কক্সবাজারের চার আসনে রোহিঙ্গা ভোটারই ৫ লাখ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় ‘বিতর্কিত’ প্রকল্প
ঢাকা ওয়াসা আগে থেকেই ঋণে জর্জরিত। ঋণের পরিমাণ প্রায় ২৪ হাজার কোটি টাকা। এরই মধ্যে তারা আরেকটি ঋণনির্ভর প্রকল্প নিয়েছে। নাম ঢাকা ওয়াসা প্রশিক্ষণ এবং গবেষণা একাডেমি স্থাপন। ব্যয় ৭২১ কোটি টাকা। এর মাধ্যমে তারা নিজেদের পাশাপাশি আশপাশের দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের প্রশিক্ষণের কথা বলছে।
সমকাল
অপ্রীতিকর ঘটনার তথ্য ও ছবি তাৎক্ষণিক যাবে অ্যাপে
ক্যাডার ও নন-ক্যাডার সদস্যসহ পুলিশ বাহিনীর মোট সদস্য সংখ্যা ২ লাখ ১২ হাজার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবেন ১ লাখ ৮৭ হাজার সদস্য। তাদের মধ্যে এক লাখ ৫৮ হাজার স্ট্রাইকিং ফোর্স, ভ্রাম্যমাণ ডিউটি ও ভোটকেন্দ্রে থাকবেন। বাকি ২৯ হাজার ‘সাপোর্ট সদস্য’ হিসেবে নিয়োজিত রয়েছেন। এ হিসাবে পুলিশের ৮৮ দশমিক ২০ শতাংশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
কালবেলা
ফ্রি স্টাইলে চলছে অগ্রণী ব্যাংক
ব্যাপক অনিয়ম এবং আর্থিক কেলেঙ্কারির অভয়াশ্রমে পরিণত হয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির ইতিহাসে অন্যতম বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা উদ্ঘাটিত হয়েছে। কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ। ব্যাংকটির অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনেই উঠে এসেছে এমন গুরুতর অনিয়মের তথ্য। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে তার পছন্দের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন এবং তার খেয়ালখুশিতেই ব্যাংকটির কার্যক্রম চলছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া চেয়ারম্যান নিয়োগেও মানা হয়নি বয়সের সীমা। অর্থাৎ নিয়ম-নীতির তোয়াক্কা না করে একদম ‘ফ্রি স্টাইলে’ চলছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।
আজকের পত্রিকা
পুকুরে লুকিয়ে রাখা ছিল বিপুল অস্ত্র-গুলি, পানি সেচে জাল ফেলে উদ্ধার
ফরিদপুর সদর উপজেলায় একটি পুকুরে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৪টি বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সদরের কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়ক-সংলগ্ন কানাইপুর আখ সেন্টারের পুকুরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে এই অভিযান চালান। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসব অস্ত্র নির্বাচনে ব্যবহারের জন্য মজুত করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে।
কালের কণ্ঠ
আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁপা বেলুন!
দেখতে দারুণ স্মার্ট, সুদর্শন। উচ্চশিক্ষিত। ইংরেজিতেও বেশ পটু। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরই তাঁকে বিদেশ থেকে আশিক‘হায়ার’ করে আনা হলো। সবাই বলছিল, খরা কাটিয়ে বিনিয়োগে দেশকে ভাসিয়ে দেবেন এই তরুণ। নাম তাঁর আশিক চৌধুরী। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ—বিডার নির্বাহী চেয়ারম্যান। বড় বাজেটের বিরাট বিদেশি বিনিয়োগ সম্মেলন করলেন।
বণিক বার্তা
সেনাবাহিনীর পেশাদারত্বের ওপরই গণতন্ত্রে উত্তরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তিনদিন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) পাশাপাশি মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে পৌঁছতে পারেন, সেজন্য কেন্দ্র ও আশপাশ এলাকার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেয়া হচ্ছে। একই সঙ্গে সহিংসতা ও বিশৃঙ্খলা যাতে আগেই প্রতিহত করা যায়, সে লক্ষ্যে সেনাবাহিনীর টহল ও তৎপরতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
দেশ রূপান্তর
তাদের পেট এত বড়!
