রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে অভিযান পরিচালনা করে অবৈধভাবে কালোবাজারির উদ্দেশ্যে মজুত করা সরকারি ওএমএস ১৭০৫ বস্তা চাল এবং ৫০০ বস্তা আটা উদ্ধার করা হয়েছে
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাতে র্যাব-৪ এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ চাল ও আটা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে র্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত এসপি কে এন রায় নিয়তি এতথ্য জানান।
তিনি বলেন, র্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বাজারে একটি গোডাউনে ওএমএসের চাউল ও আটা অবৈধভাবে বিক্রির জন্য প্যাকেজিং করা হচ্ছে।
বিজ্ঞাপন
ওই তথ্যের ভিত্তিতে গতরাতে র্যাব-৪ ও র্যাব- ১০ এর যৌথ সহযোগিতায় সেখানে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কালোবাজারি সরকারি ওএমএস ১৭০৫ বস্তা চাল এবং ৫০০ বস্তা আটা উদ্ধার করা হয়।
উদ্ধার করা চাউল ও আটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জব্দ করে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন।
প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত এসপি নিয়তি বলেন, চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কালোবাজারির মাধ্যমে ওএসএসের চাল ও আটা সংগ্রহ করতো। পরে সেগুলো প্যাকেট পরিবর্তন করে বিভিন্ন ব্রান্ডের নামে বস্তায় প্যাকেজিং করে বিক্রি করতো। এই ঘটনায় শ্যামপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
জেইউ/জেডএস
