উত্তরে ভোটের বড় ‘ইস্যু’ তিস্তা, কী চান ভোটাররা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এখন হচ্ছে না
পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের সম্ভাবনা নেই। ডিপি ওয়ার্ল্ড খসড়া চুক্তি পর্যালোচনার জন্য সময় চাওয়ায় এবং সরকারের মেয়াদ আর মাত্র দুই কার্যদিবস বাকি থাকায় এই সময়ে চুক্তি হচ্ছে না। আশিক চৌধুরী বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে নেগোসিয়েশন চলতে পারে। ২০১৯ সাল থেকে প্রকল্পটি নিয়ে কাজ চলছে।
কালবেলা
সরকারের বিদায়বেলায় এমপিও দিতে রকেট গতিতে দৌড়ঝাঁপ!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আছে আর মাত্র দুই কর্মদিবস। এই বিদায়বেলার আগমুহূর্তে শিক্ষা প্রশাসনে চলছে নজিরবিহীন তৎপরতা। যেসব সিদ্ধান্ত বছরের পর বছর ছিল ফাইলবন্দি, সেগুলো এখন চূড়ান্তে ব্যস্ত হয়ে পড়েছেন কর্তাব্যক্তিরা। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, শিক্ষা আইন অনুমোদন, শিক্ষা প্রশাসনে শীর্ষ তিন পদে পদায়নসহ চালাচ্ছেন নানান তৎপরতা। এর আগে এই নির্বাচনের তপশিলের আগের রাতে ৫শর বেশি বদলি করে বিতর্কের মুখে পড়ে শিক্ষা প্রশাসন। এরপর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতে দেওয়া এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশের মতো সিদ্ধান্ত যেগুলো রাজনৈতিক সরকার নেওয়ার কথা, সেগুলোও শেষ সময়ে এসে করা হয়।
প্রথম আলো
উত্তরে ভোটের বড় ‘ইস্যু’ তিস্তা, কী চান ভোটাররা
তিস্তা শুধু ভাঙে আর ভাঙে। এই শীতেও তিস্তার ভাঙন থেমে নেই। মাসখানেক ধরে ভাঙন শুরু হয়েছে দক্ষিণ বালা পাড়া গ্রামের সামনের চরে। গ্রামবাসীর আশঙ্কা, আর পাঁচ-সাত দিনের মধ্যে তিস্তার ভাঙন গ্রাম ছোঁবে।
বণিক বার্তা
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়েই শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, টানা পাঁচ মাসের ধারাবাহিকতায় জানুয়ারিতেও বিশ্ববাজারে কমেছে খাদ্যপণ্যের দাম। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে দেশে অতীতের যেকোনো সময়ের তুলনায় ডলার বেশি আসছে। চাহিদা অনুযায়ী বৈদেশিক মুদ্রা পাওয়ায় দেশের ভোগপণ্য আমদানিতে নেই কোনো সংকট। অনুকূল রয়েছে শীত মৌসুমের আবহাওয়া পরিস্থিতি। এতসব ইতিবাচক দিকের মধ্যেও দেশে মূল্যস্ফীতি না কমে জানুয়ারিতে উল্টো বেড়েছে। পণ্য ও সেবার মূল্য নিয়ন্ত্রণ করতে না পারার এ ব্যর্থতা নিয়েই চলতি মাসে শেষ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ।
বিবিসি বাংলা
হংকংয়ে গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাই-এর ২০ বছরের জেল
হংকং-এর একটি আদালত দেশটির গনতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাই-কে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছে। গত ডিসেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
ব্রিটিশ পাসপোর্টধারী লাই এর আগে পৃথক একটি ঔপনিবেশিক আইনের আওতায় রাষ্ট্রদ্রোহের অপরাধে সাজা পেয়েছিলেন। তার পরিবার কারাগারে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রথম আলো
উপদেষ্টারা সম্পদের হিসাব জমা দিলেও প্রকাশ করা হয়নি
অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় শেষ হয়ে এলেও উপদেষ্টাদের সম্পদের বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে।
কালের কণ্ঠ
শেষবেলায় চুক্তি-কেনাকাটার হিড়িক
জাতীয় নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। সবকিছু ঠিক থাকলে অন্তর্বর্তী সরকারের ভেতরে প্রায় বিদায়ের সুর। উপদেষ্টাদের অনেকে চলে যাওয়ার ‘মুডে’ আছেন। ঠিক এই সময়ে বড় বড় কেনাকাটা আর চুক্তির জোর তৎপরতাও থেমে নেই।
বিবিসি বাংলা
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে অর্থনীতি কতটা পাল্টালো?
