ডেমরা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশ বলছে পারিবারিক কলহ

রাজধানীর ডেমরার বাশেরপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে মারিয়া আক্তার শ্রাবনী (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত মারিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ টোলা গ্রামের মৃত সুবেদ মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে ডেমরার ৪৩৬/১০ নং বাঁশেরপুল এলাকায় ভাড়া থাকতেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় বলেন, গতরাতে ডেমরার বাশেরপুল আমিনবাগের জনৈক আনোয়ারের বাসার দ্বিতীয় তলার শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আজ দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।
এসআই আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, ওই গৃহবধূ স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটিয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহতের খালা জাহানারা বেগম জানাবে, মারিয়া আমার একমাত্র ভাগ্নী। আড়াই বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তার স্বামী কোনো কাজকর্ম করত না। তাই স্বামীর সঙ্গে রাগ করে চার মাস আগে সে বাপের বাড়িতে চলে আসে। গতকাল স্বামী ইমনের সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় তার। এরপর কাউকে কিছু না বলে ঘরের দরজা বন্ধ করে রাখে। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি আমার ভাগ্নি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমরা বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানাই। আমার ভাগ্নির দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এসএএ/জেডএস