১০০ দিনে সরকারের ছয় অগ্রাধিকার

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে আইনের শাসনে
জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি–নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় বা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি অথবা জোরজবরদস্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।
দেশ রূপান্তর
নতুন সরকারের ৩ অগ্রাধিকার নির্ধারণ
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন গতকাল বুধবার কর্মব্যস্ত সময় পার করেছেন তারেক রহমান। অন্য কর্মসূচির মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে তিনি সরকারের জন্য তিনটি অগ্রাধিকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য নির্দেশনা দেন।
সমকাল
অর্থনীতিতে স্বস্তি আনার চাপে নতুন সরকার
বিএনপির নেতৃত্বাধীন সরকার কাজ শুরু করেছে। দায়িত্ব গ্রহণের সময় নতুন সরকার এমন একটি অর্থনীতি পেয়েছে, যেখানে বহুমুখী অস্বস্তি ও চাপ রয়েছে। বিভিন্ন সংকট থেকে উত্তরণের চ্যালেঞ্জ রয়েছে। নতুন সরকারের ওপর সংস্কারের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচল করার বড় দায়িত্ব পড়েছে। দীর্ঘ অস্থিরতায় বিনিয়োগ কমেছে। থমকে আছে কর্মসংস্থান। বেড়েছে মূল্যস্ফীতি। অনেকের প্রকৃত আয় কমেছে। বাজারে অস্থিরতা। এসব বিষয়ে মানুষ দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চায়। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, সরকারের প্রথম কাজ হবে রমজানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। এটিই ‘টেস্ট কেস’।
বিবিসি বাংলা
খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালনের সময় আলোচিত খলিলুর রহমান নির্বাচিত বিএনপি সরকারে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় খোদ দলটির নেতা-কর্মীরাই অবাক হয়েছেন। এর সমালোচনা করেছে বিরোধী দলও।
বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন, মি. রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়টি তাদের জন্য বিব্রতকর ও অস্বস্তিকর হয়েছে।
সমকাল
ছয় মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী
আগামী ছয় মাসের কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।
বণিক বার্তা
জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে
দেশের বিদ্যুৎ খাতে এ মুহূর্তে বকেয়া ৪০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের চাহিদার বিপরীতে রয়েছে বড় সরবরাহ ঘাটতি। সেই সঙ্গে বিদ্যুৎ খাতের অব্যাহত লোকসান পিছু ছাড়েনি। এমন পরিস্থিতির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এদিকে চলমান সেচ মৌসুম ও রমজান মাস শুরু হয়েছে। আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে অনেক গুণ। সামগ্রিকভাবে বিদ্যুৎ খাতে বকেয়া জটিলতা সামলানো, আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি গ্যাসের সরবরাহ সংকট মোকাবেলা বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সমকাল
বছরজুড়ে ভোট আয়োজনে প্রস্তুতি শুরু ইসির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রেশ কাটতে না কাটতেই অনেক নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রমজানের মধ্যে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করতে চায় তারা। স্থগিত শেরপুর-৩ আসনের নির্বাচন এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচন হবে ঈদুল ফিতরের পর।
কালের কণ্ঠ
রোজার বাজারে চেনা সিন্ডিকেট সক্রিয়, সব পণ্যই চড়া
সেই চেনা বাজার। চেনা সব দোকানদার। কিন্তু রোজা আসায় সব যেন অচেনা! ইফতার ও সাহরির সঙ্গে সংশ্লিষ্ট জিনিসপত্রের দামে রীতিমতো আগুন! এই বাড়তি দাম ‘জায়েজ’ করতে অন্তহীন অজুহাত। খুচরা বিক্রেতা পাইকারদের, পাইকাররা আমদানিকারকদের দায়ী করছেন।
যুগান্তর
সবার নজরে দুই প্রবীণ নেতা
বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রবীণ দুই নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. আবদুল মঈন খান এখনো সরকারের বাইরে আছেন। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন তারা। ফলে নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সচেতন জনগোষ্ঠীর অনেকেরই নজর এখন এ দুই নেতার দিকে। প্রবীণ এ দুই নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয়, তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে জনমনে। আলোচনা ছড়িয়ে পড়েছে, খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি এবং ড. মঈন খানকে সংসদের স্পিকার নির্বাচিত করা হতে পারে।
দেশ রূপান্তর
তদবির করলেই পুলিশে বদলি-নিয়োগ বাতিল
ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতির ও উন্নতির উদ্যোগ নিয়েছে নতুন সরকার। পুলিশকে জনবান্ধব, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক করা, তাদের ভালো কাজের মূল্যায়ন করা, অহেতুক কাউকে হয়রানি না করাসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে নতুন সরকার। পুলিশের কোনো কর্মকর্তার বা সদস্যের ভালো স্থানে বা লোভনীয় পদে নিয়োগের তদবির করা হলে তা বাতিল করে দিতে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
কালবেলা
১০০ দিনে সরকারের ছয় অগ্রাধিকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ১০০ দিনের ‘স্বল্পমেয়াদি’ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে নতুন সরকার। এ অনুযায়ী রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় অগ্রাধিকার পাচ্ছে বলে জানা গেছে। বাকিগুলো হলো—অর্থনীতি পুনর্গঠন, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, কর্মসংস্থান এবং ছয় মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন।