সারা দেশে মহা উৎসবের প্রস্তুতি

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
প্রধান উপদেষ্টার মোট সম্পদ ১৫ কোটি ৬২ লাখ টাকার বেশি
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এটা প্রকাশ করেছে। গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকার। এক বছর আগে তা ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার। অর্থাৎ, ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার।
কালবেলা
৭৭ শতাংশ মানুষ জানেন না জুলাই সনদে কী আছে
বহুল আলোচিত জুলাই জাতীয় সনদের ওপর ভিত্তি করে হচ্ছে সংস্কার। আসন্ন গণভোট জিতলেই এই সনদ বাস্তবায়ন হবে। তবে বেশিরভাগ মানুষই জানেন না, জুলাই সনদে কী কী রয়েছে। এই সংখ্যা ৭৭ দশমিক দুই শতাংশ। বিপরীতে ৩৭ দশমিক দুই শতাংশ মানুষ জুলাই সনদে কী কী আছে তা জানেন। তবে এর মধ্যেও রয়েছে বৈষম্য।
ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসির চালানো প্রাক-নির্বাচনী জনধারণা জরিপের ফলে এ তথ্য উঠে এসেছে।
সমকাল
বদলে যাওয়া পরিবেশে ভোট উৎসবের আশা
ছাত্র-জনতার অভ্যুত্থানে বদলে গেছে রাজনৈতিক মঞ্চ। ১৭ বছর পর পাল্টে যাওয়া পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। ২৯৯ আসনে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলবে ভোট গ্রহণ। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে স্থগিত করা হয়েছে ভোট।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে গৃহীত জুলাই সনদে জনসমর্থন আদায়ে গণভোটেরও আয়োজন করা হয়েছে। দেশে এর আগে একাধিকবার গণভোট হলেও সংসদ নির্বাচনের দিনে একসঙ্গে গণভোট এবারই প্রথম।
প্রথম আলো
২০ হাজার বৈধ অস্ত্র জমা পড়েনি
সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব বৈধ আগ্নেয়াস্ত্র জমা পড়েনি। জমা না পড়া অস্ত্রের সংখ্যা ২০ হাজার ২৮৮, শতাংশের হিসাবে ৪২। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণ করার অংশ হিসেবে লাইসেন্সকৃত এসব জমা দিতে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, থানায় জমা না হওয়া এসব অস্ত্র এখন অবৈধ হিসেবে গণ্য করা হচ্ছে। এসব অস্ত্রের মালিকদের তালিকা করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের মাঠে এসব আগ্নেয়াস্ত্র যাতে সহিংসতায় ব্যবহার না হয়, সে জন্য গোয়েন্দা নজরদারির পাশাপাশি অস্ত্রের মালিকদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিবিসি বাংলা
'প্রধানমন্ত্রী পুত্র' থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিলেন তারেক রহমান এবং একই সঙ্গে তিনি নিজেও এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচনের মাত্র মাসখানেক আগে মায়ের মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়ে তার নেতৃত্বেই দলের নির্বাচনী প্রচার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তার সমর্থকেরা তাকেই বাংলাদেশের 'সম্ভাব্য প্রধানমন্ত্রী' হিসেবে বর্ণনা করে আসছে।
কালের কণ্ঠ
ভোটের জন্য উন্মুখ দেশ
আজ রাত পোহালেই ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বহুপ্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। বাকি একটি আসন শেরপুর-৩-এ একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে।
প্রথম আলো
দলকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা শফিকুরের
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী মাঠে জোর গলায় খোলামেলা কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তাঁর বক্তব্যের বিষয়বস্তু, শব্দচয়ন ও উপস্থাপনা দলটির দীর্ঘদিনের প্রথাগত বয়ানের চেয়ে ভিন্ন। তিনি দলটিকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে নিয়ে আনার চেষ্টা করেছেন।
আবার উন্নয়নের প্রতিশ্রুতি বা ক্ষমতার পালাবদলের গৎবাঁধা কথায় না ঝুঁকে প্রায় প্রতিটি জনসভায় তিনি গণভোটে ‘হ্যাঁ’কে জয়ী করে রাষ্ট্রীয় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং ‘ফ্যাসিবাদের’ ফেরার পথ বন্ধ করার কথা বলেছেন। ঘুরেফিরে ‘হক’, ‘ইনসাফ’ আর মদিনা মডেলে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিবিসি বাংলা
জামায়াতের আমির শফিকুর রহমান গোপনেই 'ইসলামপন্থি' সংগঠনের দেখা পেয়েছিলেন
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সিলেটের এমসি কলেজ নামে পরিচিত মুরারিচাঁদ কলেজে পড়ার সময়ে 'হতাশ' হয়ে জাসদ ছাত্রলীগ ছেড়ে কলেজ হোস্টেলেই গোপন কার্যক্রমে থাকা 'ইসলামী সংগঠনের' সাক্ষাৎ পেয়েছিলেন।
পরে কয়েক বছর ছাত্রশিবির করার পর আনুষ্ঠানিকভাবে তিনি সিলেটে জামায়াতের রাজনীতিতে যোগ দিয়েছিলেন ১৯৮৪ সালে।
আজকের পত্রিকা
জয়ের নিয়ামক জেন-জি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামীকাল বৃহস্পতিবার। ১৯৯৬ সালের পর আওয়ামী লীগবিহীন (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রথম এই নির্বাচনে বিজয়ী হবে কোন রাজনৈতিক দল বা জোট–এই আলোচনা এখন সর্বত্র। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এবারের নির্বাচনে জয়-পরাজয়ে বড় নিয়ামক হবে জেন-জি বা তরুণ প্রজন্ম এবং আওয়ামী লীগের প্রতীক নৌকার ভোট।
বিবিসি বাংলা
নির্বাচন কমিশন কখন ভোট বন্ধ করতে পারে?
