রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায় না, ব্যালটে ৫০ শতাংশ

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
তফসিল ঘোষণার পর ২৭৪ সহিংস ঘটনা, নিহত ৫
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় নিহত হয়েছেন ৫ জন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বণিক বার্তা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক নামল ১৯ শতাংশে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে (এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড) সই করেছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় এ চুক্তি স্বাক্ষর হয়। নতুন চুক্তি অনুযায়ী শুল্কহার ২০ শতাংশ থেকে কমে হয়েছে ১৯ শতাংশ। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানি করলে কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না। চুক্তিটি সোমবার উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে এবং উভয় পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আজকের পত্রিকা
ভোট নিয়ে অপতথ্যের বন্যা ভারত থেকে
দেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। তবে এই ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রভাবিত করতে প্রতিবেশী দেশ ভারত থেকে ব্যাপকভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেখানে রয়েছেন তিনি। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্পর্শকাতর বিভিন্ন ছবি তৈরি করা হচ্ছে এবং অনলাইনে জনমত প্রভাবিত করার জন্য এসব ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে নিয়মিত।
সমকাল
বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দলের জন্য চাপ, না সুবিধা
দেশের মোট সংসদীয় আসনগুলোর মধ্যে ৭৮টিতে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী আছেন। বলা হচ্ছে, এসব আসনে দলীয় প্রার্থীরা চাপে থাকবেন। কিন্তু এর মধ্যে ৩৮টি আসন পাওয়া গেছে, যেগুলো বিএনপির বিদ্রোহী কিংবা দলীয় উভয় প্রার্থীর জন্যই চাপের কারণ।
সর্বশেষ অংশ নেওয়া ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপি এসব আসনের ৩৫টিতে জিততেই পারেনি। প্রতিবারই জয়ী হয়েছেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিংবা জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা। বিএনপি জিতেছিল ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে। কিন্তু তা একটানা ছিল না।
প্রথম আলো
মাধ্যমিক শিক্ষায় বড় পরিবর্তনের সুপারিশ
মাধ্যমিকে সব বিষয়ে পাবলিক পরীক্ষা না নিয়ে মূল দক্ষতা সংশ্লিষ্ট নির্ধারিত কয়েকটি বিষয়ে নেওয়ার সুপারিশ করেছে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সুপারিশ দিতে অন্তর্বর্তী সরকার গঠিত কমিটি। তারা বাংলা, ইংরেজি, গণিত, সমাজপাঠ ও বিজ্ঞান বিষয়ে পাবলিক পরীক্ষা সীমিত রাখতে বলেছে। আর অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা (জেএসসি ইত্যাদি) বাতিল করার সিদ্ধান্ত বহাল রাখা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা বাদ রাখার সুপারিশ করা হয়েছে।
বিবিসি বাংলা
সারাদেশে ৪০ শতাংশের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, চিহ্নিত করা হয় কীভাবে
আগামী ১২ই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে সারাদেশের ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে। এর মধ্যে ৪০ শতাংশের ওপরে ভোটকেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই নির্বাচনে সারাদেশের তুলনায় ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার ১৫টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যাও বেশি বলে জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
সমকাল
প্রচার শেষ, ভোটের অপেক্ষা
জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হলো আনুষ্ঠানিক প্রচারণা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে আর কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ প্রচারণা চালাতে পারবেন না। কেউ প্রচারণা চালাচ্ছেন– এমন প্রমাণ মিললে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।
বিবিসি বাংলা
এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবার পর্যন্ত
আগামী ১২ই ফেব্রুয়ারি হতে যাওয়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণার সময় শেষ হয়ে গেছে। এখন কোনো প্রার্থী ভোটের প্রচারণা চালালে সেটি নির্বাচনী বিধিমালা লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে, যার ফলে তার প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে।
গত ২২শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে এটি শেষ হওয়ার কথা।
প্রথম আলো
দক্ষিণে এবার ভিন্ন হিসাব
‘এবার টাহাইয়া (দখল করে সিল মেরে) ভোট নেতে পারবে না। মাইনষের মন জয় কইর্যা ভোটে জেততে অইবে। যত বড় নেতাই অউক (হোক), আর যেই অউক কেউ সহজে পার পাইবে না। মার্কা লইয়া খাড়াইলেই অইবে না, হিসাব এইবার কঠিন আছে।’