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সামাজিক দায়বদ্ধতা তহবিলের (সিএসআর) মুনাফার ২০০ কোটি টাকা প্রতিষ্ঠানের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ ও তার ব্যক্তিগত সচিবসহ তিনজনের নিজস্ব ব্যাংক হিসাবে স্থানান্তরের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সামিট কমিউনিকেশন লিমিটেডের লাইসেন্স প্রদানকালে ঘুষের বিনিময়ে ১০ কোটি টাকা মওকুফ করার অভিযোগও পেয়েছে সংস্থাটি। এসব অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে দুদকের একজন উপপরিচালককে প্রধান করে তিন সদস্যদের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দুদক ও বিটিআরসি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম আলো
এত ব্যানার–ফেস্টুনের ‘ভিড়ে’ নিজেকেই খুঁজছেন প্রার্থী
অন্যরা টাকা বেশি খরচ করছেন, যে কারণে ‘দরিদ্র’ প্রার্থী হিসেবে ভোটের মাঠে টিকে থাকতে কষ্ট হচ্ছে ফরিদ আহমেদের। তিনি জনতার দলের প্রার্থী হিসেবে কলম প্রতীকে ঢাকা–১২ আসনে নির্বাচন করছেন।
যদিও ফরিদ আহমেদ নিজেই ‘মৌলিক বাংলা’ নামের একটি দলের সভাপতি। তবে নিজের দলের নিবন্ধন না থাকায় জনতার দলের প্রার্থী হয়েছেন তিনি। তাঁর প্রত্যাশা, সব মানুষের কাছে পরিচিতি তুলে ধরতে পারলে তিনিই জয়ী হবেন।
বিবিসি বাংলা
ভোটগ্রহণ শেষে ফলাফল তৈরি হয় যেভাবে
বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। এবারে একই সঙ্গে দুটি ভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের ফলাফলে দেরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে সরকার ও নির্বাচন কমিশন।
বাংলাদেশে নির্বাচন সাধারণত সকাল আটটা থেকে শুরু হয়ে একটানা চলে বিকেল চারটা পর্যন্ত। এবার একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটের সময় একঘণ্টা বাড়ানো হয়েছে।
দেশ রূপান্তর
কক্সবাজারের চার আসনে রোহিঙ্গা ভোটারই ৫ লাখ
কক্সবাজার জেলার চারটি আসনের ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১৮ লাখ। তার মধ্যে এক-চতুর্থাংশের অধিক পাঁচ লাখই রোহিঙ্গা। যারা ১৯৮০ সাল থেকে নানা কৌশলে এক শ্রেণির অসাধু কর্মকর্তার সহযোগিতায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভোটার হয়েছেন। পুরো কক্সবাজারেই ছড়িয়ে-ছিটিয়ে আছে রোহিঙ্গারা। ভোটার হওয়ার সুবাদে বেড়ে গেছে তাদের কদরও। রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের কাছে টেনে ভোট চাচ্ছেন। এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ায় কয়েক দিনের মধ্যে বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে যৌথ বাহিনী।
বিবিসি বাংলা
তিন বছরে তিন প্রধানমন্ত্রী ও যুদ্ধ, আজ সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে থাইল্যান্ডে
থাইল্যান্ডে ভোটাররা আজ নতুন সংসদ নির্বাচনের জন্য ভোট দিতে যাচ্ছেন। পাশাপাশি একই সাথে দেশটির সংবিধান সংস্কার নিয়েও একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। গত বছর ডিসেম্বরে দেশটি প্রতিবেশী কম্বোডিয়ার সাথে যুদ্ধে জড়িয়েছিল।
প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল হঠাৎ করেই এই নির্বাচনের ডাক দিয়েছেন। তিনি গত তিন বছরের মধ্যে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী।
বিবিসি বাংলা
ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী, নির্বাচন এলেই কেন এই কথা শোনা যায়?
আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রায় প্রতিদিনই এমন হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখা যাচ্ছে যে, ‘একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে' অথবা 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না, প্রতিহত করা হবে।'
বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলের প্রধান নেতারাই গত কয়েক দিনে বেশ কয়েকবার একে অপরকে ইঙ্গিত করে এসব কথা উচ্চারণ করেছেন।
প্রথম আলো
‘আমি ও ডামি’র সাজানো ছকে ভোট করে ৭ মাসের মধ্যে পতন
আওয়ামী লীগ সরকারের অধীনে শেষ জাতীয় সংসদ নির্বাচন ছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি, যা ছিল তাদের আগের দুটি নির্বাচনের চেয়েও অভিনব। সেটি ‘আমি’ ও ‘ডামি’ নির্বাচন নামে পরিচিত লাভ করেছে। অর্থাৎ মূল প্রার্থী আওয়ামী লীগের, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও একই দলের—পার্থক্য শুধু স্বতন্ত্র পরিচয়। এর বাইরে ছোট ছোট কিছু দলের প্রার্থীও ভোটে ছিলেন। তবে তারাও আওয়ামী লীগেরই মিত্র। কেউ কেউ আবার নৌকা প্রতীকে ভোট করেছিলেন। সাজানো এ নির্বাচনের ফলাফলও আগে থেকে জানা ছিল, ভোট ছিল অনেকটা আনুষ্ঠানিকতা।
বণিক বার্তা
শুরুতে পিছিয়ে থাকলেও জামায়াতের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতায় সারজিস
৬ ফেব্রুয়ারি শুক্রবার। ঘড়ির কাঁটায় সময় তখন দুপুর সাড়ে ১২টা। চারদিকে জুমার নামাজের ব্যস্ততা। এরই মধ্যে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের মাধইপাড়া চেয়ারম্যান বাড়ির সামনে দুটি মাইক্রোবাস আর বিশেক মোটরসাইকেলের একটি বহর নিয়ে হাজির হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার সঙ্গে আসেন জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন।
কালের কণ্ঠ
প্রতিশ্রুতি পূরণে সক্ষমতা কম
অভাবের অর্থনীতি। সরকারি কোষাগারে ভাটার টান। রাজস্ব আয় হচ্ছে না ঠিকমতো। ব্যবসা-বিনিয়োগ-কর্মসংস্থান নেই।
বেকারত্ব বাড়ছে। একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। বেসরকারি খাতের বিনিয়োগকারীরা আস্থাহীনতায় হাত গুটিয়ে বসে আছেন। এডিপিও স্থবির।
আজকের পত্রিকা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান: শেষ সময়ে এমপিওর তোড়জোড়
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে নন-এমপিও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল- কলেজ) এমপিওভুক্তির প্রক্রিয়ায় তোড়জোড় চলছে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে প্রথম ধাপে ১ হাজার ৭১৯টি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ৬৭০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের তিন মাসের জন্য প্রয়োজন হবে ১৬৭ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
কালবেলা
৭৭% ভোটার মনে করেন রাস্তাঘাট ও কর্মসংস্থান বৃদ্ধিই উন্নয়ন
দেশের প্রায় ৭৭ শতাংশ ভোটার মনে করেন, রাস্তা, কালভার্ট নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টি হলেই উন্নয়ন নিশ্চিত হয়। জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রেও বিষয়টি তাদের প্রভাবিত করছে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সমকাল
১০১ আসনে প্রভাব ফেলতে পারে ১১৬ উপজেলার ভোট
কেবল একটি উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের আসনগুলোতে দলীয় প্রার্থীর জয়-পরাজয়ের নির্ধারক হতে পারেন স্বতন্ত্র বা বিদ্রোহীরা। দুই ও এর বেশি উপজেলা নিয়ে গঠিত আসনের ক্ষেত্রে ব্যবধান গড়ে দিতে পারে চারটি বিষয়। এগুলো হলো– নারী ভোটার, নতুন ভোটার, প্রার্থীর নিজ এলাকার বাইরের উপজেলায় তাঁর ভোটব্যাংক ও দলীয় প্রভাব।
যুগান্তর
পরিস্থিতি অবনতির শঙ্কায় বাড়তি প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটগ্রহণ সামনে রেখে এ পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন বেশকিছু নির্বাচনি আসনে সহিংসতার ঘটনা ঘটতে পারে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় আওয়ামী লীগ ভোট বন্ধের চেষ্টা চালাতে পারে।