জুলাই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, বাংলাদেশের অর্থনীতি তখন 'নাজুক' অবস্থায় ছিল বলে আলোচনা হচ্ছিলো। ফলে এই সরকারের শেষ সময়ে এসে প্রশ্ন তৈরি হচ্ছে, গত দেড় বছরে সেই অবস্থা কতটা পাল্টাতে সক্ষম হলো তারা।
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সামনে উচ্চ মূল্যস্ফীতি, নিত্যপণ্যের লাগামহীন দাম, ডলার সংকট, বিদেশি ঋণ পরিশোধের চাপ, পাচারের অর্থ ফেরত আনাসহ নানামুখী চ্যালেঞ্জ ছিল।
আজকের পত্রিকা
জাতীয় সংসদ নির্বাচন: চ্যালেঞ্জের মুখে বড় নেতারাও
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই ভোটযুদ্ধ নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। সেই হিসাব-নিকাশে বেশি করে আসছে ‘হেভিওয়েট’ প্রার্থীদের নাম। যেসব প্রার্থীর দিকেই থাকে কিনা দলমত-নির্বিশেষ সব ভোটারের নজর। এবার আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে রাজনীতির সমীকরণ অনেকটাই পাল্টে গেছে। এ ছাড়া ভোটারের ভাবনায় পরিবর্তন এবং বড় দলের বিদ্রোহীদের আবির্ভাবসহ নানা কারণে অনেক প্রভাবশালী প্রার্থীর জয় কম-বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে। সারা দেশে আজকের পত্রিকার সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে এ চিত্র।
কালের কণ্ঠ
রোহিঙ্গা ফেরতে অগ্রগতি নেই
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২০২৫ সালের ১৪ মার্চ (রমজান মাস) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শনের পর রোহিঙ্গাদের সঙ্গে ইফতার শেষে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন, ‘রোহিঙ্গারা আগামী ঈদ নিজ দেশ মায়ানমারেই উদযাপন করবেন।’
যুগান্তর
দুই-তৃতীয়াংশ ভোট পড়ার আশা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন মনে করছে, প্রচারে বড় দুই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে বাকযুদ্ধ হয়েছে। দু-একটি ছাড়া নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নষ্ট করার মতো বড় ঘটনা ঘটেনি।
বণিক বার্তা
সময় চেয়েছে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি হচ্ছে না অন্তর্বর্তী সরকারের মেয়াদে
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আমলেই চুক্তি করতে জোরেশোরে বিভিন্ন প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছিল। কিন্তু গতকাল পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আমলে এ ইজারা চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই। চুক্তির বিস্তারিত পর্যালোচনায় সময় চেয়েছে ডিপি ওয়ার্ল্ড।
সমকাল
বইমেলায় ‘মানবিক সংকট ও অর্থনৈতিক ঝুঁকির’ আশঙ্কা, অংশ নেবে না ৩২১ প্রকাশক
অমর একুশে বইমেলা ২০২৬ ঘিরে প্রকাশক ও আয়োজকদের মধ্যে মতবিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। পাঠকশূন্যতার আশঙ্কা, মানবিক সংকট ও অর্থনৈতিক ঝুঁকির কথা উল্লেখ করে আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলায় অংশ নেবেন না বলে যৌথ বিবৃতিতে জানিয়েছেন ৩২১ জন প্রকাশক।
কালবেলা
স্থানীয় ছোট-বড় সমস্যা নিয়েও ভাবছেন জাতীয় নেতারা
আর মাত্র দুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘ বিরতির পর ব্যালট যুদ্ধের এই মাহেন্দ্রক্ষণ ঘিরে সারা দেশের রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। শেষ মুহূর্তে এসে নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীর অলিগলিতে দিনরাত চলছে প্রার্থী ও দলীয় প্রধানদের গণসংযোগ। এই নির্বাচনী ডামাডোলে ভোটারদের মন জয়ের প্রধান হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে এলাকাভিত্তিক উন্নয়নের প্রতিশ্রুতি। দেশের দুই অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের কেন্দ্রীয় ইশতেহারের বাইরেও আঞ্চলিক সমস্যা সমাধান ও জনকল্যাণমূলক নানা অঙ্গীকারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রথম আলো
বায়ুদূষণে বাংলাদেশে ভয়ংকর হচ্ছে ডেঙ্গু
ডেঙ্গুতে মৃত্যুর সঙ্গে যে বায়ুদূষণের সম্পর্ক আছে, তা উঠে এল এক বৈশ্বিক গবেষণায়। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশসহ যেসব দেশে বায়ুদূষণ বেশি, সেসব দেশে ডেঙ্গুতে মৃত্যুহার বিশ্বের গড় মৃত্যুহারের চেয়ে অনেক বেশি। আবার এসব দেশের যেসব এলাকা বেশি দূষিত, মৃত্যুহারও বেশি সেসব এলাকায়।
পরিবেশ বিষয়ে বিশ্বখ্যাত সাময়িকী এনভায়রনমেন্টাল পল্যুশনে গত ২৯ জানুয়ারি এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বাংলাদেশি বিজ্ঞানী শাকিরুল খান নেতৃত্ব দেন এই গবেষণায়। তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটির গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ সেন্টারের ফুল ফ্যাকাল্টি। গবেষণায় যুক্ত ছিলেন বাংলাদেশ ও জাপানের ১২ বিজ্ঞানী।