জাতীয় সংসদের ভোটের দিন ঘনিয়ে আসছে। এর মাঝেই হঠাৎ যদি ঘোষণা আসে যে, আপনার আসনে ভোট হচ্ছে না, তাহলে আপনি অবাক হবেন না? স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগবে, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে কি না?
বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ভোটগ্রহণ স্থগিত বা বাতিল হওয়ার নজির বহুবার দেখা গেছে। বিভিন্ন সময়ে সহিংসতা, কারচুপি কিংবা ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আসন বা কেন্দ্রের নির্বাচন বন্ধ করেছে।
কালের কণ্ঠ
নতুন মন্ত্রীদের ৬০ গাড়ি প্রস্তুত
নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য ৫০টির বেশি গাড়ি প্রস্তুত রাখতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরিপ্রেক্ষিতে অন্তত ৬০টি গাড়ি নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদপ্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার ও মন্ত্রিসভা।
প্রথম আলো
দশম শ্রেণি পর্যন্ত অভিন্ন শিক্ষাক্রম, জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রয়োজন নেই
মাধ্যমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আনার সুপারিশ করেছে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অন্তর্বর্তী সরকার গঠিত পরামর্শক কমিটি। মাধ্যমিকে সব বিষয়ের পরিবর্তে বাংলা, ইংরেজি, গণিত, সমাজপাঠ ও বিজ্ঞানের মতো মৌলিক দক্ষতা সংশ্লিষ্ট বিষয়ে পাবলিক পরীক্ষা সীমিত রাখা এবং অষ্টম শ্রেণিতে পাবলিক পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র বৃত্তি পরীক্ষা বাদ রাখার কথা সুপারিশে রয়েছে।
বিবিসি বাংলা
অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার কতটা সফল আর কতটা ব্যর্থ
বাংলাদেশে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গত প্রায় আঠারো মাসের সাফল্য-ব্যর্থতার প্রশ্নে নানা আলোচনা চলছে রাজনৈতিক মহলে।
আগামী ১২ই ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর এই সরকারের বিদায় নেওয়ার কথা এবং সেই হিসেবেই তাদের সাফল্য- ব্যর্থতার বিষয়টি আলোচনায় এসেছে।
আজকের পত্রিকা
বিধি ভেঙে প্রচার চলছে ভার্চুয়াল জগতে
নির্বাচনী প্রচারের নির্ধারিত সময় শেষ হয়েছে গতকাল মঙ্গলবার সকালে। এর পর থেকে মাঠে নেই মাইকিং, নেতা-কর্মীদের গণসংযোগ কিংবা জনসমাবেশ। কিন্তু প্রার্থীদের প্রচার যেন থামেনি। অনেক প্রার্থী ও রাজনৈতিক দলের কর্মীরা ভার্চুয়াল মাধ্যমে সক্রিয় প্রচার চালাচ্ছেন।
প্রথম আলো
প্রচারে নতুনত্বের সঙ্গে ‘ফ্যামিলি ম্যান’ কৌশল তারেক রহমানের
নেতা বাণী দেবেন আর সমর্থকেরা দেবেন হাততালি ও স্লোগান। এই চিরচেনা রেওয়াজের বদলে নির্বাচনী জনসভায় মানুষের সঙ্গে কথোপকথনের চমক এনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রচারণায় যুক্ত করেছেন মেয়ে আর স্ত্রীকে। ‘ফ্যামিলি ম্যান’ হয়ে শুনিয়েছেন শান্তির বাণী।
‘আমি তোমাদেরই লোক’—ভোটারদের কাছে, বিশেষত তরুণদের কাছে, এই বার্তা পৌঁছে দেওয়াই যেন ছিল তাঁর প্রচারকৌশলের মূলকথা। এভাবেই তিনি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে বয়ানও দাঁড় করিয়েছেন।
সমকাল
উপদেষ্টাদের কার কত সম্পদ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এক বছরে সম্পদ বেড়েছে এক কোটি ৬১ লাখ চার হাজার ৩৯২ টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানত বৃদ্ধি, উত্তরাধিকারসূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে এই সম্পদ বেড়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়। এতে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিরা এবং তাদের স্ত্রী-স্বামীর ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সম্পদের বিবরণী তুলে ধরা হয়।
প্রথম আলো
জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় ৬৮ আসামির ৫৭ জনকেই অব্যাহতির সুপারিশ
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় যুবদল নেতা হাফিজুর রহমান সুমন (৪১) হত্যাকাণ্ডের মামলায় তদন্ত শেষে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। তাতে এজাহারনামীয় ৬৮ আসামির ৫৭ জনকেই অব্যাহতির সুপারিশ করা হয়েছে। আসামি হিসেবে রাখা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জনকে।
বণিক বার্তা
শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর চান ব্যবসায়ী-উদ্যোক্তারা
