সরকার কঠোর, শ্রমিক-কর্মচারীরা ক্ষুব্ধ, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকারে দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতিসংক্রান্ত মোট ৫১টি বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতির উল্লেখ করেছে দলটি।
কালবেলা
ভোটে গেমচেঞ্জার নারী ও তরুণরা
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের বাকি আর মাত্র চার দিন। দীর্ঘ ১৭ বছর পর তুলনামূলক ভিন্ন এক পরিবেশে হতে যাওয়া এই নির্বাচন ঘিরে দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের জমজমাট প্রচার। শহর থেকে গ্রাম, সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। ঘুম নেই প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের, দিনরাত ভোটের মাঠে চলছে ছোটাছুটি। নানান কৌশলে চলছে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা। যদিও বিগত তিনটি জাতীয় নির্বাচনে ভোটাধিকার খর্ব হওয়ার বিস্তর অভিযোগের ভার কাঁধে নিয়ে এবারের ভোটের হিসাব নিয়ে দেখা দিয়েছে নানান সমীকরণ। বিশ্লেষকরা বলছেন, এবার তরুণ ও নারী ভোটাররাই ‘মূল ফ্যাক্টর’ হিসেবে আবির্ভূত হবেন। রেকর্ড সংখ্যক এই তরুণ ও নারী ভোটারকে আকৃষ্ট করার ওপরই নির্ভর করবে সফলতা।
আজকের পত্রিকা
বাংলাদেশে নিপাহ ভাইরাসে মৃত্যুর খবর নিশ্চিত করল ডব্লিউএইচও, সতর্কতা জারি
নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ জেলায় এক নারীর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই মৃত্যুর খবর নিশ্চিত করে গতকাল শুক্রবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। রাজশাহী বিভাগে এই নতুন সংক্রমণ শনাক্ত হওয়ার পর সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তবে স্বস্তির খবর হলো, সংস্থাটির মতে, এই রোগ বর্তমানে আন্তর্জাতিকভাবে মহামারির আকার ধারণ করার ঝুঁকি ‘নিম্ন’ পর্যায়ে রয়েছে।
দেশ রূপান্তর
এপারে নানা হিসাব, আগ্রহ ওপারেও
বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে ভারত। দক্ষিণ-পূর্ব সীমান্তে আছে মিয়ানমার। ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের সঙ্গে যাতায়াত, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক আদান-প্রদান বেশি। আবার নিরাপত্তার দিক থেকে ভারত ও মিয়ানমার দুই দেশের সঙ্গেই সম্পর্ক স্পর্শকাতর। সীমান্তের মানুষেরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয় ছাড়াও ক্ষমতায় পালাবদলের ওপর অনেকটা নির্ভর করছে সীমান্তের উভয় দিকে বিস্তৃত পারিবারিক সম্পর্ক রক্ষা করতে পারা, যাতায়াত ও জীবনযাপন সহজ করার সঙ্গে স¤পৃক্ত নানা বিষয়। এ কারণে এবারকার নির্বাচন নিয়ে এপারে বাংলাদেশের নাগরিক তো বটেই, ওপারের মানুষদের আগ্রহও কম নয়।
আজকের পত্রিকা
পর্যটন বন্ধ: জীবিকায় টান সেন্ট মার্টিনবাসীর
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা। বদলে যাওয়া এই পেশাই এখন তাঁদের জীবিকার সংকটে ফেলে দিয়েছে।
কালের কণ্ঠ
ডেঙ্গু কমলেও কিউলেক্সের দাপট
ডেঙ্গুর আতঙ্ক আপাতত কমলেও রাজধানীতে নতুন করে দাপট দেখাতে শুরু করেছে কিউলেক্স মশা। বিশেষজ্ঞরা বলেছেন, ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই মশার প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। অপরিকল্পিত ড্রেনেজ, নগরের নালা, ডোবা, জলাবদ্ধ এলাকা ও অপরিচ্ছন্ন পরিবেশ মিলিয়ে তৈরি হয়েছে এই মশা বিস্তারের অনুকূল পরিবেশ, যা জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
বণিক বার্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলার দায়িত্বে ২৭ হাজার নতুন মুখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্রসহ বিভিন্ন বাহিনীর প্রায় নয় লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া ২৭ হাজার ৬৩৭ জনও রয়েছেন। নতুন মুখ হিসেবে নির্বাচনী দায়িত্বে দেখা যাবে তাদের। তবে শতভাগ পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে না পারলে অতীতের মতোই আস্থাহীনতার পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিবিসি বাংলা
তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে
"আমরা একটা সুরক্ষিত বাংলাদেশ চাই। নারী পুরুষ জনগণ সবার জন্য ভাল চাই। জামায়াত আসুক, এনসিপি আসুক, স্বতন্ত্র কেউ হোক বা বিএনপি আসুক যেটাই হোক- আমাদের সবগুলো অধিকার যাতে পুরণ হয়।"
এই মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তারের। এবারই প্রথম জাতীয় নির্বাচনে ভোট দেবেন তিনি।
বণিক বার্তা
ড. ইউনূসের সরকার কি ভূরাজনৈতিক?
