ষে যেমন প্রচারণা চালানো হচ্ছে, তেমনি করা হচ্ছে প্রতিপক্ষকে আক্রমণও।
এআইয়ের ব্যাপক ব্যবহার শুরুর পর, বাংলাদেশে আয়োজিত হতে যাওয়া প্রথম নির্বাচনে এটি যে বড় একটি ফ্যাক্টর হতে যাচ্ছে, সে বিষয়ে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা।
সমকাল
নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ পড়াবেন কে? সংসদ সচিবালয় এর জন্য উপযুক্ত ব্যক্তির খোঁজে নেমেছে। তবে সংবিধান অনুযায়ী, আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা। অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন। তিনি এখনও পদত্যাগ করেননি।
প্রথম আলো
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন’ চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে যাচ্ছে। ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ চুক্তি সই হওয়ার কথা।
সরকারের বিদায়বেলায় চুক্তিটি করা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠার বড় কারণ, চুক্তির খসড়ায় কী আছে, তা কেউ জানে না। চুক্তির সবকিছু গোপন রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট বা এনডিএ সই করেছে বাংলাদেশ।
সমকাল
নির্বাচিত সরকারের সামনে রয়েছে বড় পাঁচ চ্যালেঞ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সামনে পাঁচটি প্রধান চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে সংস্কারের মাধ্যমে ভঙ্গুর প্রতিষ্ঠান মেরামত, কর্মসংস্থান তৈরি, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিরসন, উগ্রপন্থি গোষ্ঠীর উত্থান রোধ এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা মোকাবিলা করা। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যর্পণ এবং জলবায়ু সমস্যাও মোকাবিলা করতে হবে। ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘ক্রাইসিস গ্রুপ’-এর নিবন্ধে এসব তথ্য উঠে এসেছে।
বিবিসি বাংলা
বাণিজ্য চুক্তিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ভারত, মোদীর সঙ্গে ফোনালাপের পর জানালেন ট্রাম্প
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আসা পণ্যের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে।
ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন যে, ভারত বাণিজ্য বাধা শূন্যে নামিয়ে আনবে এবং রাশিয়ান তেল কেনাও বন্ধ করবে।
সমকাল
অত্যাবশ্যকীয় ওষুধ বেড়ে আড়াই গুণ, কমবে দাম
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাড়িয়েছে সরকার। আগে এ তালিকায় ছিল ১১৭টি ওষুধ, সেখানে এখন যুক্ত হয়েছে আরও ১৭৮টি। এ নিয়ে অত্যাবশ্যকীয় ওষুধের মোট সংখ্যা দাঁড়াল ২৯৫। এসব ওষুধ সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হবে। সরকারের ভাষ্য, এর ফলে ওষুধের দাম নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমবে। তবে এ সিদ্ধান্তের সঙ্গে একমত নন ওষুধ শিল্পের মালিকরা।
প্রথম আলো
এত কৌশলেও জয় পেল না আওয়ামী লীগ
বাংলাদেশের জন্য ২০০১ সালের ১৩ জুলাই ছিল একটি বিশেষ দিন। সেদিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ছিল উৎসবমুখর। রাত ৯টা ৩৫ মিনিটে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ যখন অধিবেশন শেষ হওয়ার বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনালেন, ইতিহাস তৈরি হয়েছিল ঠিক ওই মুহূর্তেই। বাংলাদেশের বয়স তখন ৩০ বছর। ওই ৩০ বছরে এর আগে আর কোনো সংসদই মেয়াদ পূর্ণ করতে পারেনি। সপ্তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ১৯৯৬ সালের ১৩ জুলাই। শেষ হয় ২০০১ সালের ১৩ জুলাই। শুরুর দিনে প্রধান বিরোধী দল বিএনপি ওয়াকআউট করেছিল। শেষের দিনেও উপস্থিত ছিল না।
সমকাল
রপ্তানি কনটেইনার জমেছে ৮৯০০, খালাস কম ৭০%
আসছে নির্বাচন ও রমজান। এমন গুরুত্বপূর্ণ সময়ে দেশের প্রধান সমুদ্রবন্দর চালু রাখা কঠিন হয়ে উঠেছে। চট্টগ্রাম বন্দরে চলছে কর্মবিরতি। কাঁচামাল বন্দরে এলেও তা সময়মতো খালাস করা যাচ্ছে না। পণ্যভর্তি রপ্তানি কনটেইনার নিয়ে বিপাকে পড়েছেন তৈরি পোশাক কারখানার মালিকরা।
কালের কণ্ঠ
অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতাই বেশি