গত প্রায় দেড় বছরে দেশে যে পরিস্থিতি বিরাজ করেছে, তাতে বিনিয়োগ করা কঠিন ছিল—এমনটাই মনে করেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। এখন তারা চান আগামীকাল শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন শেষ হোক। পাশাপাশি ক্ষমতা হস্তান্তর হোক মসৃণ ও নিয়মতান্ত্রিক। তারা বলছেন, ফলাফল যা-ই হোক দেশে নতুন নির্বাচিত রাজনৈতিক সরকারের মাধ্যমে যেন শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব একটা পরিবেশ তৈরি হয়।
দেশ রূপান্তর
শর্ত মানলে পোশাকে শূন্য শুল্ক
বিমান, কৃষি ও জ্বালানি পণ্য কেনার প্রতিশ্রুতিতে ১৯ শতাংশ পাল্টা শুল্ক নির্ধারণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। তবে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে উৎপাদিত পণ্য রপ্তানিতে পাল্টা শুল্কের হার শূন্য হবে। এ চুক্তি কার্যকর হবে দুই দেশের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে। রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, এ চুক্তি প্রতিযোগী দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে। তৈরি পোশাকের রপ্তানিতে চুক্তিটি বাংলাদেশের পক্ষে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।
বণিক বার্তা
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বড় পরিবর্তনের সুপারিশ
মাধ্যমিক শিক্ষার ব্যবস্থাপনায় স্থায়ী শিক্ষা কমিশন ও টাস্কফোর্স গঠনসহ একগুচ্ছ সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কনসালটেশন কমিটি। মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত এ কমিটি গতকাল সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এতে মাধ্যমিক শিক্ষার জন্য আশু, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ করা হয়।
যুগান্তর
বাংলাদেশে দুর্নীতি বেড়েছে আরও এক ধাপ
দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির সূচকে আরও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৮২টি দেশের মধ্যে ২০২৫ সালে অধঃক্রম অনুযায়ী (খারাপ থেকে ভালো) বাংলাদেশের অবস্থান ১৩তম। আগের বছর ছিল ১৪তম। অর্থাৎ বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। তবে যে স্কোর দিয়ে দুর্নীতি মূল্যায়ন করা হয়, সেক্ষেত্রে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১০০ নম্বরের মধ্যে এবার স্কোর ২৪। আবার সূচকের উচ্চক্রম অনুযায়ী (ভালো থেকে খারাপ) বাংলাদেশের অবস্থান ১৫০। টিআইর ‘দুর্নীতির ধারণাসূচক-২০২৫ (করাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই) মঙ্গলবার সারা বিশ্বে একযোগে প্রকাশ করা হয়। এদিন বাংলাদেশে টিআইর সহযোগী প্রতিষ্ঠান টিআইবি নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বণিক বার্তা
অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ
জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকসহ নানা আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ব্যাপক সরব ছিল অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেয়ার কথাও বলেছিল মিয়ানমারের জান্তা সরকার। কিন্তু গত বছরের এ ঘোষণার পরও কোনো প্রত্যাবাসন ঘটেনি। উল্টো ওই বছরই বাংলাদেশে প্রবেশ করে আরো ১ লাখ ৩৬ হাজার ৫১৮ জন রোহিঙ্গা। সংশ্লিষ্টদের মতে, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ প্রতিনিয়ত চলছে। দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে বিপর্যস্ত রোহিঙ্গারা জীবন বাঁচাতে এখনো প্রতিনিয়ত বাংলাদেশে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করছে।
কালবেলা
সারা দেশে মহা উৎসবের প্রস্তুতি
দেশ এক নতুন গণতান্ত্রিক যাত্রার দ্বারপ্রান্তে। রাত পোহালেই সেই মাহেন্দ্রক্ষণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নানা শঙ্কা ও গুঞ্জন ছিল তারা হয়তো দীর্ঘমেয়াদে থেকে যাবেন। আস্থার ঘাটতি ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যেও। তবে সব ধরনের শঙ্কা ও গুঞ্জন উড়িয়ে দিয়ে দেড় বছরের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এর ৪৮ ঘণ্টা আগে প্রচার কার্যক্রম শেষ করার নিয়ম মেনেই গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সারা দেশে সব ধরনের প্রচারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। এর পরও নানাভাবে অনানুষ্ঠানিক প্রচার এবং পোলিং এজেন্ট চূড়ান্তকরণে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।