মাত্র পাঁচদিন পর জাতীয় নির্বাচন। ঠিক এ সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একের পর এক আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা স্মারকে সই করছে। যার মধ্যে রয়েছে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক চুক্তি সই। নির্বাচনের মাত্র তিনদিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্কসংক্রান্ত বাণিজ্য চুক্তিও সই করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বন্দরসংশ্লিষ্টদের আপত্তি ও বাধা উপেক্ষা করে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেয়ার প্রক্রিয়াও অনেকখানি এগিয়েছে।
বিবিসি বাংলা
বিদেশে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?
"সব ধরনের কাগজপত্র যাচাই করেই ভিসার জন্য জমা দিয়েছিলাম, কিন্তু আমার আবেদন রিজেক্ট (বাতিল করা) হয়েছে। কেন এমন হলো এ বিষয়ে কোনো ব্যাখ্যাও আমি পাইনি"।
বিবিসি বাংলাকে এভাবেই বলছিলেন শিক্ষার্থী ভিসায় অষ্ট্রেলিয়া যেতে ইচ্ছুক ঝিনাইদহের বাসিন্দা মোহাম্মদ মাজহারুল ইসলাম। দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও শেষমেষ ভিসা জটিলতায় যেতে পারেননি তিনি।
বণিক বার্তা
অন্তর্বর্তী আমলেও বাংলাদেশের জিডিপির পরিসংখ্যান ‘সি’ গ্রেডের
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ও সামষ্টিক অর্থনীতির যে ‘উন্নয়ন তকমা’ গত এক দশকে বিশ্বজুড়ে প্রচারিত হয়েছে, তার ভিত্তি নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির ২০২৬ সালের জানুয়ারির সর্বশেষ ‘ডেটা অ্যাডিকুয়েসি অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় আয় (ন্যাশনাল অ্যাকাউন্টস) বা জিডিপি-সংক্রান্ত পরিসংখ্যানকে ‘সি’ রেটিং দেয়া হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি, সরকারি আর্থিক পরিসংখ্যান, আমদানি-রফতানির পরিসংখ্যান এবং আর্থিক ও মুদ্রানীতিসংক্রান্ত তথ্যের ক্ষেত্রেও দুর্বলতা খুঁজে পেয়েছে সংস্থাটি।
প্রথম আলো
‘রাতের ভোটের’ সেই নির্বাচন
অভিধানে শুধু ভোট শব্দটিই আছে। কিন্তু চাইলে আরও একটি শব্দ অভিধানে যোগ করা যায়। সেটি ‘রাতের ভোট’। দেশের রাজনীতিতে সাত বছর ধরে সবচেয়ে আলোচিত শব্দগুলোর মধ্যে এটি জায়গা করে নিয়েছে।
কাগজে–কলমে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের নামে আসলে কী হয়েছিল, তা সেদিন সকাল পৌনে নয়টার একটি ঘটনা দিয়ে শুরু করা যাক। ঘটনাটি চট্টগ্রাম–১০ আসনের, দামপাড়া সিএমপি পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের।
সমকাল
সরকার কঠোর, শ্রমিক-কর্মচারীরা ক্ষুব্ধ, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত
সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আন্দোলনকারী ১৫ নেতার সম্পদের তথ্য তলব করতে বন্দর কর্তৃপক্ষ দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি পাঠিয়েছে। এই সিদ্ধান্তে আন্দোলনকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। গতকাল শুক্রবার বন্দর চেয়ারম্যানের কুশপুতুল দাহ করেছেন। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সভা করে রোববার থেকে ফের কর্মবিরতি শুরু হলে তা সমর্থন করার আগাম বার্তা দিয়ে রেখেছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, ফের কর্মবিরতি শুরু হলে রমজানের আগে অপূরণীয় ক্ষতির মুখে পড়বেন। আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার ওপর জোর দিচ্ছেন তারা।
প্রথম আলো
স্বায়ত্তশাসন চায় পিএসসি, সিদ্ধান্ত জানায়নি সরকার
সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন চেয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ–সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। একই সঙ্গে খসড়াটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন পিএসসির চেয়ারম্যান।
সমকাল
জাপানে ৭৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করল বাংলাদেশ। দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তিও এটি। এর আওতায় তৈরি পোশাকসহ প্রায় সাত হাজার ৩৭৯টি বাংলাদেশি পণ্য জাপানের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশের বাজারে পর্যায়ক্রমে এক হাজার ৩৯টি পণ্যে শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে জাপান।
দেশ রূপান্তর
যমুনা ঘিরে সংঘর্ষে উত্তাল ঢাকা
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবি এবং নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা) ঘেরাও কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরের পর রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলা মোটর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
কালের কণ্ঠ
বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ের গড়ে তোলা প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজিস’ থেকে কেনা হলো বডিওর্ন ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে পুলিশ। সেই ক্যামেরা যথাযথ কাজ না করলে বেশ সমস্যায় পড়তে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
আজকের পত্রিকা
বিতর্কিত বিশ্বকাপে না থেকেও আছে বাংলাদেশ
আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চাইলে এটিকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপও বলতে পারেন। ২০০৭ সালে শুরু হওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই খেলে এসেছে বাংলাদেশ। এবারও সরাসরি জায়গা করে নিয়েছিলেন লিটন-মোস্তাফিজরা। কিন্তু বাংলাদেশকে ছাড়াই শুরু হচ্ছে এই বিশ্বকাপ। আর তাই টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বিতর্কিত টুর্নামেন্ট—ক্রিকেটীয় কোনো কারণ ছাড়াই বাংলাদেশকে বাদ দিয়ে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে।
কালবেলা
লিখিত পরীক্ষা ছাড়াই জুলাই জাদুঘরে তড়িঘড়ি নিয়োগ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তবে এ নিয়োগ প্রক্রিয়ার প্রার্থী বাছাইয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও বৈধতা নিয়ে দেখা দিয়েছে বহু প্রশ্ন। অভিযোগ উঠেছে, রাজস্ব খাতে সৃজিত পদে লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে পছন্দের প্রার্থী নিয়োগের ছক সাজানোর। সরকারি এই প্রতিষ্ঠানটির নিজস্ব প্রবিধানমালায় লিখিত পরীক্ষার কথা উল্লেখ থাকলেও তার আয়োজন না করেই সরাসরি মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এরই মধ্যে ভাইভার জন্য আবেদনকারীদের কারও কারও মোবাইল ফোনে পাঠানো হয়েছে বার্তা (মেসেজ)। তবে অনেক আবেদনকারীই সেই বার্তা বা এ-সংক্রান্ত কোনো তথ্য পাননি। মাত্র চার দিন পরে হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়ায় এমন তড়িঘড়ির সমালোচনা করেছেন আবেদনকারীদের অনেকেই।