বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান বৃদ্ধি সরকারের বড় পরীক্ষা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
চোখের সামনে ভবন পুড়ে অঙ্গার
১৮ ডিসেম্বর ২০২৫। সারা দিন অফিসের কাজ শেষ করে রাতে বাসায় ফিরি। ঘণ্টাখানেক পর আমার বিভাগের প্রধান জাহিদুল করিম ফোন দিলেন। তখন ঘড়ির কাঁটায় রাত সাড়ে ১১টা হতে পারে। তিনি শাহবাগ থেকে বললেন, ‘আমাদের অফিসের সামনে কিছু মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছে। তাড়াতাড়ি যাও।’
বিবিসি বাংলা
বাংলাদেশে ১৮ মাস পর আজ দায়িত্ব নিচ্ছে নির্বাচিত সরকার
বাংলাদেশে প্রায় দেড় বছরেরও বেশি সময় পর আবার নির্বাচিত রাজনৈতিক সরকারের যাত্রা শুরু হচ্ছে আজ। সকালে সংসদ ভবনে নতুন এমপিদের শপথের পর বিকেলেই নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভাকেও শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বণিক বার্তা
২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সরকার
রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। দায়িত্ব গ্রহণের সময় নতুন সরকারের কাঁধে চাপতে যাচ্ছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। পাশাপাশি ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ছিল ৩২ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি সরকারকে অর্থনীতির এ বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।
বিবিসি বাংলা
বাংলাদেশে মন্ত্রী হলে কী সুযোগ সুবিধা পাওয়া যায়?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদ।
বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে যারা শপথ নেবেন তাদের কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
বণিক বার্তা
অন্তর্বর্তী সরকারের শেষ সময়েও উন্নয়ন বরাদ্দ ব্যয়ে গতি আসেনি
গত জানুয়ারিতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যয় হয়েছে ৮ হাজার ৬৪৯ কোটি ৪২ লাখ টাকা, যা মোট বরাদ্দের মাত্র ৩ দশমিক ৬৪ শতাংশ। জানুয়ারির মতোই চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এডিপি বাস্তবায়ন হারে ছিল নিম্নগতি। এ সময়ে বাস্তবায়ন হয়েছে মাত্র ৫০ হাজার ৫৫৬ কোটি টাকা, যা ২১ দশমিক ১৮ শতাংশ। এটি সাম্প্রতিক বছরগুলোয় সর্বনিম্ন। এ বছর ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি ৬৪ লাখ টাকা এডিপি বরাদ্দ রাখা হয়েছে।
প্রথম আলো
প্রশাসনে বড় রদবদল আসছে, পদ পেতে তৎপর অনেকে
নতুন সরকার গঠনের আগের তিন দিনে জনপ্রশাসনের দুটি শীর্ষ পদের দুজন কর্মকর্তা নিজে থেকে সরে গেছেন। একজন হলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ, অন্যজন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গতকাল সোমবার চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
যুগান্তর
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের পথচলার ইতি টেনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে। একই সঙ্গে ফের গণতন্ত্রের পথে হাঁটবে লাল-সবুজের বাংলাদেশ। আজ বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে সংসদ ভবনের নিচতলায় অবস্থিত শপথ কক্ষে সকাল ১০টায় দুই ভাগে শপথ নেবেন নবনির্বাচিত সংসদ-সদস্যরা। প্রথমে বিএনপিসহ তাদের জোটের সংসদ-সদস্যরা, এরপর জামায়াতে ইসলামীসহ তাদের জোটের সংসদ-সদস্যরা এবং সবশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র সংসদ-সদস্যরা শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করাবেন।
কালের কণ্ঠ
বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান বৃদ্ধি সরকারের বড় পরীক্ষা
নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি আইসিটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থানের পরিকল্পনা ঘোষণা করেছে। এর মধ্যে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচটি বিশেষায়িত খাতে দুই লাখ এবং ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনে আট লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিদেশে বছরে ২০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগের কথাও বলা হয়েছে।
বণিক বার্তা
রফতানির ধারাবাহিক পতনে বাণিজ্য ঘাটতি বেড়ে সাড়ে ১১ বিলিয়ন ডলার
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে দেশের পণ্য রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন হয়। তার পর থেকে ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচ মাস নেতিবাচক প্রবৃদ্ধি ছিল রফতানিতে। অন্যদিকে একই সময়ে আমদানি ব্যয় বেড়েছে। ফলে চলতি অর্থবছরের প্রথম ছয় মাস জুলাই থেকে ডিসেম্বরে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ কোটি ৪০ লাখ বা সাড়ে ১১ বিলিয়ন ডলারের কিছু বেশি।
দেশ রূপান্তর
প্রধানমন্ত্রীর রুম নম্বর ২০১
নতুন ভবনে আসবেন নতুন প্রধানমন্ত্রী। সে প্রস্তুতিই সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয়তলায় ২০১ নম্বর কক্ষটি প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। এটি অনেকটাই নিশ্চিত প্রধানমন্ত্রী হিসেবে এই ভবনের কক্ষটিতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সমকাল
রমজানের পণ্যবোঝাই অর্ধশত জাহাজ বন্দরসীমায় আটকা
চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্য নিয়ে ভাসতে থাকা ৫৫ জাহাজ ধরতে পারছে না রমজানের বাজার। পাইকারি মোকাম খাতুনগঞ্জ ঘিরে এসব পণ্য বন্দরে আনা হলেও সেগুলো যথাসময়ে খালাস করতে পারেননি আমদানিকারকরা। বন্দরসীমায় বিভিন্ন পণ্য নিয়ে এখনও ভাসছে ১১০টি জাহাজ। এর মধ্যে ভোগ্যপণ্য বোঝাই জাহাজ আছে অর্ধেক।
প্রথম আলো
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ৭৬ শতাংশই নতুন
ত্রয়োদশ জাতীয় সংসদের ৭৬ শতাংশ সদস্যই নতুন। ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২২৭ জন প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন। এর মধ্যে বিএনপির ১৪৮ জন। জামায়াতে ইসলামীর ৬৩ জন।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এই দুটি আসনেও বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।
সমকাল
নতুন সরকারকে ভোগাতে পারে বিদ্যুৎ ও জ্বালানি
নির্বাচনের পর আজ মঙ্গলবার নতুন সরকার এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছে, যখন দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একাধিক সংকটে রয়েছে। সামনে রমজান, বাড়ছে তাপমাত্রা এবং শুরু হচ্ছে বোরোর সেচ মৌসুম। একই সঙ্গে শিল্পকারখানা ফের চালুর সম্ভাবনাও তৈরি হচ্ছে। ফলে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা বাড়বে।
কালবেলা
জামানত বাঁচাতে পারেননি ৬৬ শতাংশ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৩৪৭ জন প্রার্থী তাদের জামানত বাঁচাতে পারেননি। এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সে হিসাবে অন্তত ৬৬ শতাংশেরও বেশি প্রার্থী তাদের জামানত রক্ষা করতে পারেননি। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফল বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।