রোজায় বাজার নিয়ন্ত্রণই বড় পরীক্ষা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
শুরুটা আরও সুন্দর হতে পারত
জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটি স্বৈরশাসনের পতন ঘটায়নি; জন্ম দিয়েছিল এক নতুন প্রত্যাশার। দীর্ঘ প্রতীক্ষার পর দেশ পেল একটি শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। গতকাল মঙ্গলবার ছিল নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং নতুন মন্ত্রিসভার শপথ। সব মিলিয়ে দিনটি হওয়ার কথা ছিল নতুন রাজনৈতিক সূচনার প্রতীক, গণতন্ত্রের প্রত্যাবর্তনের এক বড় আনুষ্ঠানিক উদ্যাপন।
বিবিসি বাংলা
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন?
তারেক রহমানের নেতৃত্বে গঠিত প্রথম মন্ত্রিসভার আকার 'ছোট হবে' জানালেও শেষপর্যন্ত ৫০ সদস্যের মন্ত্রিপরিষদ ঘোষণা করেছে বিএনপি। নতুন এই সরকারে যারা মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তাদের মধ্যে ৪১ জনই প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ এমন দায়িত্ব পেলেন। এমনকি তারেক রহমান নিজেও প্রথমবার মন্ত্রিসভার সদস্য হয়েছেন।
যুগান্তর
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নযাত্রা
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শুরু হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন বাংলাদেশের স্বপ্নযাত্রা। যেন এলেন, দেখলেন আর জয় করলেন। ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে রাজধানীর পূর্বাচলের তিনশ ফিটের জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি যখন বলেছিলেন-‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে), তখনই মানুষ বুঝে গিয়েছিল তারেক রহমানের ওপর আস্থা রাখা যায়। মানুষ তার দলকে উজাড় করে দিয়েছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। মঙ্গলবার তারই আনুষ্ঠানিকতা হলো এক ব্যতিক্রমী আয়োজনে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিলেন। তার শপথের পর প্রথমে মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথগ্রহণ করেন। রেওয়াজ ভেঙে বঙ্গভবনের বদলে এবারের শপথ অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হয়েছেন ২৫ জন ও প্রতিমন্ত্রী ২৪ জন। যার মধ্যে ৪০ জনই নতুন মুখ। এতে স্থান পেয়েছেন সাবেক ছাত্রনেতারাও। মিত্র দলের দুইজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাহাড়সম অভিপ্রায় নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হলো।
বিবিসি বাংলা
যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার নির্মাণ সহ ভারত আর ফ্রান্সের মধ্যে যেসব চুক্তি হলো
ভারত আর ফ্রান্স তাদের সম্পর্ককে 'বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বে' উন্নীত করেছে। মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে মুম্বাইতে এক দীর্ঘ বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গেই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরালো করার বার্তা দেওয়া হয়েছে।
সেখান থেকেই ভারতের কর্ণাটক রাজ্যে একটি উচ্চক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার 'অ্যাসেমব্লি' কারখানার উদ্বোধন করা হয়েছে।
আজকের পত্রিকা
সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা মনোনীত হয়েছেন। একই সঙ্গে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপনেতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম চিফ হুইপ মনোনীত হয়েছেন।
জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা দুপুর ১২টার দিকে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এরপর শফিকুর রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে প্রধান বিরোধী দলের কক্ষে জামায়াতে ইসলামীর সংসদীয় দলের প্রথম সভা হয়। এরপর ১১ দলীয় ঐক্যের নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বৈঠক হয়, সেখানে ৭৭ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
প্রথম আলো
তারেক রহমানের ৫০ সদস্যের মন্ত্রিসভায় ৪১ জনই নতুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নিয়েছে। বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন।
কালের কণ্ঠ
শুল্কমুক্ত গাড়ি, প্লট নেবেন না বিএনপির এমপিরাও
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি বা প্লট না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বণিক বার্তা
সংসদের সার্বভৌমত্বের পক্ষে বিএনপি, সংবিধান সংস্কার পরিষদের শপথ ১১ দলীয় জোটের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সংসদকেই সার্বভৌম হিসেবে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু না থাকা এবং গণভোটের বিধান সংসদে পাস করানোর প্রক্রিয়াকে আমলে নিয়ে দলটি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি।
কালের কণ্ঠ
রোজায় বাজার নিয়ন্ত্রণই বড় পরীক্ষা
দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই নতুন সরকারকে নাগরিক জীবনের সবচেয়ে সংবেদনশীল ইস্যু নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নিয়ে পরীক্ষার মুখে পড়তে হচ্ছে। বাজারে বিদ্যমান সিন্ডিকেট ভাঙা এবং দামের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন তাদের জন্য তাৎক্ষণিক এক বড় চ্যালেঞ্জ।
দেশ রূপান্তর
সংবিধান সংস্কার পরিষদের কী হবে
প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে জামায়াত-এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও শপথে অংশ নেয়নি বিএনপির দলীয় সংসদ সদস্যরা। ফলে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
কালবেলা
দুই দশকের কঠিন পথ পেরিয়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায়
দীর্ঘ ২০ বছরের প্রতীক্ষা, আন্দোলন আর কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সবশেষ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে ক্ষমতায় ছিল দলটি। এরপর দীর্ঘ রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে বিএনপির এবারের প্রত্যাবর্তনকে সমসাময়িক রাজনীতির ইতিহাসে ‘ঐতিহাসিক পুনরুত্থান’ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গতকাল মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে শপথ নিয়েছেন ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিএনপির নতুন মেয়াদের শাসনকাল।