বিজ্ঞাপন

লাইভইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান

অ+
অ-

কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের ‘‘বড় ধরনের যুদ্ধের অভিযান’’ শুরু হয়েছে। এর আগে, একই দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল-জাজিরা। ইরানে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী পতনই এবারের সামরিক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার বৈধ লক্ষ্যে পরিণত হবে। আঞ্চলিক এই সংঘাতে প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।

যুদ্ধ কতদিন চলবে, তা নিয়ে আমরা ভাবছি না : ইরানি জেনারেল

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান, বরং এ যুদ্ধে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মূল মনোযোগ নিজেদের লক্ষ্য অর্জন করা এবং যুক্তরাষ্ট্রকে একটি কঠিন জবাব দেওয়া।

ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং দেশটির সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স-এর ডেপুটি কমান্ডার জেনারেল কিওমার্স হায়দারি গতকাল বুধবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সেই সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেন, “যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে আমরা ভাবছি না। কারণ টানা আট বছর ধরে যুদ্ধ (ইরাক-ইরান যুদ্ধ) করার অভিজ্ঞতা আমাদের আছে। এখন যে যুদ্ধ চলছে— তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য অর্জন না করতে পারছি এবং যুক্তরাষ্ট্রকে একটা শক্ত জবাব দিতে না পারছি— ততদিন যুদ্ধ চলবে।”

ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক : প্রধানমন্ত্রী সুদানি

নিজেদের ভূখণ্ডে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকিকে প্রশ্রয় দেবে না ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির বরাত দিয়ে বুধবার এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে বুধবার ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেই বৈঠকের পর বিবৃতি সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে পোস্ট করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, “ফোনালাপে ইরানের শাহাদাৎবরণকারী সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তিনি নিশ্চিত করে বলেছেন যে তার নেতৃত্বাধীন সরকার ইরাকের ভূখণ্ডে কিংবা সীমান্তে ইরানের বিরুদ্ধে কোনো হুমকিকে আশ্রয়-প্রশ্রয় দেবে না।”

হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান

বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে একটি ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। বিধ্বস্ত সেই জাহাজটিতে ২৪ জন ক্রু ছিলেন, তাদের সবাইকে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। গতকাল বুধবার ঘটেছে এ হামলা।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর জানিয়েছে, মাল্টার পতকাবাহী সেই ট্যাংকার জাহাজটিতে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওমানের নৌবাহিনীর তৎপরতায় বিধ্বস্ত সেই ট্যাংকার থেকে উদ্ধার করা হয় জাহাজটি ২৪ জন ক্রুর সবাইকে। হামলায় কোনো ক্রু’র নিহতের সংবাদ পাওয়া যায়নি, তবে কয়েক জন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের নৌবাহিনী।

৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ

ইরানের সঙ্গে যে যৌথ যুদ্ধ করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেটি ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বুধবারের সংবাদ সম্মেলনে ইরানের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে হেগসেথ বলেন, “আপনি বলতেই পারেন যে এই যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু এটা ৬ সপ্তাহ (স্থায়ী) হতে পারে হতে পারে, ৮ সপ্তাহ হতে পারে এমনকি ৩ সপ্তাহ ধরেও চলতে পারে।”

“এখন এই মুহূর্তে আমরা এটুকু বলতে পারি যে এই যুদ্ধে আমাদের গতি কেমন হবে— তার আমরা নির্ধারণ করেছি এবং এখন পর্যন্ত সেই অনুযায়ী চলছি। শত্রু এখন ভারসাম্যহীন অবস্থায় আছে এবং আমরা তাদের এ অবস্থাতেই রাখব।”

ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে গেছে। বুধবার তেহরানসহ ইরানের পবিত্র শহর কোম, ইসফাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

জবাবে ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি হামলায় আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস-এর (IRGC) আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর ভবন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের কার্যালয়গুলোকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

কুয়েতের উপকূলে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার

ইরান থেকে আসা কোনো ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে জাহাজ ডুবে গেছে এবং সেটির তেল সাগরে ছড়িয়ে পড়েছে।

বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো)।

“কার্গো জাহাজটি থেকে তেল চুইয়ে সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। জাহাজটি ডুবে গেছে, তবে ক্রুরা সবাই নিরাপদ আছেন।”

  • ইসরায়েলে ইরানের মিসাইল নিক্ষেপ

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার পৌনে ৭টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এর আগে অন্তত ৮ ঘণ্টা আগে ইসরায়েলে মিসাইল ছুড়েছিল তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের প্রভাবে মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মিসাইলগুলো প্রতিহত করার চেষ্টা করছে। ইরানের পাশপাশি প্রায় একই সময়ে ইরাক থেকেও মিসাইল ছোড়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে।

তুরস্ককে জানাল তেহরান

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে বিরুদ্ধে সামরিক জবাব অব্যাহত থাকবে ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গতকাল বুধবার হওয়া ফোনালাপে তার্কিস মন্ত্রীকে ইরানের আরাগচি জানিয়েছেন, ‘শত্রুদের শয়তানি ঠেকানোর আগ পর্যন্ত’ ইরানের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

  • রিয়াদের কাছে ইরানের তিনটি ক্রুজ মিসাইল ভূপাতিত করল সৌদি

রাজধানী রিয়াদের কাছে ইরানের ছোড়া তিনটি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে সৌদি আরব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, রিয়াদে পৌঁছানোর আগে আল-খার্জ শহরে মিসাইলগুলো ভূপাতিত করা হয়।

কুর্দিস্থানও বলছে এমন কিছু হয়নি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে দাবি করা হয় ইরাক থেকে ইরানে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে প্রবেশ করেছে এবং তারা সেখানে স্থল অভিযান শুরু করে।

  • সরকার পতনের চেষ্টা করলে ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইরানের

সরকার পরিবর্তনের চেষ্টা করলে দখলদার ইসরায়লের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। দেশটির আধাসরকারি বার্তাসংস্থা ইসনা এক সামরিক কর্মকর্তাদের বরাতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে যদি সরকারের পতন ঘটানোর চেষ্টা করে তাহলে ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হবে।

ইরাক থেকে ইরানে ঢুকেছে কয়েক হাজার কুর্দি যোদ্ধা। তারা ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে। যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট কুর্দিদের কাজে লাগিয়ে ইরানে সরকার পতনের পরিকল্পনা করে আসছিল যুক্তরাষ্ট্র। যা এখন বাস্তবে রূপ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের মদদ ও সহায়তায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্থল হামলা শুরু করেছে ইরানি কুর্দিরা। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের সাংবাদিক বারাক রেভিড মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, “ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ইরানি কুর্দিরা স্থল হামলা শুরু করেছে।

  • ইরানের রাজধানীতে নতুন করে ব্যাপক হামলা ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ফের ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ ঘোষণা দেয়। তারা বলেছে, ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

এরআগে বুধবার সন্ধ্যার দিকে তেহরানে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। এতে ইরানের ব্যালিস্টিক মিসাইল সংশ্লিষ্ট অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছিল তারা।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরানের সেনারা ব্যালিস্টিক মিসাইল ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক ও্ই সময় হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সকালে তেহরানে প্রথম হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বুধবার রাতেরটি ছিল ১১তম হামলা।

  • কমে গেছে ইরানের মিসাইল হামলা, যুদ্ধকালীন কিছু বিধিনিষেধ শিথিল ইসরায়েলের

ইরানের মিসাইল হামলার পরিমাণ কমে যাওয়ায় যুদ্ধকালীন কিছু বিধিনিষেধ শিথিল করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত প্রায় ৩টার দিকে জানায়, যুদ্ধের শুরুতে সাধারণ মানুষের ওপর যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তার কিছু শিথিল করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সীমিত কার্যক্রম চালাতে পারবেন সাধারণ মানুষ। এর আগে এটি শুধুমাত্র জরুরি কার্যক্রমে সীমিত ছিল।

তবে শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

আগে জমায়েত বন্ধ থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৫০ বা তারও বেশি মানুষ একসঙ্গে জড়ো হতে পারবেন। তবে যেখানে জড়ো হবেন ওই জায়গার কাছাকাছি বোমা শেল্টার থাকতে হবে। যেন কোনো হুমকি তৈরি হলে দ্রুত শেল্টারে যাওয়া যায়। এছাড়া বোমা শেল্টার কাছাকাছি থাকার শর্তে অফিসও খোলা যাবে এবং কাজকর্ম করা যাবে।

সক্ষমতা কমিয়ে দেওয়ার দাবি ইসরায়েলের

  • ইরানের মিসাইল হামলার পরিমাণ কমছে

ইরানের মিসাইল হামলার সক্ষমতা কমিয়ে দেওয়ার দাবি করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী। তারা বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের মিসাইলের মজুদ ও মিসাইল ছোড়ার লঞ্চারে তারা আঘাত হেনেছেন। এতে করে ইরান গত কয়েকদিনের তুলনায় কম মিসাইল ছুড়তে পারছে।

গতকাল বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ সোশানি বলেছেন, “ইসরায়েল ইরানের প্রায় ৩০০টি মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, ইরানের মিসাইল লঞ্চার এবং তাদের মিসাইল মজুদের ওপর আমাদের চালানো হামলাগুলো বেশ কাজে দিচ্ছে। আর ঠিক এই কারণেই আমরা দেখতে পাচ্ছি যে, প্রতিদিন ছোড়া মিসাইলের সংখ্যা আগের চেয়ে অনেক কমে এসেছে।”

পশ্চিমা গোয়েন্দাদের দাবি

কয়েকদিনের মধ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল শেষ হয়ে যাবে

বর্তমানে যে হারে ইরান ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে এমন করে ছুড়তে থাকলে আর কয়েকদিনের মধ্যে তাদের মিসাইল শেষ হয়ে যাবে। কয়েকজন পশ্চিমা গোয়েন্দা এ তথ্য জানিয়েছে বলে গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি। জেষ্ঠ এক কর্মকর্তা বার্তাসংস্থাটিকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেশ সফলভাবে ইরানের মিসাইল লঞ্চারে হামলা চালাচ্ছে। এ কারণে ইরানের মিসাইল ছোড়ার পরিমাণও কমে গেছে বলে দাবি তার। তবে ইরান হয়ত তার কিছু মিসাইল জমিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন এ কর্মকর্তা।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

  • ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, হিসাব করে করতে হবে ব্যবহার

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে বিপুল প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হয়েছে। ইরানের অব্যাহত হামলার কারণে এসব মিসাইল ফুরিয়ে আসছে। ফলে আগামী কয়েকদিন পর থেকেই তাদের হিসাব করে প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ডেন কেইন বলেছিলেন, তাদের কাছে পর্যাপ্ত আক্রমণাত্মক ও রক্ষণাত্মক মিসাইল রয়েছে। কিন্তু সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এখন জানাল ভিন্ন তথ্য।

  • এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা

ইরাকে অবস্থানরত সব নাগরিককে এ মুহূর্তে ইরাক ছাড়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এমন নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, "ইরাকে থাকা মার্কিনিদের যত দ্রুত সম্ভব এবং নিরাপদে দেশটি ছেড়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। যারা এখনই ইরাক ছাড়তে পারবেন না, তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার অনুরোধ করা হলো। তবে সুযোগ থাকলে এখনই ইরাক ছাড়ুন।” গত শনিবার ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর অশান্ত হয়ে ওঠে পুরো মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নিজ নাগরিকদের সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্র। বুধবার নতুন বার্তায় জরুরিভিত্তিতে ইরাক ছাড়ার কথা বলা হয়েছে।

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে ভারত নিজেদের বন্দর ব্যবহার করতে দিচ্ছে, এমন অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেছে দেশটি। আজ বুধবার এক বিবৃতিতে ভারতের পরররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন সেনারা তাদের বন্দর ব্যবহার করছে এমন তথ্য মিথ্যা ও ভুয়া। 

  • লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ হিজবুল্লাহর

লেবাননের খাইম শহরে দখলদার ইসরায়েলের সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে জড়িত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

তারা বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধা সাড়ে ৬টার দিকে ইসরায়েলি সেনারা খাইম দিয়ে লেবাননে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ওই সময় তাদের অবস্থান লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এরপর ইসরায়েলি সেনাদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। যা এখনো চলছে বলে বিবৃতিতে জানিয়েছে তারা।

তাদের হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। আলাদা এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের কিরাত সামোনাতে রকেট নিক্ষেপ করেছে। সেখানেও দখলদারদের সেনা আহত হয়েছে বলে জানিয়েছে তারা।

  • ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইসরায়েল। বুধবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে মিসাইল নিক্ষেপ করা হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইলের প্রভাবে মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

• ইরান যুদ্ধে সামরিক শক্তিতে সমাধান মিলবে না : জার্মানি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কেবল ‘সামরিক শক্তি ও একতরফা পদক্ষেপ’ দিয়ে সমাধান করা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এই মন্তব্য করে বিষয়টিকে ‘অলীক কল্পনা’ বলে অভিহিত করেছেন।

জার্মান পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে পিস্টোরিয়াস বলেন, ‘‌‘আমাদের আমেরিকান এবং ইসরায়েলি বন্ধুদের কাছে এই বিষয়টি বারবার জোর দিয়ে বলতে হবে এবং আমরা তা চালিয়ে যাব।’’

এদিকে, গতকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মাৎর্জ সাংবাদিকদের বলেন, তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের লক্ষ্যগুলোকে সমর্থন করেন। তবে বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাবের আশঙ্কায় তিনি দ্রুত এই যুদ্ধ সমাপ্তির আহ্বান জানিয়েছেন।

• বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

লেবাননে ইরানি দূতাবাসে কোনও ধরনের হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি এই হুমকি দিয়েছেন।

বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনে ইসরায়েলি হামলার হুমকির বিষয়ে শেকারচি বলেন, ইসরায়েল নামের ‘অপরাধী রাষ্ট্রটি’ বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনাবোধ এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে সংযম প্রদর্শন করেছে তেহরান।

• ভারতে মহড়া শেষে ফিরছিল ইরানি সেই যুদ্ধজাহাজ

ভারতে নৌ মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কার কাছে মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনার’ অন্তত ৮৭ আরোহী নিহত হয়েছেন। বুধবার ভারত মহাসাগরে ইরানি ওই যুদ্ধজাহাজে মার্কিন নৌবাহিনীর হামলায় আরও কমপক্ষে ৬২ জন নিখোঁজ রয়েছেন।

ইরানি এই ফ্রিগেট ২০২৪ সালেও বহুজাতিক নৌ মহড়া ‘মিলানে’ অংশ নিতে ভারতে এসেছিল। চলতি বছরও ‘মিলান ২০২৬’-এ যোগ দিতে ইরানের এই যুদ্ধজাহাজ ভারতের জলসীমায় পৌঁছায়। মহড়া শেষ করে দেশের পথে যাত্রা করলেও ইরানি যুদ্ধজাহাজ আইরিস ডেনা আর গন্তব্যে পৌঁছাতে পারেনি। ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে গেছে সেটি।

গত ১৬ ফেব্রুয়ারি ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছিল, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহত্তম ওই বহুজাতিক মহড়া বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নৌবাহিনীকে একত্রিত করবে। এর লক্ষ্য ছিল সমুদ্রসীমায় পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং সম্মিলিত মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি করা। মহড়ার হারবার ও সি-ফেজে সাবমেরিন-বিরোধী যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা এবং তল্লাশি ও উদ্ধার অভিযানের মতো জটিল কাজে গুরুত্ব দেওয়া হয়।

• হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে কমছে। এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করার সময় ইরানের হামলার মুখে পড়ার আশঙ্কায় অধিকাংশ তেল ও গ্যাস ট্যাঙ্কার এখন হরমুজ প্রণালি এড়িয়ে চলছে।

জ্বালানি বিষয়ক গোয়েন্দা সংস্থা ভরটেক্সা ও কেপলারের পরিসংখ্যানের বরাত দিয়ে বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভরটেক্সার কর্মকর্তা ক্লেয়ার জংম্যান বলেছেন, চলতি বছরের জানুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন গড়ে ২৪টি ট্যাঙ্কার এই প্রণালি দিয়ে চলাচল করত। তবে মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম কেপলার বিবিসি ভেরিফাইকে বলেছে, গত ২১ থেকে ২৭ ফেব্রুয়ারির গড়ের তুলনায় ২ ও ৩ মার্চ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।

• ইরানকে তুরস্কের হুঁশিয়ারি, হামলার নিন্দা জানালো ন্যাটো

তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, এমন যেকোনও পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে টেলিফোন করে উদ্বেগ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। টেলিফোনে আব্বাস আরাঘচিকে তিনি বলেছেন, ‘‘‌সংঘাত ছড়িয়ে পড়তে পারে এমন যেকোনও পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।’’

• ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাজিনী (আইআরজিসি)। বুধবার এক বিবৃতিতে কুর্দিস্থানে ইরান-বিরোধী গোষ্ঠীর ওপর হামলা চালানোর তথ্য জানিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইরাকের কুর্দিস্তানে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে কোমালা এবং অন্যান্য প্রতিবিপ্লবী গোষ্ঠীর ঘাঁটি ও সদরদপ্তরে সফলভাবে আঘাত হানা হয়েছে। গত মাসে ইরাকে নির্বাসিত কয়েকটি কুর্দি-বিরোধী গোষ্ঠী একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিয়েছিল। তাদের এই জোটের লক্ষ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান সরকারকে উৎখাত এবং নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা।

• তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগে পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা।তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা 

এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত এবং আঘাত হেনে অকেজো করে দেয়।’’

• খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতে তিন দিনব্যাপী এই শেষ বিদায় ও শোক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায়, অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজকদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।খামেনির বিদায় অনুষ্ঠান স্থগিত

তবে এই শোক অনুষ্ঠান কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনও তারিখ ঘোষণা করা হয়নি। তাসনিম বলেছে, বুধবার স্থানীয় সময় রাত ১০টায় তেহরানে দেশটির প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির যে স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

• ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর এখনও ব্যাপক সক্ষমতা রয়েছে : ইসরায়েল

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা চলছে। উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে সুনির্দিষ্ট এই হামলা অব্যাহত থাকলেও দেশটির এখনও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপক সক্ষমতা রয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ‘‌‘আমরা ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করেছি। ইরানি এসব ব্যবস্থা ইসরায়েলি সীমান্তের জন্য বড় ধরনের হুমকি ছিল।’’

তিনি বলেন, ‘‘আমরা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখব এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা কমিয়ে ফেলবো। তবে দেশটির এখনও উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্ভেদ্য নয়।’’

• ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হিজবুল্লাহর হামলা

ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।

যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোনসহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইসরায়েলি সামরিক সরঞ্জামপ্রস্তুতকারক কোম্পানি আইএআইর সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

• ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার রাতে মোজতাবাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এ হুমকি দিয়েছেন কাৎজ।

বুধবার ভোরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইসরায়েল কাৎজ বলেন, “ইরানের সন্ত্রাসী সরকারের নতুন নেতা যদি ইসরায়েলকে ধংসের পরিকল্পনায় নেতৃত্ব দেন, যুক্তরাষ্ট্র এবং মুক্ত পৃথিবী এবং আঞ্চলিক দেশগুলোকে হুমকির ওপর রাখেন, ইরানের সাধারণ জনগণের ওপর দমন-পীড়ন শুরু করেন— সেক্ষেত্রে তার নাম যা-ই হোক কিংবা যেখানেই তিনি লুকান না কেন, (পূর্বসূরির মতো) তিনিও আমাদের স্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।”

• আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

সংযুক্ত আরব আমিরাতে নিজেদের একমাত্র নৌ ও বিমান ঘাঁটির নিরপত্তা বাড়াতে সেখানে বেশ কয়েকটি রাফাল যুদ্ধ পাঠাচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট।

আমিরাতের রাজধানী আবুধাবির আল-ধাফরা এলাকায় অবস্থিত সেই ঘাঁটিটির নাম ক্যাম্প দে লা পাইক্স। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিটিতে সার্বক্ষণিকভাবে অবস্থান করেন ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীর কয়েক শ কর্মকর্তা ও সদস্য।

মঙ্গলবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল বিএফএমটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারট বলেন, “গত ১ মার্চ রোববার আমিরাতে আমাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। এতে ঘাঁটির একটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরেই প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সেখানে রাফাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই রাফালগুলোর কাজ হবে ঘাঁটির ওপরে আকাশসীমাকে নিরাপদ রাখা।”

• ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা

ইরাকে মার্কিন বাহিনীকে লক্ষ্য ড্রোন হামলা হয়েছে। গতকাল রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে অবস্থিতি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করে ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আওলিয়া আল দাম। সারায়া আওলিয়া আল দাম একটি শিয়া সশস্ত্র গোষ্ঠী।

২০০৩ সাল থেকে গোষ্ঠীটি ইরাকে সক্রিয়। গতকাল ড্রোন হামলার পর এক বিবৃতিতে সারায়া আওলিয়া আল দাম-এর হাইকমান্ড বলেছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বদলা নিতে এ হামলা চালানো হয়েছে।

• ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর অন্যতম মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুবার নিশ্চিত করেছেন এ তথ্য।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, “সহজভাবে বলতে গেলে, যেসব বস্তু থেকে আমাদের লক্ষ্য করে আঘাত আসতে পারে— আমরা সেগুলোতে হামলা চালিয়েছি। আমাদের বি ১ এবং বি ২ যুদ্ধবিমান আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসগারে অভিযান চালিয়ে ইরানি নৌবাহিনীর একটি সাবমেরিন-সহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।”

ভূমধ্যসাগরে পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গল-কে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানিয়ে ম্যাক্রোঁ বলেছেন, ২ মার্চ সোমবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসে ব্রিটেনের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র-ড্রোন। যেহেতু সাইপ্রাস ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর সদস্য, তাই ইইউ’র সনদ মেনেই সাইপ্রাসের নিরাপত্তার জন্য ভূমধ্যসাগরে নিজেদের বিমানবাহী রণতরী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ইতোমধ্যে চার্লস দ্য গল বাল্টিক সাগর থেকে ভূমধ্যসগরের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

• কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ১০ জন গ্রেপ্তার করেছে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ভোরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তার ১০ জনের মধ্যে বিরুদ্ধে কাতারের সরকার ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য চুরি এবং তা পাচারের অভিযোগ আছে। এদের মধ্যে ৩ জনের সামরিক ড্রোন তৈরি ও নিক্ষেপ সংক্রান্ত প্রশিক্ষণ আছে।”

• ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চার দিনে ইরানে নিহত হয়েছেন ১ হাজার ৯৭ জন বেসামরিক। নিহতদের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম।

এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। এই আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (হারানা)। বিবৃতিতে বলা হয়েছে, ২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে এসব বোমা।

গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে। যা গত পাঁচদিন ধরে চলছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বুধবার জানিয়েছে, ইরান পাল্টা হামলা হিসেবে এখন পর্যন্ত পাঁচশর বেশি ব্যালিস্টিক মিসাইল এবং দুই হাজারের বেশি ড্রোন ছুড়েছে। কিন্তু তাদের হামলার কারণে ইরানের পাল্টা হামলার সক্ষমতা কমে যাচ্ছে।

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে আছেন

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে আছেন। গত শনিবার হামলা চালিয়েছে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ উচ্চপদস্থ সামরিক কমান্ডারকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সময় আহমেদিনেজাদকেও হত্যার চেষ্টা করা হয়। তবে হত্যাচেষ্টা সত্ত্বেও তিনি বেঁচে গেছেন বলে একটি সূত্র জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে। সূত্রটি বলেছেন, আহমেদেনেজাদ আহতও হননি। কিন্তু তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম গত রোববার দাবি করে আহমেদিনেজাদ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন। তবে আহমেদিনেজাদের বাড়ি টার্গেট করে হামলা চালানো হয়েছিল।

  • কুর্দি যোদ্ধাদের দিয়ে ইরানে স্থল হামলা শুরুর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

ইরাক-ইরান সীমান্তবর্তী কুর্দিস্তানের কুর্দি যোদ্ধাদের দিয়ে ইরানে স্থল হামলা শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটি গোয়েন্দা সংস্থা সিআইএ কুর্দিদের এ জন্য গোপনে অস্ত্র সরবরাহ করছে। সংশ্লিষ্ট সূত্র সংবাদমাধ্যম সিএনএনকে মঙ্গলবার (৩ মার্চ) জানিয়েছেন, ইরাকে অবস্থানরত কুর্দি নেতাদের সঙ্গে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।

ইরানে স্থল হামলা চালাতে তাদের অস্ত্র দেওয়ার ব্যাপারে কথা হচ্ছে। কুর্দিদের রয়েছে হাজার হাজার যোদ্ধা। যারা ইরান-ইরাকের সীমান্তবর্তীস্থানে অবস্থান করছে। বিশেষ করে ইরাকের কুর্দিস্থান তাদের মূল ঘাঁটি। এমন অবস্থায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কুর্দিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ওপর অন্তত কয়েক ডজন ড্রোন দিয়ে হামলা হয়েছে। যেন তারা কোনো ধরনের অভিযান শুরু করতে না পারে।

এক কুর্দি কমান্ডার সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে তারা পশ্চিম ইরানে স্থল হামলা শুরু করতে পারেন।

কুর্দি অপর একটি সূত্র জানিয়েছেন, তাদের প্রাথমিক লক্ষ ইরানের নিরাপত্তাবাহিনীর সদস্যদের হত্যা করা। যেন ইরানের বড় বড় শহরের বেসামরিক মানুষ রাস্তায় নেমে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করতে পারেন। তবে এ ধরনের অভিযান চালাতে ইরানের কুর্দিদের ইরাকের কর্দিদের সহায়তা প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, কুর্দিদের দ্বারা বিশৃঙ্খলা তৈরি করে ইরানে সরকার পতনের ক্ষেত্র তৈরি করা তাদের পরিকল্পনায় রয়েছে।

  • ইরানের তেহরানে ব্যাপক হামলা, লেবাননের বৈরুতেও শোনা গেছে বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টার পর থেকে হামলা শুরু করে তারা। প্রায় একই সময় লেবাননের রাজধানী বৈরুতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তেহরানে বিস্তৃত হামলা শুরু করেছে। এতে টার্গেট করা হচ্ছে ইরানের মিসাইল লঞ্চ সাইট, প্রতিরক্ষা ব্যবস্থা এবং দেশটির অন্যান্য সরকারি অবকাঠামো।

লেবাননের রাজধানীতে বিস্ফোরণ বার্তাসংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বৈরুতে তারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলে হিজবুল্লাহর মিসাইল হামলার কিছু সময় পরই এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। গত শনিবার ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার পর এর প্রতিশোধ হিসেবে দুদিন পর ইসরায়েলে প্রথম রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এরপর তারা ড্রোন ও মিসাইলও ছুড়েছে।

ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এ প্রতিবেদনের তথ্যকে নাকচ করেছে আমিরাত। দেশটি বলেছে তারা আক্রমণাত্মক অবস্থানে অর্থাৎ ইরানে কোনো ধরনের হামলা চালাবে না। তারা আন্তর্জাতিক অধিকার অনুযায়ী নিজেদের আত্মরক্ষা করে যাবে।

  • ইরান থেকে আবারও ইসরায়েলে মিসাইল নিক্ষেপ

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টার দিকে নতুন মিসাইল নিক্ষেপ করে তেহরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সেখানকার বাসিন্দাদের বোম শেল্টারে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলেছে, নতুন মিসাইলগুলো আটকাতে কাজ চলছে।

  • কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল

কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে চারটার দিকে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। তারা বলেছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান দোহার দিকে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এরমধ্যে একটি প্রতিরক্ষা মিসাইল দিয়ে প্রতিহত করা হয়। অপর একটি মিসাইল আল-উদেইদ ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। এই ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এটি মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। তবে মিসাইল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বুধবার প্রায় রাত ৩টার দিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়ে ইরানি বাহিনী। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের মিসাইলের কারণে মধ্য ইসরায়েলে সতর্কতামলক সাইরেন বেজে উঠেছে। তারা বলেছে, গত সাত ঘণ্টার মধ্যে প্রথমবারের মতো আবারও মিসাইল ছুড়েছে ইরান। এরআগে মঙ্গলবার সারাদিনে চার দফা মিসাইল নিক্ষেপ করে তেহরান।

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে।

  • জানালেন ট্রাম্প

  • প্রয়োজনে হরমুজ প্রণালীতে জাহাজকে নিরাপত্তা দেবে মার্কিন নৌবাহিনী

যদি প্রয়োজন হয় তাহলে হরমুজ প্রণালী দিয়ে চলা জ্বালানিবাহী ট্যাংকার জাহাজকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এছাড়া জাহাজ চলাচলের জন্য নিজ প্রশাসনকে ইনস্যুরেন্স প্রদানের নির্দেশও দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, “যদি প্রয়োজন হয়, যত দ্রুত সম্ভব, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ দিয়ে ট্যাংকারকে নিরাপত্তা দেওয়া শুরু করবে। যাই হোক, যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নিরাপদভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।”

  • খামেনিকে সমাহিত করা হবে মাশহাদ শহরে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর। বুধবার বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে পিতাকে সমাহিত করা হয়েছিল। জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। তবে কবে তাকে দাফন করা হবে সেটি জানায়নি ফার্স নিউজ।

  • দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে হামলা হয়েছে। এরপর সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। বুধবার বাংলাদেশ সময় রাত প্রায় ২টার দিকে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স। এরআগে গতকাল ভোরে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে দুটি ড্রোন হামলা চালানো হয়। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি।

কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা ভূমধ্যসাগরে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার জানিয়েছেন, এসব দেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি আছে। এখন তারা দেশগুলোর পাশে দাঁড়াবেন।

হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড গতকাল মঙ্গলবার জানিয়েছে, হরমুজ দিয়ে যদি কোনো জাহাজ চলাচলের চেষ্টা করে তাহলে জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে। হরমুজ কেন গুরুত্বপূর্ণ?

সারাবিশ্বে মোট যে জ্বালানি তেল ব্যবহার করা হয় তার পাঁচভাগের এক ভাগ এ্ই হরমুজ দিয়ে পরিবহন বা রপ্তানি করা হয়।

হরমুজ প্রণালী ওমান এবং ইরানের মাঝে অবস্থিত। এর উত্তরে রয়েছে পারস্য উপসাগর আর দক্ষিণে ওমান উপসাগর। এই সরু সামুদ্রিক পথটি দুই উপসাগরকে একে অপরের সাথে এবং তারও পরে থাকা আরব সাগরের সাথে যুক্ত করেছে। হরজুম প্রণালীর সবচেয়ে সরু অংশটি ৩৩ কিলোমিটার চওড়া। সহজ করে বললে ঢাকার গুলিস্তান থেকে নবাবগঞ্জ উপজেলার দূরত্ব ৩৩ কিলোমিটার।

কিন্তু উভয় দিক থেকে জাহাজ চলাচল করার পথটি মাত্র ৩ কিলোমিটার চওড়া। তেল উৎপাদনকারী সংস্থা ওপেকের সদস্য সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক তাদের বেশিরভাগ অপরিশোধিত তেল হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি করে। তাদের তেলগুলো আসে মূলত এশিয়ায়। ওই অঞ্চলের আরেক দেশ কাতার বিশ্বের সবচেয়ে বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী। তারা তাদের উৎপাদিত গ্যাসের পুরোটাই হরমুজ দিয়ে পাঠায়। ইরানের হামলার পর গত সোমবার কাতার গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়।

  • লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ, ইসরায়েলে বাজছে সাইরেন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে দূরপাল্লার মিসাইল নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত ১৫ মাসের মধ্যে প্রথমবারের মতো হিজবুল্লাহ দূরপাল্লার মিসাইল ছুড়েছে। এর আগে গত শনিবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এর দুইদিন পর এ যুদ্ধে যুক্ত হয় হিজবুল্লাহ। তারা প্রথম হামলায় কয়েকটি রকেট নিক্ষেপ করে।

ইরানে বিরুদ্ধে হামলা

  • ঘাঁটি না দেওয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। এ কারণে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যুক্তরাজ্য একই কাজ করায় দেশটির সমালোচনা করেছেন ট্রাম্প। জার্মান চ্যান্সেলর ফ্রেদরিখ মার্জের সঙ্গে একটি বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, “স্পেন খুবই খারাপ। আমরা স্পেনের সঙ্গে সবধরনের বাণিজ্য বন্ধ করে দেব। আমরা স্পেনের সঙ্গে কোনো কিছু করতে চাই না।” অর্থমন্ত্রী স্কট ব্রেসেন্ট স্পেনের সঙ্গে সবধরনের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছেন।

  • দুবাই-আবুধাবিতে বিকট বিস্ফোরণের শব্দ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত প্রায় ১১টার দিকে বার্তাসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। গত শনিবার সকালে ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরানের নিরাপত্তাবাহিনী। যুদ্ধ শুরুর পর থেকে প্রতিদিন আমিরাতে হামলার ঘটনা ঘটেছে। এখন সর্বশেষ মঙ্গলবার রাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেলো।

• মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। মঙ্গলবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জেনারেল ইব্রাহিম জাব্বারি ওই হুমকি দিয়েছেন।

তিনি বলেন, ‌‌‘‘আমরা শত্রুকে বলছি, তারা যদি আমাদের প্রধান কেন্দ্রগুলোতে আঘাত হানার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা এই অঞ্চলের সবকটি অর্থনৈতিক কেন্দ্রে আঘাত হানব।’’

জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ‘‘আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি। বর্তমানে তেলের দাম ৮০ ডলারের ওপরে এবং এটি শিগগিরই ২০০ ডলারে পৌঁছাবে। ২০২৪ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৮৫ ডলার ছাড়িয়েছে।’’

• দু’দিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির এই অভিজাত বাহিনী।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেছেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর সদরদপ্তর এবং যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের উপকূলীয় জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করেছেন নায়েইনি।

তিনি বলেন, যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। আমেরিকানদের জন্য এই হতাহতের খবর অস্বীকার বা গোপন করা স্বাভাবিক। তবে ইরানের গোয়েন্দা এবং যুদ্ধক্ষেত্রের তথ্য হতাহতের এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে।

• ইরানের ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে : ইসরায়েলকে চীন

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিরোধিতা এবং অবিলম্বে এই সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে এক ফোনালাপে ওই আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীকে ওয়াং ই বলেছেন, বলপ্রয়োগ করে কখনোই সমস্যার প্রকৃত সমাধান সম্ভব নয়; বরং এটি প্রায়ই নতুন সমস্যার জন্ম দেয় এবং দীর্ঘমেয়াদি গুরুতর পরিণতি ডেকে আনে। সামরিক শক্তির আসল সার্থকতা যুদ্ধক্ষেত্রে নয়, বরং যুদ্ধ প্রতিরোধ করার মধ্যে নিহিত।ইরানের ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে : ইসরায়েলকে চীন

মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান, লেবাননের রাজধানী বৈরুত, বাহরাইনের মানামা, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে ভয়াবহ হামলা চালিয়েছে। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলায় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে।

• ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমার ‘সাব-মিউনিশন’ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) বলেছে, মঙ্গলবার ইসরায়েলের মধ্যাঞ্চলীয় এক এলাকায় ওই বোমা ব্যবহার করা হয়েছে। এতে ওই এলাকায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেল আবিবের জেলা কমান্ডার হাইম সারগারফ বলেছেন, দেশের মধ্যাঞ্চলের একাধিক স্থানে ক্লাস্টার বোমা হামলার খবর পাওয়া গেছে। হামলায় অনেকে আহত এবং কিছু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এর আগে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছিল, ইসরায়েলে ক্লাস্টার বোমা সমৃদ্ধ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

গত বছরের জুনের যুদ্ধেও ইরান একই ধরনের অস্ত্র ব্যবহার করেছিল বলে জানিয়েছে আইডিএফ। ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র নিচে নামার সময় এর মূল অংশ কিংবা ওয়ারহেড খুলে যায় এবং প্রায় ৮ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২০টি ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি ক্ষুদ্র বোমায় প্রায় আড়াই কেজি (৫.৫ পাউন্ড) বিস্ফোরক থাকে।

• ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫

ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ওই হামলায় সেখানে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। মঙ্গলবার ইরানের সামরিক বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‌‌‘‘ইসরায়েলি তল্লাশি ও উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কাজ করছে। হামলার পর সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।’’

ইসরায়েলি চিকিৎসকরা বলেছেন, ইরানের সর্বশেষ এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে পাঁচজন সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের সামরিক বাহিনীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ অথবা ক্লাস্টার বোমার সাব-মিউনিশন যেসব স্থানে পড়েছে, সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র বোমার আঘাতে ওই এলাকায় ক্ষয়ক্ষতি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

• সৌদি আরবের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা ‘আসন্ন’, সতর্কতা মার্কিন দূতাবাসের

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাহরান শহরে ‌‘আসন্ন’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে দেশটিকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদিতে নিযুক্ত মার্কিন দূতাবাস এই উচ্চ সতর্কতা জারি করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের দাহরান শহরে ‘অত্যন্ত জরুরি ও আসন্ন’ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার হুমকি রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস। সৌদি আরবে নিযুক্ত মার্কিন দূতাবাসের পোস্টে বলা হয়, ‘‘যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কেউ আসবেন না। অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যান।’’

• আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৩

ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৬৮ জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেছেন, গত কয়েক দিনে ইরান থেকে সংযুক্ত আরব আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে।

ইরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বেশিরভাগই লক্ষ্যে আঘাত হানার আগে আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের ছোড়া ১৭২টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়েছে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হেনেছে।

• যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক নরকের দরজা উন্মুক্ত হবে: আইআরজিসি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার এই যুদ্ধ চতুর্থ দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই দুই দেশের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক বাহিনীর হামলা আরও তীব্র হবে। যুদ্ধ পরিচালনার দায়িত্বে থাকা ইরানের এই বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও অধিক ‘জাহান্নামের দরজা’ উন্মুক্ত হবে।যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, শত্রুদের জন্য সামনে আরও ভয়াবহ এবং ক্রমাগত শাস্তিমূলক হামলা অপেক্ষা করছে।

তিনি বলেন, ‘‘শত্রুদের একের পর এক শাস্তিমূলক হামলার জন্য অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর মুহূর্তের মধ্যে জাহান্নামের দরজাগুলো আরও বেশি করে উন্মুক্ত হতে থাকবে।’’

• যুদ্ধে না জড়াতে ইউরোপকে হুঁশিয়ারি ইরানের

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওই হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ‘‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’’ নিতে পারে বলে জানানোর পর তেহরান ওই হুঁশিয়ারি দিয়েছে।

মঙ্গলবার তেহরানে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘‘এটি যুদ্ধের শামিল হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যেকোনও পদক্ষেপকে হামলাকারীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। একে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে।’’

• ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত চার দিন ধরে দেশটিতে চলা হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ।

মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মঙ্গলবার সরকাল পর্যন্ত ৭৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

তবে ইরানে চলমান সংঘাতে হতাহতের বিষয়ে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

• যুদ্ধের মধ্যেই ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প ইরানে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যেই ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে ইরানে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৪ মিনিটে হয়েছে এ ভূমিকম্প।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের মূলকেন্দ্র বা এপিসেন্টার ছিল ইরানের ফার্স প্রদেশের গেরাশ জেলার ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এ পর্যন্ত ইরান থেকে নিহত/ আহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও আসেনি।

• কুয়েতে মার্কিন দূতাবাস ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ

‘চলমান আঞ্চলিক উত্তেজনা’ উল্লেখ করে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ কুয়েতে মার্কিন দূতাবাসে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি জাতিয়েছে দূতাবাস।

পোস্টে দূতাবাস বলেছে, আমরা সব নিয়মিত এবং জরুরি কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট (আবেদন) বাতিল করেছি। এছাড়া ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করেছে।

• হিজবুল্লাহর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেন লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সেই সঙ্গে গোষ্ঠীটির রাজনৈতিক কার্যক্রমও সীমিত করেছেন তিনি।

গতকাল রাজধানী বৈরুতের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে মন্ত্রিসভার বৈঠক করেন নাওয়াফ। সেই বৈঠকে চেয়ারম্যান ছিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাওয়াফ বলেন, “আজ থেকে লেবাননের সরকারি সেনাবাহিনী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সবধরনের সামরিক তৎপরতা নিষিদ্ধ করা হচ্ছে। মন্ত্রিসভা বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে যেকোনো সামরিক অভিযান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ যুদ্ধ ও শান্তি বিষয়ক যে কোনো সিদ্ধান্ত এককভাবে রাষ্ট্রের ওপর নির্ভর করে।”

তেল পরিবহন ভাড়া সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

মধ্যপ্রাচ্য থেকে চীনে তেল পরিবহনের জন্য একটি সুপারট্যাঙ্কার ভাড়া করার খরচ সর্বকালের সর্বোচ্চ ৪ লাখ ডলার (২৯৮,৩০০ পাউন্ড) পৌঁছেছে বলে জানিয়েছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ।

গত সপ্তাহে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলার হুমকি দিয়েছিল, তখনকার তুলনায় এখন এই খরচ প্রায় দ্বিগুণ। রেকর্ড পরিমাণ এই ভাড়া হলো সবচেয়ে বড় তেল বহনকারী জাহাজের জন্য, যা দুই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে।

পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস দেশের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতি’ উল্লেখ করে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা করেছে। মার্কিন দূতাবাস জানিয়েছে, এই আদেশ ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাচিতে অবস্থিত কনস্যুলেটগুতেও প্রযোজ্য থাকবে। আগামী শুক্রবার ৬ মার্চ পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর পাওয়ার পর রোববার (১ মার্চ) করাচিতে কনস্যুলেটে বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা কর্মীদের গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবে ফের ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এবার হামলা করা হয়েছে রাজধানী রিয়াদ এবং সংলগ্ন উপশহর আল খারজে।

এক বিবৃতিতে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, ইরান থেকে আসা ড্রোনগুলোর মধ্যে অন্তত ৮টিকে আটকে দিতে পেরেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে কয়টি ড্রোন ছোড়া হয়েছিল এবং এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা – সে সম্পর্কিত কোনো তথ্য বিৃবতিতে পাওয়া যায়নি।

ইরানের ১৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৩৮০টির অধিক ড্রোন আটকেছে কুয়েত

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে ইরান থেকে আসা ১৭৮টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩৮০টিরও অধি বিস্ফোরকবাহী ড্রোন লক্ষবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে কুয়েতের সেনাবাহিনী।

কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর কাছে যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এই সিস্টেম ব্যবহার করেই এসব ক্ষেপণাস্ত্র-ড্রোন আটকানো হয়েছে। তবে গত ৩ দিনে যত ক্ষেপণাস্ত্র ও ড্রোন কুয়েতে ধেয়ে এসেছে— সবগুলো ঠেকানো সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র-ড্রোন সফল হয়েছে এবং সেগুলোর আঘাতে কুয়েতের সেনাবাহিনীর ২৭ জন আহত হয়েছেন।

  • সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সেখানে দুটি ড্রোন আঘাত হানে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তারা দাবি করেছে, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। এরআগে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, শক্তিশালী বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসে আগুন লেগেছে। বার্তাসংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন। এর কিছুক্ষণ পর হামলার বিষয়ে জানায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “প্রাথমিক ধারণা অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুইটা ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এতে ছোটখাটো আগুন লেগেছিল আর ভবনের সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।”

  • কুয়েতেও মিসাইল ও ড্রোন ছুড়ল ইরান

কাতার, সংযুক্ত আরব আমিরাতের পর কুয়েতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। মঙ্গলবার ভোরে প্রায় একই সময়ে দেশগুলোতে মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে তেহরান। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান।

  • সৌদির রাজধানীতে বিকট বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত, সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন। নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, “আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।” এরআগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।

  • সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিস্ফোরণের পর আগুন

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লেগেছে। বার্তাসংস্থা রয়টার্স আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে এ তথ্য জানিয়েছে। তবে কিসের বিস্ফোরণ, আগুন কতটুকু লেগেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

  • আরব আমিরাতে ইরানের বড় মিসাইল হামলা

সংযুক্ত আরব আমিরাতে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান। দেশটি এক বিবৃতিতে বলেছে, তারা এ হামলা প্রতিহতের চেষ্টা করছে। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার ব্যাপারে বলেছে, “ইরান থেকে আসা ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক এখন আরব আমিরাতের বিমান প্রতিরক্ষা বাহিনী ঠেকানোর চেষ্টা করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, নাগরিক ও বাসিন্দাদের নিরাপদে রাখতে আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।”

  • লেবাননের বৈরুতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বৈরুতে সিরিজ হামলা শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। গতকাল সোমবার রাতে দেশটির শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত দেড় বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলে রকেট ছোড়ে। এরপর বৈরুতে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

  • কাতারের রাজধানী দোহায় আবারও বিস্ফোরণ

কাতারের রাজধানী দোহাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় প্রায় ৫টার দিকে এ বিস্ফোরণগুলো হয়। গত শনিবার যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান। গত তিনদিন ধরেই দোহায় হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। দোহাতে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি আল-উদেইদ। যা মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় ঘাঁটি।

মাত্র আধ ঘণ্টার ব্যবধানে তৃতীয় দফায় দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। প্রথম দফায় মধ্যাঞ্চল ও দ্বিতীয় দফায় উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছিল। তৃতীয় দফার হামলাতেও উত্তরাঞ্চলকে টার্গেট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টার দিকে এ মিসাইলগুলে ছোড়া হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মিসাইল হামলার কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এরআগে ছোড়া মিসাইলের মধ্যে একটি ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে। এতে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা। তাৎক্ষণিকভাবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও দাবি করেছে সংবাদমাধ্যমটি।

  • ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। মঙ্গলবার বাঙলাদেশ সময় রাত সাড়ে ৪টার দিকে নতুন করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। তারা উল্লেখ করেছে, গত সাত ঘণ্টার মধ্যে একটু আগে প্রথমবার মিসাইল ছুড়েছে ইরান।

  • মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে থেকে দ্রুত নিজ নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, “গুরুতর নিরাপত্তা ঝুঁকি থাকায় বাণিজ্যিক ফ্লাইটে করে দ্রুত সরে যান।” দেশগুলো হলো— বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা (ফিলিস্তিন), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

  • ইরানের রাজধানীতে শক্তিশালী হামলা

ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী হামলা চালিয়েছে ইসরায়েল। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত প্রায় ৪টার দিকে হামলায় কেঁপে ওঠে। সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক জানিয়েছে, তেহরানের বিভিন্ন জায়গায় শক্তিশালী হামলা হয়েছে। এতে টার্গেট করা হয়েছে টিভি নেটওয়ার্কের পাশের একটি স্থানকে। এছাড়া কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্সের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কুয়েতে গতকাল ভুলক্রমে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী। সোমবার কুয়েতে হঠাৎ করেই তিনটি বিমান ভূপাতিত হয়। কুয়েতে বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, “কুয়েত বলেছিল ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তাহলে যেসব যুদ্ধবিমান কুয়েতে ভূপাতিত হলো সেগুলো কুয়েতের আকাশে কি করছিল?”

দ্রুত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে অন্যান্য দেশের সহায়তা চাইছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গ আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, যদি এ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করে তাহলে সেই জাহাজ জ্বালিয়ে দেওয়া হবে। ইরানি সংবাদমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, বিপ্লবী গার্ডের কমান্ডার প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছেন।

  • ইরানের হামলায় গ্যাস উৎপাদন বন্ধ কাতারের, সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ

ইরানের ড্রোন হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার। গতকাল সোমবার ইরানের ড্রোন দুটি স্থানে আঘাত হানে। এরমধ্যে একটি মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটির বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংক। আরেকটি কাতার এনার্জির লাস রাফফানে। এটি বিশ্বের সবচেয়ে বড় তরল গ্যাস উৎপাদনকারী। পড়ুন পুরো খবর

  • কাতারের দোহায় নতুন বিস্ফোরণ

কাতারের রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা। তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই দোহায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলার চেষ্টা করছে ইরান।

  • আবুধাবির জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হানল ড্রোন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি জ্বালানি ট্যাংক টার্মিনালে আঘাত হেনেছে ড্রোন। এতে করে সেখানে আগুন লেগে যায়। তবে এ আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনার তথ্য দিয়েছে দেশটি। আবুধাবির মিডিয়া অফিস এ ব্যাপারে এক বিবৃতিতে সোমবার বলেছে, “মুসাফ্ফা জ্বালানি ট্যাংক টার্মিনালে একটি ড্রোন আঘাত হেনেছে। এতে সেখানে আগুন লেগে যায়। আবুধাবি কর্তৃপক্ষ আগুন নেভাতে সেখানে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কেউ আহত হননি এবং সেখানকার কার্যক্রমেও কোনো ব্যাঘাত ঘটেনি।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়তে ইরানের হাতে কী কী অস্ত্র আছে?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর তেহরান অত্যন্ত দ্রুততার সাথে পাল্টা জবাব দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইরান জানিয়েছে, তাদের এই প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হলো ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো।

আঞ্চলিক শক্তি ও বিশ্ববাজারের সামনে এখন বড় প্রশ্ন হলো— এটি কি কেবল পাল্টাপাল্টি হামলার একটি চক্র হয়ে থাকবে, না কি এটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতা, তাদের মিত্র বাহিনী এবং জ্বালানি অবকাঠামোর ওপর চাপের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নেবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং তাদের হাতে থাকা অন্যান্য মারণাস্ত্রের মধ্যে। পড়ুন বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এর পাশাপাশি দখলদার ইসরায়েলকেও টার্গেট করা হয়েছে। এরমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানের এই পাল্টা আক্রমণে নেতৃত্বে দিচ্ছে সেনাবাহিনীর এলিট ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড। তিনি বলেছেন, বিপ্লবী গার্ড এখন ‘স্বাধীনভাবে’ বা নিজেদের মতো করে হামলা চালাচ্ছে। এতে সরকার কোনো নির্দেশনা দিচ্ছে না।

  • ট্রাম্পের দূতের ওপর রেগে চিৎকার শুরু করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ শুরুর আগে গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনারের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ওই বৈঠকের সময় ট্রাম্পের দূতের ওপর রেগে যান আরাগচি। ওই সময়ি তিনি তীব্র ক্রোধে চিৎকার শুরু করেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এনবিসি জানিয়েছে, স্টিভ উইটকোফ ইরানের মন্ত্রীর কাছে তাদের দাবিদাওয়া তুলে ধরেন। যারমধ্যে অন্যতম ছিল ইরান আগামী ১০ বছরের জন্য কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না। তখনই ক্ষেপে যান আরাগচি। তিনি তখন চিৎকার করে বলতে থাকেন, “ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অবিচ্ছেদ্য অধিকার।” জবাবে তখন উইটকোফ বলেন, “ইরানকে থামানোও আমাদের অবিচ্ছেদ্য অধিকার।” এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের দূত ইরানের মন্ত্রীকে বলেন, “আপনি চাইলে আমরা আলোচনা থেকে বের হয়ে যেতে পারি।” এ ঘটনা ট্রাম্পকে অবহিত করেন উইটকোফ এবং ক্রুসনার। ইরানি মন্ত্রী চিৎকার করেছেন এমন কথা শুনে ট্রাম্প অবাক হয়ে যান। এর দুইদিন পর শনিবার সকালে ইরানে দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে।

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা হামলার অংশ হিসেবে এ ট্যাংকারে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিপ্লবী গার্ড। জাহাজটির নাম ‘এটিএইচই নোভা’ বলে উল্লেখ করেছে বাহিনীটি।

ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য জানিয়েছে কাতার। সোমবার (২ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ইরানের দুটি ইসইউ২৪ যুদ্ধবিমান ও সাতটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করেছে। এগুলোর সঙ্গে পাঁচটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

• ইরানে বড় হামলা আসছে

প্রয়োজন হলে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে হামলার বিষয়ে বিভিন্ন জনমত জরিপে উঠে আসা অসন্তোষে তিনি প্রভাবিত নন জানিয়ে বলেছেন, আমরা এখনও তাদের ওপর কঠোর আঘাত শুরুই করিনি। বড় সেই ঢেউ এখনও আসেনি। বড় আঘাত খুব শিগগিরই আসছে।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর বিষয়ে আমার কোনও জড়তা নেই। অন্য সব প্রেসিডেন্টদের মতো আমি অন্তত বলি না যে ‘স্থলভাগে কোনও সৈন্য মোতায়েন করা হবে না।’ আমি তা বলছি না।’’

তিনি বলেন, আমি বলছি, ‘সম্ভবত তাদের প্রয়োজন নেই’ অথবা যদি তাদের প্রয়োজন হয় তাহলে পাঠানো হবে।

• ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে: চীন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে টেলিফোনে কথোপকথনে এই সমর্থনের কথা জিনিয়েছেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাস আরাঘচিকে টেলিফোন বার্তায় ওয়াং ই বলেন, ‘‘চীন ও ইরানের মধ্যকার ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয় বেইজিং ‌। ইরান তার সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় যে পদক্ষেপ নিচ্ছে, তাতে আমাদের সমর্থন রয়েছে। এ ছাড়া ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং তেহরানের পাশে আছে।’’

ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ, উত্তেজনা আর না বাড়ানোর এবং এই সংঘাত যাতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে চীন।

• ইরানে শাসকের ‘অবশ্যই পরিবর্তন ঘটেছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান তথাকথিত ‘শাসক পরিবর্তনের’ যুদ্ধ নয়। তবে ইরানের শাসকগোষ্ঠীর অবশ্যই পরিবর্তন ঘটেছে। এর ফলে বিশ্বের মঙ্গলই হয়েছে। সোমবার পেন্টাগনে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‌‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেছেন, ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হলো দেশটির ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করা এবং তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, এটি ইরাক যুদ্ধ নয়। এটি অনন্তকাল ধরে চলা কোনও লড়াইও নয়। ইরানে মার্কিন ও ইসরায়েলি অভিযানের সময়সীমা কতদিন হতে পারে; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট সময়কাল জানাতে অস্বীকৃতি জানিয়েছেন হেগসেথ।

তিনি বলেছেন, এই সামরিক অভিযানের স্থায়িত্ব কেমন হবে, তা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সময়সীমার ব্যাপারে আমি কখনোই কোনও নির্দিষ্ট তারিখ দেব না। এই বিষয়ে সাংবাদিকরা ফের জানতে চাইলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সময়সীমা নিয়ে কথা বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এটি চার সপ্তাহ, দুই সপ্তাহ বা ছয় সপ্তাহ; যেকোনও সময় হতে পারে। এটি সময় সাপেক্ষে এগোতে পারে আবার পিছিয়েও যেতে পারে।

ইরানে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে পিট হেগসেথ বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনও বিকল্পই নাকচ করছে না। তিনি বলেন, আমরা জয়ের জন্যই লড়াই করি।

• হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহর মৃত্যু

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ মারা গেছেন। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আহত হয়েছিলেন তিনি। সোমবার (২ মার্চ) তেহরানে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা গেছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি নিশ্চিত করেছে।হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন

প্রেস টিভি বলেছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় আহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মারা গেছেন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হন।

• ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন সামরিক বাহিনী ইরানে অত্যন্ত সুক্ষ্ম এবং বিধ্বংসী পদ্ধতিতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ‌‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেছেন তিনি।

এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান কোনোভাবেই ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না। সংবাদ সম্মেলনে ইরানের হামলায় মার্কিন চার সেনাসদস্যের মৃত্যুর তথ্য স্বীকার করে হেগসেথ বলেন, এই ধরনের অভিযানে হতাহতের ঘটনা ঘটতে পারে।

• ইরানের হামলায় গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করলো কাতার

কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি কাতারএনার্জি প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর ছোড়া ড্রোন কোম্পানির দু’টি স্থাপনায় আঘাত হানার পর সোমবার ওই ঘোষণা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে কাতারএনার্জি বলেছে, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির পরিচালনা কেন্দ্রগুলোতে সামরিক হামলা হয়েছে। যে কারণে কাতারএনার্জি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।

কাতারএনার্জি বলেছে, ‘‘ইরানের ছোড়া একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।’’

• ইরানের হামলায় আরও এক মার্কিন সৈন্য নিহত

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আরও এক সদস্য নিহত হয়েছেন। সোমবার মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আরেক মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ নিয়ে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট চার সৈন্যের প্রাণহানি ঘটেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ‌‌‘‘ইরানের সঙ্গে লড়াইরত অবস্থায় ২ মার্চ আমেরিকান সময় সকাল সাড়ে ৭টা পর্যন্ত মার্কিন চার সেনাসদস্য নিহত হয়েছেন। চতুর্থ এই সেনাসদস্য ইরানের প্রাথমিক হামলার সময় গুরুতর আহত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুলবশত গুলি চালিয়ে মার্কিন সামরিক বাহিনীর তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই তিন যুদ্ধবিমান ইরানে অভিযানে নিয়োজিত ছিল বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।

• ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা ‘অনিশ্চয়তায় ঘেরা’ বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি বলেছে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনী কমান্ডারের সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা বলেছেন, সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানায়।

• নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। নেতানিয়াহুর কার্যালয় ছাড়াও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করেছে ইরান।নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

সোমবার আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। (আইআরজিসি) বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

• কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের ‘কয়েকটি’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। বিধ্বস্ত বিমানের ক্রুদের আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’’

কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে মার্কিন একটি যুদ্ধবিমানকে জ্বলন্ত অবস্থায় আকাশ থেকে নিচে পড়তে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েতে বিধ্বস্ত ওই যুদ্ধবিমান দুই ইঞ্জিন বিশিষ্ট এফ-১৫ই যুদ্ধবিমান। অন্য একটি ভিডিওতে এক পাইলটকে প্যারাশুট দিয়ে মাটিতে নামতে দেখা যায়।

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মেহের নিউজ এজেন্সি।

কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, আহত ২

কুয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২ জন।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের তৃতীয় দিন আজ সোমবার কুয়েতের স্থানীয় সময় সকালের দিকে ঘটেছে এই ঘটনা। বিমান চালক অবশ্য অক্ষত আছেন। ভূপৃষ্ঠে পতনের শুরুতেই বিমানটি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন তিনি।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে ৩ মার্কিন সেনা নিহত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে এই প্রথম মার্কিন সেনাদের নিহতের সংবাদ পাওয়া গেছে। গত কাল রোববার নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৩ জন সেনা এবং আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। আহতদের মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

বিবৃতিতে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যে আমাদের তিন জন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের আঘাত গুরুতর নয়— তারা প্রাথমিক চিকিৎসা শেষে আবার তাদের দায়িত্বে ফিরে গেছেন।”

কাতারের রাজধানী দোহায় অন্তত ৬টি বিকট শব্দ শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে যে, ওই অঞ্চলে ইরানের পক্ষ থেকে চালানো হামলা এখনো অব্যাহত রয়েছে।

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব

ওয়াশিংটনের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার খবর নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লারিজানি স্পষ্ট জানিয়ে দেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসব না।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর তোড়জোড় করছেন লারিজানি। তবে লারিজানির এই বিবৃতির মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।

ইসরায়েলে রকেট হামলার দায় স্বীকার করল হিজবুল্লাহ

লেবাননে রকেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা। সেখানে বলা হয়েছে, লেবাননের জনগণ ও হিজবুল্লাহর নেতাকর্মীদের নিরাপত্তা এবং ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব দিতেই রকেট ছুড়েছে গোষ্ঠীটি।

“ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের জনগণ ও হিজবুল্লার নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এ হামলাকরা হয়েছে। প্রতিরোধী শক্তির নেতৃত্ব সবসময়েই আমাদের শিখিয়েছে যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং আমাদের নেতা-কর্মী এবং সমর্থকদের গুপ্তহত্যা থেকে নিজেদের রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা যথাযথ সময়ে সেই অধিকারের প্রয়োগ ঘটিয়েছি”, বলা হয়েছে হিজবুল্লার বিবৃতিতে।

  • কুয়েতে ড্রোন ভূপাতিত করার দাবি

কুয়েতের রাজধানীর দিকে ধেয়ে আসা বেশ কিছু ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে রাজধানী কুয়েত সিটির কাছাকাছি পৌঁছানোর আগেই ড্রোনগুলোর অধিকাংশ ভূপাতিত করা হয় বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে।

কুয়েত নিউজ এজেন্সির (কুনা) এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-মানসুরি জানান, ভোরের দিকে ড্রোনগুলো কুয়েত সিটির নিকটবর্তী সালওয়া ও হাওয়ালি এলাকার দিকে এগিয়ে আসছিল। এ সময় দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সেগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দেন।

আল-মানসুরি আরও জানান, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ‘দেশের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে’।

কুয়েতের পক্ষ থেকে এই ড্রোন হামলার জন্য সরাসরি কোনো দেশ বা গোষ্ঠীকে দায়ী করা হয়নি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরান ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

  • ইসরায়েল ও হিজবুল্লাহর কঠোর সমালোচনা করলেন লেবাননের প্রেসিডেন্ট

লেবাননের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলে হিজবুল্লাহর হামলার তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একইসঙ্গে তিনি লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানিয়েছেন।

জোসেফ আউন বলেন, হিজবুল্লাহর এসব হামলা লেবানন সরকারকে এক কঠিন পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। এই অঞ্চলজুড়ে যে বিপজ্জনক সামরিক সংঘাত চলছে, তা থেকে লেবাননকে দূরে রাখার সরকারি প্রচেষ্টাকে হিজবুল্লাহর কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে।

ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট আউন বলেন, আমরা লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাই। তবে একইসঙ্গে আমরা সতর্ক করছি যে—আমাদের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কোনো যুদ্ধের প্ল্যাটফর্ম হিসেবে লেবাননকে বারবার ব্যবহার করা হলে, আমাদের দেশ আবারও চরম ঝুঁকির মুখে পড়বে।

  • সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

সাইপ্রাসের আক্রোতিরি এলাকায় অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় গত মধ্যরাতে এই হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে ব্রিটিশ সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই আক্রোতিরি ঘাঁটি। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে হামলার লক্ষ্যে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধে সাড়া দেওয়ার পরই এই রেইড বা হামলার ঘটনা ঘটল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্দেহভাজন একটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ সোমবার ভোরে রকেট ছুড়েছে লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, লেবানের মানুষের প্রতিরক্ষায় ও ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করায় ইসরায়েলর হায়ফায় হামলা চালানো হয়েছে।

  • ইরানের হামলায় বাহরাইনের বন্দরে আগুন

বাহরাইনের রাজধানী মানামার মিনা সালমান বন্দরে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। এতে বন্দরটির একটি অংশে আগুন ধরে গেছে। সঙ্গে আগুন লাগে জাহাজেও। হামলার তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইরানের আগ্রাসন মিনা সালমান বন্দরের একটি সামুদ্রিক অবকাঠামোতে টার্গেট করেছে। সিভিল ডিফেন্স ফোর্স আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

  • তেহরানে নতুন করে ব্যাপক হামলা শুরু ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার (২ মার্চ) ভোরে তেহরানে উড়ে যায় ইসরায়েলি বিমান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের যুদ্ধবিমান তেহরানের প্রাণকেন্দ্রে আঘাত হানছে।

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে। বাংলাদে সময় সোমবার ভোরে ইসরায়েলে রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রকেট নিক্ষেপের কারণে উত্তর ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। সাইরেনের শব্দ শোনা গেছে বন্দরনগরী হাইফা এবং এর আশপাশের অঞ্চলে। এছাড়া আপার গিলিলিতেও সাইরেন বেজেছে।

  • খামেনির মৃত্যু : ইরানের শাসনব্যবস্থা কি ভেঙে পড়বে?

যৌথ মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনাটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির নেতৃত্বের জন্য সবচেয়ে বড় আঘাত। এই ঘটনার পর খামেনির সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং তারা প্রতিবাদ শুরু করেছেন। পড়ুন পুরো বিশ্লেষণ

  • খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান ও ইরাকে ২২ জন নিহত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তানে ২২ জন নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে খামেনিকে হত্যার তথ্য নিশ্চিত করে ইরান। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রাণ হারান।

  • ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল করতে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ব্রিটিশ সংবাদপত্র ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি শুরু থেকেই একটি চার সপ্তাহের প্রক্রিয়া হিসেবে ধরা হয়েছে। আমরা হিসেব করে দেখেছি যে এটি চার সপ্তাহ বা তার কাছাকাছি সময় নেবে।’অভিযানের ব্যাপ্তি নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের আক্রমণ যত শক্তিশালীই হোক না কেন, ইরান একটি বড় দেশ। তাই এটি সম্পন্ন করতে চার সপ্তাহ—বা তার কম সময় লাগবে।’ সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন যে, তিনি এখনও ইরানিদের সাথে আলোচনার পথ খোলা রেখেছেন। তবে সেই আলোচনা ‘শিগগিরই’ হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।

যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, তারা ইরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে তাদের ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছেন।

  • খামেনির মৃত্যুতে ‘ব্যথিত’ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে তিনি ‘ব্যথিত’। গতকাল রোববার মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে তার্কিস প্রেসিডেন্ট লিখেছেন, “গতকালকের হামলার ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত।” তিনি তার পোস্টে ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

দখলদার ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেমে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরান নতুন করে যেসব মিসাইল ছুড়েছে সেগুলোর একটি জেরুজালেমে সরাসরি আঘাত হেনেছে।

  • বিমান হামলায় ইরানের সাত কমান্ডার নিহত

যুক্তরাষ্ট্র ও ইরানের বিমান হামলায় ইরানের সাত সামরিক কমান্ডার নিহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ আজ সোমবার এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন প্যারামিলিটারি বাসিজ ফোর্সের মেজর জেনারেল শাহিদ মোহাম্মদ সিরাজী। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ড অফিসের প্রধান ছিলেন। তার সঙ্গে আরও প্রাণ হারিয়েছেন রাইডার জেনারেল শাহিদ সালেহ আসাদী। এ সামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন। বাকি পাঁচজনের পরিচয় এখনো প্রকাশ করেনি ইরান।

  • ইসলামিক বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার ধ্বংস করে দিলো যুক্তরাষ্ট্র

]বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের হেডকোয়ার্টার ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার এ হামলা চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর সেন্টার কমান্ড সেন্টকম এক বিবৃতিতে বলেছে, “বিশ্বে যুক্তরাষ্ট্রের রয়েছে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। বিপ্লবী গার্ডের এখন আর কোনো হেডকোয়ার্টার নেই।”

  • একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে অন্তত তিনবার মিসাইল ছুড়েছে দেশটি। যার প্রভাবে ইসরায়েলের বেশিরভাগ জায়গায় সতর্কতামূলক সাইরেন বাজছে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় সোমবার রাতে পৌনে ২টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে। অসমর্থিত সূত্র জানিয়েছে, একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হেনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কি না সেটি নিশ্চিত নয়। এছাড়া ইরান একসঙ্গে কতগুলো মিসাইল ছুড়ছে সেটিও স্পষ্ট নয়।

  • আরেক দফা মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফায় মিসাইল ছুড়েছে ইরান। সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ১টার দিকে এসব মিসাইল ছোড়া হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এসব মিসাইলের কারণে মধ্য ও দক্ষিণ ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজছে। সঙ্গে উত্তরাঞ্চলের কিছু জায়গাতেও সাইরেন বেজে উঠেছে।

সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ইরান একাধিকবার হামলার পর ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে দেশটি। একইসঙ্গে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনছে তারা।

  • ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়ল ইরান

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১টার দিকে এ মিসাইলগুলো ছোড়া হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে সাইরেন বেজে উঠেছে। ধারণা করা হচ্ছে, ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল এদিকে আসছে।

তেল পরিবহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে হামলা হয়েছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা জানিয়েছে, রোববার (১ মার্চ) তিনটি জাহাজ হামলার কবলে পড়ে।

হামলা চালিয়ে ইরানের নৌবাহিনীর ৯টি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ৯টি জাহাজের মধ্যে ‘কয়েকটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট ‘লঙ্ঘন’। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার নিন্দা জানিয়ে ওই মন্তব্য করেছেন তিনি।এক্সে দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, খামেনির শাহাদাতের এই শোক ও দুঃখের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের নিয়মাবলি লঙ্ঘনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে পাকিস্তান।

বললেন ট্রাম্প

ইরানে গত শনিবার আকস্মিক হামলা চালিয়ে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ ৪০ জনের বেশি নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর দ্রুত সময়ের মধ্যে নতুন নেতৃবৃন্দ তৈরি করে তেহরান। আর এই নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১ মার্চ) আটলান্টিক ম্যাগাজিনকে ট্রাম্প বলেন, “তারা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব” “তাদের আগেই কথা বলা উচিত ছিল। যেটি বাস্তব তাদের সেটির ওপর জোর দেওয়া উচিত ছিল। যা সহজে করা যায় সেটিই করা উচিত ছিল। তারা অনেক বেশি অপেক্ষা করেছে।”

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর মেহরানে বোমা হামলায় ৪৩ সেনা নিহত হয়েছেন। ইরাকের সীমান্তবর্তী এ শহরটিতে আজ রোববার এ হামলা হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেহরানে অবস্থিত সদরদপ্তরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে বলে হুমকি দিয়েছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার (১ মার্চ) ইসরায়েলি সেনাপ্রধান লেফটেনেন্ট জেনারেল ইয়াল জামির এবং গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে বৈঠকের পর নতুন হুমকি দেন নেতানিয়াহু। তেলআবিবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরের ছাদ থেকে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “আমাদের সেনারা হামলার তীব্রতা বাড়িয়ে এখন তেহরানের কেন্দ্রে আঘাত করছে। সামনের দিনগুলোতে এটি আরও তীব্র হবে।”

ইরানের হামলায় ইসরায়েলে নিহত ৯

ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানি হামলায় ইসরায়েলে ৯ জনের প্রাণহানির ঘটনায় তিনি বলেছেন, ইসরায়েল বর্তমানে অত্যন্ত ‘‘বেদনাদায়ক দিন’’ অতিবাহিত করছে।রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে শোকে ভেঙে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানি হামলায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, তার দেশ বর্তমানে অত্যন্ত বেদনাদায়ক দিন পার করছে।

ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) তাদের ‘অপারেশন রোরিং লায়ন’-এর শুরুর ধাপেই মাত্র এক মিনিটের ব্যবধানে ইরানের ৪০ জন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে। রোববার (১ মার্চ, ২০২৬) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে। ইরান সরকারের পক্ষ থেকে আসা সম্ভাব্য হুমকি নস্যাৎ করতেই এই ‘আগাম হামলা’ চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

সৌদি আরব রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি।ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব। রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। ইরানি ওই হামলার বিষয়ে অবগত উপসাগরীয় একটি সূত্র এএফপিকে হামলার তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ইরানের একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে। আজ রোববার (১ মার্চ) সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “চাহ বাহার পাইয়ারে ওমান উপসাগরের তলদেশে ডুবছে দ্য জামারান-ক্লাস কোরভেট জাহাজ।” তবে ইরান জাহাজডুবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

• ফের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

সৌদি আরব রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব। রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন।ফের সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইরানি ওই হামলার বিষয়ে অবগত উপসাগরীয় একটি সূত্র এএফপিকে হামলার তথ্য নিশ্চিত করেছে।

  • ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ইরানে একযোগে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আজ রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন তিন সেনার মৃত্যুর তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইরানের বিরুদ্ধে অভিযানের সময় তিন সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

  • মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের পারস্য উপসাগরে মোতায়েনরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে মার্কিন ওই রণতরীতে পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

  • ইরানের ড্রোনের আঘাতে আবুধাবির নৌঘাঁটিতে আগুন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি নৌঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ওই ঘাঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল শনিবার হামলার পর আজ দ্বিতীয় দিনের মতো আবুধাবিকে টার্গেট করেছে ইরান।

  • ইরানের মিসাইল হামলায় ৯ ইসরায়েলি নিহত

ইসরায়েলের বেঈত শেমেস শহরে ইরানের মিসাইল হামলায় ৯ ইসরায়েলি নিহত হয়েছেন। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরদিনও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে তেহরান। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের মিসাইলের আঘাতে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ২০ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

  • কুয়েতে ইরানের হামলায় নিহত ১, আহত ৩২

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইরানের সামরিক বাহিনীর হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও ৩২ জন। রোববার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানি হামলায় হতাহতের ওই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কুয়েতে হামলা চালিয়েছে ইরান। রোববার দ্বিতীয় দিনের হামলায় কুয়েতে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত

যুক্তরাষ্ট্র ও ইরানের হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন। আজ রোববার (১ মার্চ) ইসরায়েলের একটি সূত্র এ তথ্য জানিয়েছেন। সূত্রটি বলেছেন, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর হামলার অংশ হিসেবে আহমেদিনেজাদের বাড়ি টার্গেট করা হয়। আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

• ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া

ইরানে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‌‌‘‘অবৈধ আগ্রাসন’’ হিসেবে আখ্যা দিয়ে এর চরম নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে ইরানের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।

রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী এবং গুণ্ডামিসুলভ আচরণে এমন ঘটনা অনিবার্য বলেও মন্তব্য করেছেন তিনি।ইরানে গুণ্ডামি চালাচ্ছে যুক্তরাষ্ট্র : উত্তর কোরিয়া

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই ‘‘আগ্রাসনের যুদ্ধ’’ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ওই অঞ্চলের সব দেশ এবং যাদের অভিন্ন স্বার্থ রয়েছে, তাদের দায়িত্ব নেওয়া উচিত।

• খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’। রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ওই মন্তব্য করেছেন তিনি। এ সময় খামেনি হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট।

পেজেশকিয়ান বলেন, ‘‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের একজন বিশিষ্ট নেতাকে এভাবে হত্যা করা... বিশ্বের সব প্রান্তের মুসলিম, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামি প্রজাতন্ত্রের অধিকার ও কর্তব্য।

• সিআইএর নিখুঁত তথ্যে যেভাবে হত্যা করা হলো খামেনিকে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান চালিয়ে শনিবার ভোরের দিকে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দাদের শেষ মুহূর্তের তথ্যের ভিত্তিতে তেহরানে উচ্চপর্যায়ের অত্যন্ত গোপনীয় এক বৈঠক চলাকালীন ওই অভিযান পরিচালনা করা হয়।

একেবারে গোপনীয় এবং সুরক্ষিত কক্ষে বৈঠকের সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নিখুঁত হামলা ইরানি নিরাপত্তা বাহিনীকে সেই সময় একেবারে অপ্রস্তুত করে দেয়। ইরানের নিরাপত্তা বাহিনীর ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মার্কিন গণমাধ্যমের নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে।যেভাবে হত্যা করা হয় খামেনিকে

রয়টার্সকে একাধিক মার্কিন সূত্র বলেছে, খামেনি শনিবার সকালে তেহরানের মধ্যাঞ্চলের একটি সুরক্ষিত ভবনে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন বলে গোয়েন্দারা নিশ্চিত করেছিলেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ গত কয়েক মাস ধরে খামেনিকে নজরদারিতে রেখেছিল এবং তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল। সেসব তথ্য প্রতি মুহূর্তে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে ভাগাভাগি করে আসছিল সিআইএ।

• ইরাকে মার্কিন কনস্যুলেটে হামলা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর প্রতিবেশী দেশ ইরাকে যুক্তরাষ্ট্রে দূতাবাস ভবনে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, যুদ্ধের কারণে সম্প্রতি ইরাকের মার্কিন দূতাবাস ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। রোববার বেলা ১১ টার দিকে দূতাবাস ভবনের সামনে জড়ো হয় শত শত মানুষ। তাদের বেশিরভাগের পরনে ছিল কালো রঙের পোশাক এবং হাতে ছিল লাঠি-পাথর।

• পাকিস্তানে মার্কিন কনস্যুলেটে হামলা, নিহত ৯

ইসরায়েলি-মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। দেশটির করাচি শহরে মার্কিন কনস্যুলেটে ইরানপন্থী বিক্ষোভকারীরা হামলা চালিয়েছেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘাতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।

রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। করাচির উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশনের মুখপাত্র মুহাম্মদ আমিন এএফপিকে বলেছেন, ‌‌‌কনস্যুলেটে হামলার ঘটনায় আমরা এখন পর্যন্ত ৯ জনের মরদেহ করাচির বেসামরিক হাসপাতালে নিয়ে এসেছি। এছাড়া আরও ২০ জন আহত হয়েছেন। নিহতদের বেশিরভাগের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

• ইরানের প্রতিরক্ষামন্ত্রী-সেনাপ্রধান নিহত, নিশ্চিত করল তেহরান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আব্দোলরহিম মৌসাভি নিহত হয়েছেন। দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। আজ রোববার ইরানের স্থানীয় সময় সকালের দিকে তারা নিহত হয়েছেন বলে জানা গেছে।

• যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে : ইরান রেভোল্যুশনারি গার্ড

গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসরসহ মধ্যপ্রাচ্যের ১২টিরও বেশি দেশে সামরিক ঘাঁটি আছে যুক্তরাষ্ট্রের।

  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালনে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে। এতে দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আইনজ্ঞ রয়েছেন। অন্তর্বর্তীকালীন এই সদস্যরা যৌথভাবে রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবেন। তারা সংবিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী নেতা নির্বাচন করবেন। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের মুখে ইরানের সব নেতাকে একত্রিত করা নিরাপত্তা ঝুঁকির কারণে কঠিন হতে পারে।

• ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর হুমকি

  • ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা আর নৌবাহিনী ধ্বংস করে দেব আমরা

ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা আর নৌবাহিনী ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। গতকাল শনিবার দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এখন দেশটিতে সরকার পতন ও সামরিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছেন তারা।

  • খামেনির মেয়ে ও নাতি-নাতনি নিহত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমে বরাতে বার্তাসংস্থা রয়টার্স আজ রোববার এ তথ্য জানিয়েছে। তবে খামেনি নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেননি। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খামেনি তাদের হামলায় প্রাণ হারিয়েছেন।

  • বিস্ফোরণের পর দুবাইয়ের জেবেল আলি বন্দরে আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দরে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। দুবাই মিডিয়া অফিস আজ রোববার জানিয়েছে, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়। যদিও ইরানের সংবাদমাধ্যম দাবি করছে, বন্দরটিতে ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে।

  • ইরানে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত

ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে বর্বরোচিত হামলা চালানো হয়। প্রথমে সেখানে পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর তথ্য জানা যায়। এরপর এটি বাড়তে বাড়তে ১০৮ জনে পৌঁছেছে। শহরটির গভর্নর এ ঘটনায় আজ রোববার একদিনের শোক ঘোষণা করেছে।

  • সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

সৌদি আরব ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। এই ঘাঁটিতে কয়েক দশক ধরে মার্কিন সেনারা রয়েছে। এর পাশাপাশি ইরাকের আল-হারির বিমানঘাঁটিকেও টার্গেট করা হয়েছে। সেখানেও যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি রয়েছে।

  • যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান

গতকাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় একসঙ্গে অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। যার অন্তত একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। এতে ২০ জন আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

ইরানের দুই সংবাদমাধ্যমের খবর

  • খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েলি গোয়েন্দারা। তাদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ খামেনির মৃত্যুর তথ্য জানিয়েছে। তবে ইরানের দুই সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার এখনো বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি সংবাদমাধ্যমের খবর সম্পূর্ণ বিপরীত।

বললেন ট্রাম্প

  • ইরানে অভিযান দীর্ঘ হতে পারে, আবার দুই-তিনদিনের মধ্যে শেষ হতে পারে

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে। সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।”

রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা

  • খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা।

ইরানিদের বললেন নেতানিয়াহু

  • খামেনি নিহতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বাকি কাজ আপনারা করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরোক্ষ দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এখন সরকার পতনের জন্য সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বক্তব্যে বলেছেন, অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেগুলো নির্দেশ করছে খামেনি আর নেই। খামেনির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ডের কমান্ডার এবং জ্যেষ্ঠ পরমাণু কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এখন রাস্তায় নেমে আসুন এবং চূড়ান্ত কাজ (সরকার পতন) সম্পন্ন করুন।

  • ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল শনিবার মিসাইল ছুড়েছে ইরান। এ হামলার তথ্য নিশ্চিত করে দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো লক্ষ্য করে ইরানের চালানো কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। অবশ্য এই হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।” দেশটি আরও বলেছে, "এই অযৌক্তিক আগ্রাসনের মুখে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে—নিজেদের নিরাপত্তা রক্ষা এবং ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি এই হামলার পাল্টা জবাব দেওয়ার পথও খোলা রাখা হয়েছে।"

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলায় ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথমদিনেই ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রেডক্রস। তারা বলেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

কাতারে ইফতার পার্টিসহ সব বন্ধ

  • হামলার শঙ্কায় সব মসজিদে তারাবির নামাব বন্ধ করে দিলো কুয়েত

ইরানের হামলার শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে কুয়েত। পবিত্র রমজানে পুরো এক মাস রোজাদাররা তারাবির নামাজ পড়ে থাকেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে একসঙ্গে বড় ধরনের হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে। এরমধ্যে কুয়েতেও হামলা হয়েছে। দেশটির প্রধান বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে ড্রোন। এতে অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যারমধ্যে সামরিক বাহিনীর সদস্যরাও আছেন।

• সিরিয়ায় বিস্ফোরণে নিহত ৫

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদাতে একটি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সুয়েদার ওই ক্ষেপণাস্ত্রে কারাখানায় বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। এর আগে প্রাথমিক প্রতিবেদনে সুয়েদায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছিল।

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ‌‌‘‘সুয়েদা শহরে ন্যাশনাল গার্ডের একটি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গুদামে বিস্ফোরণ ঘটেছে। দেশটির দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত বাহিনী ন্যাশনাল গার্ড। যারা বর্তমানে সুয়েদা অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ওই বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

• হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে ‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’

হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

তেল রপ্তানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এখান দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।

• আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‌‌আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি। কিন্তু এটি খুব বড় কোনও সমস্যা নয়। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অন্তত তিনটি সূত্রের বরাত দিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার প্রাণহানির তথ্য জানিয়েছে।আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রয়টার্স বলছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই তিন সূত্র বলেছে, হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারিয়েছেন।

  • বেঁচে আছেন খামেনি, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর আগে খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল। তারা অজ্ঞাত এক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন। এমন খবরের ব্যাপারে জিজ্ঞেস করলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, “আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।” তবে হামলায় তাদের দুজন কমান্ডার নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন। আর বাকি সবাই বেঁচে আছেন। তিনি বলেছেন, “উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।”

  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রয়টার্সকে সূত্রগুলো বলেছেন, হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারান।

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি। এরআগে চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছিল, তাদের সত্রের খবর অনুযায়ী খামেনি হামলায় অন্তত আহত হয়েছেন। এখন তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর কথা বলছে।

• বাহরাইনে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

বাহরাইনের রাজধানী মানায় মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে তেহরানের ব্যাপক পাল্টা হামলা শুরু করার পর ওই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনে নিযুক্ত মার্কিন দূতাবাস বলেছে, বাহরাইনের বিরুদ্ধে চলমান ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আগামীকাল (রোববার) বাহরাইনে মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।বাহরাইনে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

বিবৃতিতে বলা হয়, রোববারের জন্য নির্ধারিত সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। দূতাবাস স্বাভাবিক কার্যক্রমে ফিরলে তা জানিয়ে দেওয়া হবে।

  • চূড়ান্ত বিজয় নিকটে, বললেন ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার পর এ নিয়ে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি বলেছেন ইরানে তাদের চূড়ান্ত বিজয় এখন নিকটে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা বলেছেন, “আমার প্রিয় জনগণ, সামনে ভালো মুহূর্ত রয়েছে। ইরানের সাহসী মানুষকে সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি অবশেষে এসেছে। এটি (হামলা) একটি মানবিক হস্তক্ষেপ। আর এটি লক্ষ্য হলো ইসলামিক প্রজাতন্ত্র ও তার অত্যাচারী ও রক্তপিপাসু বাহিনীকে রুখে দেওয়া। এই হামলার লক্ষ্য ইরানের সাধারণ মানুষকে ক্ষতি করা নয়।” “যদিও যুক্তরাষ্ট্রের সহায়তা এসেছে, কিন্তু চূড়ান্ত বিজয় নির্ধারিত হবে আমাদের দ্বারা। আমরা ইরানিদের এটির শেষ করতে হবে। রাজপথে নেমে আসার সময় এসেছে।”

  • হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায়। এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।

• মধ্যপ্রাচ্যে ইরানের হামলার নিন্দা জানালো সৌদি

বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার মধ্যপ্রাচ্যের এসব দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার ওই নিন্দা জানিয়েছে রিয়াদ।

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানের হামলার কঠোর নিন্দা জানায় সৌদি আরব। ইরানের হামলায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরব।

এই হামলার ‘ভয়াবহ পরিণতি’ সম্পর্কে তেহরানকে সতর্ক সতর্ক করে দিয়েছে রিয়াদ। এদিকে, সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি হামলার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতি ভূখণ্ডে ইরানের হামলা আকাশসীমা এবং আন্তর্জাতিক আইনের ‘‘ভয়াবহ লঙ্ঘন’’। এই হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার কুয়েতের রয়েছে।

  • বাসিন্দাদের রাজধানী তেহরান ছাড়তে বলল ইরান

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জেরে ইরানে ব্যাপক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের রাজধানী তেহরানে বারবার হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা কাউন্সিল তেহরানের বাসিন্দাদের রাজধানী ছাড়তে বলেছে। এক বিবৃতিতে নিরাপত্তা কাউন্সিল বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে, সম্ভব হলে, আপনারা যতটা সম্ভব শান্ত থেকে অন্যান্য শহর বা স্থানে চলে যান।”

  • ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। টানা কয়েক দফা হামলার পর বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আবারও মিসাইল ছোড়ে ইরানি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান কিছুক্ষণ আগে আরেক দফা মিসাইল ছুড়েছে। এসব মিসাইল প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

• শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তু ‌‌‘‘ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত’’ হেনেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ‘‘শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।’’

dhakapost

বিবৃতিতে বলা হয়েছে, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

  • ইরানের হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি আমিরাতের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল ছুড়েছে ইরান। এ হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বলেছে, ইরান তাদের দেশের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার জবাবে পাল্টা হামলা চালানো হবে।

  • ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। শনিবার সকালে ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় হামলার পর, ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় কয়েক দফায় মিসাইল ছোড়ে তারা। এখন নতুন করে আবারও মিসাইল ছুড়েছে তেহরান। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সেখানে সরাসরি ইরানি মিসাইল আঘাত হেনেছে কি না সেটি স্পষ্ট নয়।

• মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের হামলা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে।

ফারস নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।

আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।

  • সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। এরমধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপির করসপনডেন্ট জানিয়েছেন, রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছে তিনি। এছাড়া আরও ছোট ছোট বিস্ফোরণের শব্দও তার কানে এসেছে।

  • ইরানের মিসাইল হামলায় আবুধাবিতে একজন নিহত

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। তাদের এ মিসাইল হামলায় আমিরাতের আবুধাবিতে একজন নিহত হয়েছেন। দেশটি এক বিবৃতিতে বলেছে, তাদের এখানে হামলা চালিয়ে ইরান আন্তর্জাতিক আইন ও তাদের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। যেটির উপযুক্ত জবাব দেওয়া হবে।

  • আবুধাবির পর দুবাইয়ে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিকট বিস্ফোরণের পর দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ইরানের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা অবকাঠামো আছে সেগুলোতে হামলা শুরু করে তারা। এর অংশ হিসেবে আমিরাত, কাতার, বাহরাইনে হামলা হয়েছে

• পাল্টা হামলায় আগ্রাসীরা অনুতপ্ত হতে বাধ্য হবে : ইরান

ইসরায়েলের হামলা ‘‘দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বকে লক্ষ্য করে’’ চালানো হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবারের এই হামলায় ইরানের প্রতিরক্ষা অবকাঠামো এবং বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করেছে শত্রুরা। ইরানের সার্বভৌমত্ব লক্ষ্য করে চালানো এই হামলার ঘটনায় তেহরানের পাল্টা জবাবে শত্রুরা অনুত্প্ত হবে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পুনরায় সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুষ্পষ্ট লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে এবং জোর দিয়ে বলছে, এর জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে।

• বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে আঘাত হানল ইরানি মিসাইল

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর নৌঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সেখানে দেশটির ছোড়া মিসাইল সরাসরি আঘাত হেনেছে। সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাহরাইনের রাজধানী মানামার জুফফাইর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। সেখান মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর অবস্থিত।

• কাতার ও বাহরাইনে মিসাইল ছুড়ল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এছাড়া কাতার ও বাহরাইনেও মিসাইল ছুড়েছে দেশটি। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) জানিয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে।

কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি। যা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড়। অপরদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের তথ্য জানালেও; সেটি কিসের শব্দ সেটি স্পষ্ট করেনি।