গত বৃহস্পতিবার বরিশাল শহরের সদর রোডে এ কথাগুলো বলছিলেন রিকশাওয়ালা আবদুল মান্নান। তিনি আরও বললেন, ‘ভোট দিমু এবার মনীষারে (মনীষা চক্রবর্ত্তী)। হ্যার লইগ্যা (তাঁর জন্য) এই শহরে অটোরিকশা চালাইয়া দুইডা ডাইল–ভাত খাইতে পারি। আমরা সবাই হ্যারে ভোট দিমু।’
সমকাল
তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার ওই সংঘর্ষের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আলু ক্ষেতের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি ও ককটেল বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কালের কণ্ঠ
নির্বাচন অবাধ সুষ্ঠু ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিগত আমলের নির্বাচনগুলোকে ‘ফেক’ ও ‘প্রহসন’ আখ্যা দিয়ে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল সোমবার প্রায় ৭০ জন সচিবের সঙ্গে বৈঠকে তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রথম আলো
ভোটের আগে ৩ হাজার অপরাধীর তালিকা, ৩৫২ জনই ‘শুটার’
জাতীয় নির্বাচনের পাঁচ দিন আগে গত শনিবার মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সিকান্দি এলাকায় বিএনপির প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ থেকে গুলি ছোড়া হয়। অস্ত্র হাতে গুলি করা ব্যক্তিদের মধ্যে একরাম দেওয়ানসহ চারজনকে শনাক্ত করেছে পুলিশ। দুটি গোয়েন্দা সংস্থার করা তালিকায় ‘শুটার’ হিসেবে নাম রয়েছে একরামের। গতকাল সোমবার পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যায়নি।
আজকের পত্রিকা
সহিংসতার আলোচনায় সর্বোচ্চ নিরাপত্তা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বহুলপ্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে।
অন্যবারের চেয়ে এবার নির্বাচনে সহিংসতার আশঙ্কা বেশি। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, সহিংসতার আশঙ্কাও তত বাড়ছে। আর এতে জনমনে তৈরি হচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা। ছড়িয়ে পড়ছে আতঙ্ক। তবে এমন আতঙ্ক দূর করার পাশাপাশি জনগণের নিরাপত্তা এবং একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এবারই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চসংখ্যক সদস্য মোতায়েন করা হচ্ছে।
বণিক বার্তা
রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায় না, ব্যালটে ৫০ শতাংশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের অর্ধেকই নারী। এ নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, যা মোট ভোটারের ৪৯ দশমিক ২৩ শতাংশ। দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে নারীরা পিছিয়ে থাকলেও ব্যালটের শক্তিতে তারা পুরুষের সমান। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পর নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে, সে অনুসারে মোট প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র ৪ শতাংশ।
কালবেলা
বিএনপির দিকে ঝুঁকছেন আওয়ামী লীগ সমর্থকরা
আর মাত্র এক দিন পার হলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন ঘিরে ভোটের মাঠে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ আর নানা হিসাব-নিকাশ। মাঠের প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী ভোটারদের নিজের শিবিরে টানতে নানা কৌশল নিয়ে কাজ করছে। এক্ষেত্রে দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভোটের মাঠে না থাকা আওয়ামী লীগের বিপুলসংখ্যক কর্মী ও সমর্থক। চব্বিশের গণঅভ্যুত্থানে ভূমিকার জন্য কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতারাও দেশছাড়া। অনেকে রয়েছেন কারাবন্দি। এ অবস্থায় মাঠে থাকা আওয়ামী সমর্থক ভোটাররা নিজেদের নিরাপত্তা, ভবিষ্যৎ রাজনৈতিক হিসাব-নিকাশ এবং স্থানীয় বাস্তবতা মিলিয়ে ও টিকে থাকার জন্য আস্থার জায়গা খুঁজে ভোট দেওয়ার চিন্তা করছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্বাচন বর্জনের আহ্বান উপেক্ষা করে তৃণমূলের বড় অংশ ভোটের মাঠে সক্রিয় রয়েছে। কোথাও বিএনপি বা জামায়াত প্রার্থীর পক্ষে প্রচারণা, কোথাও স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করছেন তারা।
বণিক বার্তা
নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে মূল্যস্ফীতি আরো উসকে ওঠার শঙ্কা
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রায় দুই বছর ধরে নীতি সুদহার ১০ শতাংশে ধরে রেখেছে বাংলাদেশ ব্যাংক। এর প্রভাবে ব্যাংক ঋণের সুদহার বেড়ে দাঁড়িয়েছে ১৪-১৫ শতাংশে। দীর্ঘদিন ধরে উচ্চ সুদহার কার্যকর থাকলেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণে আসেনি, বরং দেশের অর্থনীতিতে চলছে বিনিয়োগ খরা। পরিস্থিতি উত্তরণে সুদহার কমানোর দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। যদিও তাদের এ দাবি উপেক্ষা করেই নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।