বিপুল ব্যবধানে বগুড়ায় তারেক রহমানের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তিনি ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
আসনটির ১৫০টি কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেসরকারিভাবে এই ফলাফল জানানো হয়। এই কেন্দ্রে মোট ভোটার ৪ লক্ষ ৫৪ হাজার ৪৩। এর মধ্যে বৈধ ভোট কাস্টিং হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৪৮৯টি।
এই আসনে মোট ৫টি রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। বাকী প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মামুনুর রশিদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০৮টি ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর প্রার্থী দিলরুবা নূরী মই প্রতীকে পেয়েছেন ৭৯৫ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীকে পেয়েছেন ২৭৬ ভোট।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ তৌফিকুর রহমান তার কার্যালয়ে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
আব্দুল মোমিন/এমটিআই