হাজারীবাগে ছাদ থেকে পড়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আমেনা খাতুন (৫৫) নামে ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিনা খাতুন হাজারীবাগের স্থায়ী বাসিন্দা মিন্টু মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে হাজারীবাগের ওই বাসায় থাকতেন।
নিহতের ভাতিজা শান্ত জানান, আমার ফুফু মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ (রোববার) দুপুরের দিকে কাউকে কিছু না বলে বাড়ির পাঁচতলার ছাদে গিয়ে হঠাৎ নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ফুফুকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
এসএএ/এমজে