ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৫৯% ব্যবসায়ী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের বেশির ভাগই ব্যবসায়ী। ৮৩ শতাংশ উচ্চশিক্ষিত। ৭৩ শতাংশের বয়স ৫০ বছরের বেশি।
নির্বাচনে গত বৃহস্পতিবার ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ভোট গ্রহণ বাতিল হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দুটি আসনে জয়ী বিএনপির প্রার্থীর ফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে (ঋণ খেলাপের কারণে)। ফলে বিশ্লেষণ করা গেছে ২৯৭ জন প্রার্থীর তথ্য।
সমকাল
দশ বছরে ক্যান্সারে আক্রান্ত ১ লাখ ৩০ হাজার শিশু
জনসংখ্যা অনুপাতে গত এক দশকে অন্তত এক লাখ ৩০ হাজার শিশু ক্যান্সারে আক্রান্ত হয়েছে। প্রতিবছর গড়ে প্রায় ১৩ হাজার নতুন শিশু ক্যান্সার রোগী শনাক্ত হচ্ছে বলে দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি অব পেডিয়াট্রিক অনকোলজির এক প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পেলে অধিকাংশ ক্ষেত্রে নিরাময় সম্ভব হলেও অবকাঠামো ও চিকিৎসায় ব্যয়ের চাপ বড় বাধা।
দেশ রূপান্তর
এবার দেশ গড়ার পালা
নিরঙ্কুশ জয় পাওয়ার পর সরকার গঠনের অপেক্ষায় থাকা রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবার দেশ গড়ার পালা। দেশ গঠনে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন।
বিবিসি বাংলা
স্বাধীনতার বিরোধিতা থেকে সংসদের প্রধান বিরোধী দল, কীভাবে এতদূর এল জামায়াত
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে যত আসন পেয়েছে, তা আগে আর কখনোই পায়নি।
বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করা এবং মুক্তিযুদ্ধের সময় দলটির নেতাদের পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত থাকারও অভিযোগ রয়েছে। সেই ইতিহাসকে সাথে নিয়েই এবার বাংলাদেশের সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত।
বণিক বার্তা
ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা
চব্বিশের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর একে একে পদত্যাগ করেছিলেন ৪৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিছু সময়ের জন্য প্রতিষ্ঠানগুলো এক রকম অভিভাবকশূন্য হয়ে পড়ে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়। এছাড়া মেয়াদ শেষ হওয়ার মতো ঘটনা এবং কার্যক্রম শুরু হওয়া নতুন বিশ্ববিদ্যালয়েও উপাচার্য নিয়োগ দেয়া হয়। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদে উপাচার্য নিয়োগ করা হয়েছে ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। কয়েক দিনের মধ্যেই নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণ করবে। এমন পরিস্থিতিতে বর্তমান উপাচার্যদের অনেকেই তাদের মেয়াদের স্থায়িত্ব নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানা গেছে। বেশির ভাগ উপাচার্যই দায়িত্ব পালন অব্যাহত রাখতে আগ্রহী।
বিবিসি বাংলা
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে গণভোটে ভোট দিয়েছেন সাত কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ভোটার, যা মোট ভোটের ৬০ দশমিক ২৬ শতাংশ।
নির্বাচনের পর শুক্রবার রাতেই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
প্রথম আলো
অন্তর্বর্তী সরকারের আমলে ঋণের কোনো প্রতিশ্রুতি দেয়নি ভারত, চীন ও রাশিয়া
অন্তর্বর্তী সরকারের গত দেড় বছরে ভারত, চীন ও রাশিয়া ঋণের কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে পুরোনো ঋণের অর্থ ছাড় করেছে দেশ তিনটি।
অন্তর্বর্তী সরকারের আমলে ওই তিন দেশ সব মিলিয়ে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড় করেছে। বিপরীতে এই সময়ে কোনো প্রকল্পের আওতায় নতুন করে প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ।
কালের কণ্ঠ
নতুন প্রধানমন্ত্রীর নিবাস হবে যমুনায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের প্রধান হিসেবে দু-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর শপথ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন প্রস্তুত না থাকায় এ মুহূর্তে তিনি সেখানে উঠতে পারছেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর সরকারি বাসভবন ‘যমুনা’ ছেড়ে দেওয়ার পর সেখানে উঠতে হবে নতুন প্রধানমন্ত্রীকে। এ জন্য দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হবে।
দেশ রূপান্তর
নবীন-প্রবীণের সমন্বয়ে তারেকের মন্ত্রিসভা থাকবেন শরিকরাও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পর অতিদ্রুত সরকার গঠনের জন্য মন্ত্রিসভা চূড়ান্ত করছেন দলটির চেয়ারম্যান এবং আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভায় প্রবীণদের পাশাপাশি নবীনরাও থাকবেন।
সমকাল
ঐক্যে শক্তি, বিভাজনে দুর্বলতা
জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের ওপর জোর দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বললেন, ‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।’ একই সঙ্গে সবার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা চেয়েছেন। তাঁর ভাষায়, এখন দেশ গড়ার পালা। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমকাল
মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। একই দিনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানা গেছে।