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাফল্যের চেয়ে ঘাটতির পাল্লা ভারী বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ—টিআইবি। সংস্থাটি মনে করে, জুলাই আন্দোলন থেকে দেশের রাজনীতিবিদ ও আমলাতন্ত্র কোনো শিক্ষা গ্রহণ করেনি। ফলে দেশের সার্বিক সংস্কারপ্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব হয়নি। চব্বিশের ৫ আগস্ট-পরবর্তী সময়ে মব সন্ত্রাসের কারণে সহিংসতা বেড়েছে।
বণিক বার্তা
অন্তর্বর্তী সরকারের ঋণগ্রহণ ৪ লাখ কোটি টাকা ছাড়াতে পারে
অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর রাষ্ট্রীয় ব্যয়ে কৃচ্ছ্রসাধনের পাশাপাশি ঋণ নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও তাদের ১৮ মাসে অতীতের যেকোনো সময়ের তুলনায় ঋণগ্রহণ বেড়েছে। সব মিলিয়ে এ সময়ে সরকারের নেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার কোটি টাকায়। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (আগস্ট-জুন) ৩ লাখ ২৫ হাজার কোটি এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে প্রায় ৬৫ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে সরকার। ঋণ গ্রহণের এ ধারা অব্যাহত থাকলে অন্তর্বর্তী সরকারের সময়কালে নেয়া ঋণের পরিমাণ ৪ লাখ কোটি টাকা ছাড়াতে পারে।
কালের কণ্ঠ
সিকি কাজও হয়নি, দেড় গুণ ব্যয় বাড়াতে চায় আইসিটি
চার বছর আগে যাত্রা শুরু করা বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির (বিফট) প্রাথমিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কাজ হয়নি সিকি ভাগও, অথচ এই স্বল্প অগ্রগতির মধ্যেই প্রকল্পটির ব্যয় প্রায় দেড় গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বাস্তবে কাজ এগিয়েছে মাত্র ১৫ শতাংশ।
প্রকল্পটি বাস্তবায়ন করছে আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার ৮৯০ কোটি টাকা, যা বর্তমানে অনুমোদিত ব্যয়ের তুলনায় ১৫৩.৫ শতাংশ বেশি।
দেশ রূপান্তর
পিপিপিতে বিদেশিদের হাতে বন্দর!
সরকারি-বেসরকারি অংশীদারত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বিদেশিদের হাতে চলে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। আর এসব চুক্তি হচ্ছে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে। এর আগে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল, পতেঙ্গার লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানি এলেও এখন নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়েও আন্দোলনে নেমেছে শ্রমিক-কর্মচারীরা।
যুগান্তর
নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি আগামী শুক্রবার নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে। ইশতেহারে দলটির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডের মতো জনমুখী এবং জীবনঘনিষ্ঠ সেবার বিষয়গুলো বিশেষ জায়গা পাবে। এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসন বিকেন্দ্রীকরণ, মানবাধিকার রক্ষা, দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হবে। আলেম-ওলামা, সংখ্যালঘু, কৃষকের জন্য বিশেষ অগ্রাধিকারের প্রতিশ্রুতিও থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
আজকের পত্রিকা
নারীসমাজকে যেন কারও মুখাপেক্ষী না হতে হয়: তারেক রহমান
একটি রাজনৈতিক দল দেশের নারীদের অবমাননা ও অপমানিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর বিপরীতে নিজেদের দলের অবস্থান তুলে ধরে তিনি বলেছেন, ‘বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের কাছে, প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারীসমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, যাতে করে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। যাতে করে তারা নিজের পায়ে নিজেরাই দাঁড়িয়ে যেতে পারে।’
কালবেলা
দুশ্চিন্তা তাড়া করছে কর্মকর্তাদের
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আর মাত্র কয়েক দিন পরই। একই দিনে হবে জুলাই সনদ ইস্যুতে গণভোট। শেষ মুহূর্তে এসে এই দুই ভোটের ফল নিয়ে দুশ্চিন্তায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা, পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তারাও রয়েছেন নিজেদের পেশাগত ভাবমূর্তিতে কোনো দাগ না লাগিয়ে বিতর্কমুক্তভাবে সবকিছু সম্পন্নের প্রচেষ্টায়।
